img

যেসব জায়গায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে আজ

প্রকাশিত :  ০৫:৩১, ২৩ মার্চ ২০২৫

যেসব জায়গায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে আজ

নতুন করে বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ৩ দিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম।

আজ রোববার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। 

পরদিন সোমবার (২৪ মার্চ) একই সময় পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় ঝরতে পারে স্বস্তির বৃষ্টি।

এছাড়া আগামী মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এরমধ্যে প্রথম দুই দিন সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে মঙ্গলবার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বোচ্চ ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে চুয়াডাঙ্গায় ৪ ও যশোরে ২ মিলিমিটার ছাড়াও ঢাকা, টাঙ্গাইল, ঈশ্বরদী, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, শ্রীমঙ্গল, মোংলা, সাতক্ষীরা, কয়রা ও বরিশালে সামান্য থেকে ১ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ক্রমেই বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


img

লালমনিরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের

প্রকাশিত :  ০৫:১৭, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ আপডেট: ০৫:২৫, ১৭ মার্চ ২০২৬

লালমনিরহাটের পাটগ্রামে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় শিশুসহ মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহতের খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শরিফুল ইসলামের (৩৫) বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। ঈদের ছুটিতে মোটরসাইকেল যোগে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। আহত একজনকে রংপুর মেডিকেলে নেওয়া হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকরি করেন শরিফুল ইসলাম। মঙ্গলবার সকালে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে রওনা দেন। পাটগ্রামের মির্জারকোট এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত জানা যায়নি।

পাটগ্রাম থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


বাংলাদেশ এর আরও খবর