img

আহত হাতির পেছনে আগুন দেওয়ার চেষ্টা, লোকালয়ে আতঙ্ক ছড়ালেও বন বিভাগের কার্যকর উপস্থিতি কোথায়?

প্রকাশিত :  ১৭:০১, ২৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৭:৫৯, ২৮ নভেম্বর ২০২৬

আহত হাতির পেছনে আগুন দেওয়ার চেষ্টা, লোকালয়ে আতঙ্ক ছড়ালেও বন বিভাগের কার্যকর উপস্থিতি কোথায়?

সংগ্রাম দত্ত : কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া এলাকায় আটটি গুলির ক্ষত নিয়ে বেঁচে থাকা অসুস্থ বন্য হাতিটি আবারও লোকালয়ে প্রবেশ করেছে। হাতিটির চলাচলকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হলেও, তাকে তাড়ানোর নামে যে নিষ্ঠুর আচরণের ভিডিও সামনে এসেছে, তা সত্যিই উদ্বেগজনক ও নিন্দনীয়।

ভিডিওতে দেখা যাচ্ছে, হাতিটিকে তাড়ানোর চেষ্টা করা হচ্ছে, তার পেছনের অংশে আগুন দেওয়ার চেষ্টা চলছে। একটি গুরুতর আহত, অসুস্থ ও দুর্বল প্রাণীর সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মানুষের নিরাপত্তা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আতঙ্কের মুহূর্তেও মানবিকতা ও দায়িত্ববোধ হারিয়ে ফেলা উচিত নয়।

প্রশ্ন হচ্ছে, হাতিটি লোকালয়ে প্রবেশ করার পর তাকে নিরাপদে সরিয়ে নিতে বন বিভাগের কার্যকর তৎপরতা কোথায়? আহত হাতিটির চিকিৎসার পর তার গতিবিধি পর্যবেক্ষণ, নিরাপত্তা এবং পুনরায় লোকালয়ে প্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা কি নেওয়া হয়েছিল?

বন সংকুচিত হচ্ছে, হাতির বিচরণপথ বাধাগ্রস্ত হচ্ছে, খাদ্য ও আশ্রয়ের সংকট বাড়ছে। মানুষ ও বন্যপ্রাণীর সংঘাতের এই বাস্তবতায় শুধু প্রাণীটিকে তাড়িয়ে দেওয়া কিংবা তার ওপর নির্যাতন চালানো কোনো সমাধান নয়।

মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, একই সঙ্গে বন্যপ্রাণীর সুরক্ষাও নিশ্চিত করতে হবে। এই দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। বন বিভাগকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে, স্থানীয় মানুষকে নিরাপদ রাখতে হবে এবং আহত হাতিটিকে আরও নির্যাতন ও বিপদের হাত থেকে রক্ষা করতে হবে।

একটি আহত প্রাণীর ওপর আগুন দেওয়ার চেষ্টা আমাদের শুধু ক্ষোভ নয়, বিবেকের প্রশ্নও জাগিয়ে তোলে। বন হারিয়ে বন্যপ্রাণী যখন লোকালয়ে আসে, তখন তাদের প্রতি নিষ্ঠুরতা নয়, প্রয়োজন দায়িত্বশীল ব্যবস্থাপনা, সহমর্মিতা ও কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ।

বন বাঁচুক, বন্যপ্রাণী বাঁচুক, মানুষও নিরাপদ থাকুক।

বাংলাদেশ এর আরও খবর

img

কারাফটকে শেষবারের মতো ছেলের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী

প্রকাশিত :  ০৮:৪৯, ২৮ নভেম্বর ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাবন্দি শারমিন সুলতানা শর্মী কারাফটকে শেষবারের মতো সন্তানকে ছুঁয়ে দেখলেন । শনিবার দুপুর ১২টার দিকে ছেলে নিস্বর্গ হোসেন তূর্যের মরদেহ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে নেওয়া হলে সেখানে ছেলেকে শেষবারের মতো দেখেন তিনি।

গতকাল শুক্রবার রাত ১১টার দিকে মারা যায় ১৫ বছর বয়সী তূর্য। সে বিশেষ চাহিদাসম্পন্ন ছিল। 

শারমিন সুলতানার স্বামী শাহাদাৎ হোসেন নিপু জানান, কারাফটকে শারমিন সুলতানা তূর্যকে দেখেছেন। দুপুর ১২টার দিকে তাদের দেখা হয়েছে।

এখন তারা কাশিমপুর থেকে ফিরে যাচ্ছেন।

এ বিষয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম বলেন, ‘তাদের (শারমিন সুলতানা ও শাহাদাৎ হোসেন) সন্তান মারা গেছে। বাচ্চাটি প্রতিবন্ধী ছিল। মৃত সন্তানের মরদেহ শেষবারের মতো দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করা হয়েছে।

বিধি মোতাবেক নিরাপত্তা নিশ্চিত করে দুই মিনিটের মতো কারাফটকে মুখ দেখানোর ব্যবস্থা করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে মানবিক বিবেচনায় শেষবারের মতো বাচ্চাকে দেখানোর ব্যবস্থা করা হয়েছে।’

এদিকে সামাজিক মাধ্যম ফেসবুকে শারমিন সুলতানার আগে দেওয়া বক্তব্যের একটি ভিডিও ছড়িয়েছে। সেখানে তাকে সন্তানের অসুস্থতার কথা বলতে ও মুক্তির আকুতি জানাতে শোনা যায়। 

ভিডিওতে তিনি বলেন, ‘আমার বাচ্চাটা অসুস্থ।

প্রতিবন্ধী বাচ্চা আমার। সারা রাত ওকে ওষুধ দিতে হয়। মা-বাবা ছাড়া দেখার কেউ নেই। আমাকে বাসা থেকে মব করে তুলে আনা হয়েছে। আমি অপরাধী হলে বাসায় থাকতাম না।’ ভিডিওতে শারমিন সুলতানাকে আরো কয়েকটি খণ্ডিত বক্তব্য দিতে শোনা যায়।

অন্যদিকে মারা যাওয়া সন্তানের আগে দেওয়া বক্তব্যের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমার মা পুরোপুরি নিরপরাধ। সংবিধান বলে কিছু থেকে থাকে, তাহলে আমার মায়ের মুক্তি চাই।’

এর আগে গত ৬ অক্টোবর কারাগারে থাকা মায়ের অনুপস্থিতিতে অসুস্থ ও প্রতিবন্ধী তূর্যের অসহায়ত্ব, ওষুধপত্রের সংকট এবং বাকি থাকা আরেকটি অপারেশন নিয়ে চরম দুশ্চিন্তার চিত্র তুলে ধরে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ায় প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ওই প্রতিবেদনে ছোট বোন তূর্নির ওপর অসুস্থ বড় ভাইয়ের দেখভালের গুরুদায়িত্ব এসে পড়ার বিষয়টিও সামনে আসে।

পারিবারিক তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে তূর্য তার খালার কাছে থাকত।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে গত ৩ অক্টোবর গভীর রাতে লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে শারমিন সুলতানাকে আটক করে পুলিশ। পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আটকের আগে নিজ বাসায় কয়েক দিন ধরে ‘মব’ ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছিলেন তিনি ও তার আইনজীবী। শারমিন সুলতানা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুব মহিলা লীগের সাবেক নেত্রী হওয়ায় পারিবারিক বিরোধের সূত্র ধরে তৈরি হওয়া পরিস্থিতি দ্রুত রাজনৈতিক মারপ্যাঁচে রূপ নেয় বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের সময় অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের দায়িত্বের কথা জানিয়ে শারমিন সুলতানার কান্নাজড়িত আকুতি এবং শেষ পর্যন্ত মায়ের সান্নিধ্য ছাড়াই সন্তানের মৃত্যুর ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আইনি প্রক্রিয়ার পাশাপাশি মানবিক বিবেচনার জায়গা নিয়েও নানা প্রশ্ন তুলছেন অনেকে।

বাংলাদেশ এর আরও খবর