img

ব্রাজিলকে গোলবন্যায় ভাসিয়ে বিশ্বকাপে আর্জেন্টিনা

প্রকাশিত :  ০৫:৪২, ২৬ মার্চ ২০২৫

ব্রাজিলকে গোলবন্যায় ভাসিয়ে বিশ্বকাপে আর্জেন্টিনা

আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। ৪-১ গোলে ব্রাজিলকে বিধ্বস্ত করে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা থেকে প্রথম এবং বিশ্বে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপে গেল লিওনেল মেসির দেশ।

যদিও ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট পেয়ে যায় আর্জেন্টিনা। রাত ২টায় শুরু হওয়া বাছাইপর্বের অন্য ম্যাচে উরুগুয়েকে বলিভিয়া হারাতে না পারায় দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত হয়ে যায় আলবিসেলেস্তেদের। 

সুখবর শোনার পর চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামে লিওনেল স্কালোনির দল। আর ম্যাচে ব্রাজিলকে বড় ব্যবধানে হারিয়ে ‘সুখবর’ উদ্‌যাপন করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বুয়েনস এইরেসের মনুমেন্তালে বাংলাদেশ সময় বুধবার সকালের ম্যাচে ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। 

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে কয়েক বছরের জয় খরা কাটানোর যে প্রত্যাশা নিয়ে আর্জেন্টিনা সফরে যায় ব্রাজিল। ম্যাচের আগে আর্জেন্টিনাকে তাদের মাঠে হারানোর হুঙ্কারও দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। কিন্তু হুঙ্কার সেই পর্যন্তই।

উল্টো ম্যাচের চতুর্থ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে ব্রাজিল। হুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যাওয়া আর্জেন্টিনাকে, ১২ মিনিটে ২-০ গোলের লিড এনে দেন এনজো ফার্নান্দেজ। দুই গোল ব্যবধানে পিছিয়ে থাকা ব্রাজিল ২৬ মিনিটে আর্জেন্টিনা রক্ষণের ভুলে ব্যবধান কমায়। ম্যাথিয়ুস কুনহার গোলে ম্যাচে ফেরার আভাস দিলেও ৩৭ মিনিটে লিভারপুলের অভিজ্ঞ মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে ব্যবধান ৩-১ করে নেয় আর্জেন্টিনা। এই ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুই দল। 

বিরতির পর তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে ব্রাজিল। কিন্তু তাতেও খেলার খুব আহামরি পরিবর্তন হয়নি। রাফিনিয়া চেষ্টা করেছেন। কিন্তু জালের দেখা পাননি।

আর্জেন্টিনার ফরোয়ার্ডদের সামনে ব্রাজিলের রক্ষণভাগকে দেখা যায় দিকহারা। ৭১ মিনিটে তালিয়াফিকোর ক্রস বেশ কঠিন কোণ থেকে নেওয়া শটে গোল করেন আলমাদার বদলি নামা জুলিয়ানো সিমিওনে। 

শেষ পর্যন্ত আর কোনো দলই বল জালে না জড়ালে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ২০১২ সালে লিওনেল মেসির হ্যাটট্রিক করা সেই ম্যাচের পর এবারই প্রথম আলবিসেলেস্তেদের কাছে ৪ গোল হজম করল ব্রাজিল।

এই জয়ে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে গেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। আর সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে আছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিনরা।

img

বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে ফুটবলকে বিদায় জাপান অধিনায়কের

প্রকাশিত :  ০৬:৪৭, ১২ জুন ২০২৬

বিশ্বকাপ যাত্রা শুরুর মাত্র তিন দিন আগে বড় ধাক্কা খেল জাপান। দলের অধিনায়ক ওয়াতারু এন্দো চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবল থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার পায়ের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি। ফলে তাকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া হয়েছে। তার পরিবর্তে জাপানের দলে সুযোগ পেয়েছেন বরুসিয়া মনশেনগ্লাডবাখের ফরোয়ার্ড শুতো মাচিনো।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এন্দো বলেন, ‘আমি খেলতে না পারায় অবশ্যই হতাশ। তবে আমি বিশ্বাস করি, ভবিষ্যতে এমন এক সময় আসবেই যখন জাপান বিশ্বকাপ জিতবে। তাই আসুন, আমরা সেই বিশ্বাস ধরে রাখি এবং দলকে সমর্থন করি।’

তিনি আরও বলেন, ‘উত্তর আমেরিকায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টেই যেন সেই মুহূর্ত আসে, সে জন্য জাপানের শক্তিকে একত্রিত করি।’

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে এন্দো লিখেছেন, ‘আমি জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমি আরেকজন সাধারণ সমর্থক হিসেবে জাপানকে সমর্থন করব।’

গত ফেব্রুয়ারিতে লিভারপুলের হয়ে সান্ডারল্যান্ডের বিপক্ষে খেলতে গিয়ে পায়ে গুরুতর চোট পান এন্দো। ওই চোটে তার মৌসুম শেষ হয়ে যায়। পরে গত ৩১ মে টোকিওতে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে তিনি জাতীয় দলে ফেরেন। সেই ম্যাচে জাপান ১-০ গোলে জেতে।

তবে ওই ম্যাচে বিরতির পর আর মাঠে নামেননি তিনি। এরপর মেক্সিকোতে জাপানের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পেও অস্বস্তি অনুভব করেন। পূর্ণাঙ্গ অনুশীলনেও অংশ নিতে পারেননি।

সোমবার জাপান দলের বিশ্বকাপ ঘাঁটি ন্যাশভিলে পৌঁছানোর পর অনুশীলনে যোগ দিলেও নির্ধারিত সময়ের মধ্যে পুরো ফিট হতে পারেননি এন্দো।

এ বিষয়ে তিনি বলেন, ‘চোট পাওয়ার পর থেকে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। তাই আমার কোনো আক্ষেপ নেই। অবশ্যই আমি হতাশ যে এই বিশ্বকাপে খেলতে পারছি না।’

‘তবে তার চেয়েও বেশি গর্বের বিষয় হলো, কাতার বিশ্বকাপের পর থেকে আমি এই দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি এবং দলকে এমন জায়গায় নিয়ে যেতে পেরেছি, যেখানে বিশ্বকাপ জেতার লক্ষ্যকে স্বাভাবিকভাবে বলা যায়।’

২০১৫ সালে জাপানের হয়ে অভিষেক হয়েছিল এন্দোর। জাতীয় দলের জার্সিতে তিনি ৭৩টি ম্যাচ খেলেছেন এবং চারটি গোল করেছেন। তিনি ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে জাপানের হয়ে খেলেছেন। কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনের বিপক্ষে জাপানের স্মরণীয় জয়ের ম্যাচেও মাঠে ছিলেন এই অভিজ্ঞ ফুটবলার।

আসন্ন বিশ্বকাপে গ্রুপ ‘এফ’-এ জাপানের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, তিউনিসিয়া ও সুইডেন।