img

এক সিনেমায় সাত চরিত্রে ইধিকা

প্রকাশিত :  ০৬:৫৫, ০২ জুন ২০২৫
সর্বশেষ আপডেট: ০৭:৫২, ০২ জুন ২০২৫

এক সিনেমায় সাত চরিত্রে ইধিকা

এ মুহূর্তে টালিউডের ব্যস্ত নায়িকাদের একজন অভিনেত্রী ইধিকা পাল। এবার তার নতুন সিনেমা 'বহুরূপ'-এর পোস্টার প্রকাশ্যে এসেছে। যেখানে নজর কেড়েছে অভিনেত্রীর লুক। অবাক করা বিষয় হলো— এই সিনেমায় সাত রঙে নিজেকে সাজিয়েছেন তিনি। সাতটি রূপে সাতটি ভিন্ন চরিত্রে দর্শক দেখতে পাবেন ইধিকাকে। সিনেমায় নায়িকার বিপরীতে থাকছেন অভিনেতা সোহম চক্রবর্তী।

ছোটপর্দায় কাজ দিয়ে ক্যারিয়ার শুরু করেন অভিনেত্রী ইধিকা পাল। কয়েকটি ধারাবাহিকের পরেই নজরে আসে সিনেমার নির্মাতাদের। সোজাসুজি কাজ করার সুযোগ পান বড়পর্দায়। শুধু তাই নয়, সে কাজও করেছেন যেনতেন নায়কের সঙ্গে নয়; একেবারে সুপারস্টারের সঙ্গে। এখন পর্যন্ত প্রতিটা সিনেমাই তার ব্যবসাসফল হয়েছে।

এদিকে দুই বাংলাতেই সমান জনপ্রিয় অভিনেত্রী। বিশেষ করে ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে বেশ কয়েকটি সিনেমা করার পর বাংলাদেশে তার জনপ্রিয়তাও তুঙ্গে। সম্প্রতি ঢালিউডে মুক্তি পাওয়া হিট সিনেমা ‘বরবাদ’-এ  শাকিব খানের সঙ্গে পর্দা শেয়ার করে দর্শকদের মন জয় করেছেন ইধিকা।

এবার তার নতুন সিনেমা 'বহুরূপ'-এর পোস্টার প্রকাশ পেয়েছে। এ সম্পর্কে ইধিকা পাল বলেন, এই সিনেমা আমার কাছে অন্যরকম। আমি এ রকম কাজ এর আগে কখনো করিনি। আমি সবসময় চাই এমন চরিত্রে অভিনয় করতে, যাতে দর্শকদের আগ্রহ বেশি থাকে। 

অভিনেত্রী বলেন, আমি প্রথম থেকেই ভাবছিলাম— কীভাবে চরিত্রটা তুলে ধরব। তাই এটা আমার কাছে যতটাই আগ্রহের ছিল, ততটাই চ্যালেঞ্জিং ছিল। তিনি বলেন, আমি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি এ কাজটি করতে গিয়ে। সোহমদার মতো অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, এটি আমার সৌভাগ্য। 

ইধিকা বলেন, তার কাছ থেকেও শিখেছি অনেক। এ সিনেমার পরিচালকও নতুন, কিন্তু তা তার কাজে প্রকাশ পায়নি। বরং অভিজ্ঞ মনে হয় কাজের প্রতি তার নিষ্ঠা দেখে। আমরা সবাই কাজটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম। এক্সপেরিমেন্টাল কাজ করেছি সিনেমার পুরো টিম। বাকিটা এবার দর্শক বলবে।

img

ইরানে হামলার ভিডিওতে নিজের গানে ক্ষুব্ধ কেটি পেরি, বললেন—‘আমি এর অনুমতি দিইনি’

প্রকাশিত :  ০৮:১১, ২৭ জুলাই ২০২৬

ইরানের ওপর সামরিক হামলার দৃশ্য সংবলিত একটি ভিডিওতে অনুমতি ছাড়া নিজের জনপ্রিয় গান ‘ফায়ারওয়ার্ক’ ব্যবহার করায় ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন মার্কিন পপ তারকা কেটি পেরি। অনুমতি ছাড়াই গানটি ব্যবহারের ঘটনায় তিনি প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেরি লিখেন, ‘আমি ভীষণ ক্ষুব্ধ ও মর্মাহত... আমি এর অনুমতি দিইনি, আমার কাছে জানতেও চাওয়া হয়নি এবং আমি কোনোভাবেই এটিকে সমর্থন করি না।’ 

তিনি আরও বলেন, ‘আত্মমর্যাদা ও অনুপ্রেরণার একটি বার্তাকে ধ্বংস ও সহিংসতার কাজে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেখাটা আমার গানের মূল চেতনার সম্পূর্ণ পরিপন্থি।’

হোয়াইট হাউসের টিকটক অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওটিতে সামরিক হামলার দৃশ্যের নেপথ্যে পেরির ওই গানটি বাজানো হয়। সঙ্গে ক্যাপশনে লেখা ছিল, ‘ইরানকে সতর্ক করা হলো’। 

উল্লেখ্য, বিলবোর্ড হট ১০০-এর তালিকায় শীর্ষে থাকা গায়িকার ৯টি গানের মধ্যে এটি অন্যতম।

২০২৩ সালে কার্লাইল গ্রুপ ইনকরপোরেটেড-সমর্থিত লিটমাস মিউজিকে নিজের সবচেয়ে সফল পাঁচটি অ্যালবামের মাস্টার রেকর্ডিং ও প্রকাশনাস্বত্ব বিক্রি করে দেন পেরি। এর মধ্যে ‘টিনেজ ড্রিম’ অ্যালবামটিও ছিল, যার অন্যতম একটি গান হলো ‘ফায়ারওয়ার্ক’। বিলবোর্ডের তৎকালীন প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তির অর্থমূল্য ছিল ২২ কোটি ৫০ লাখ ডলার।

এই মার্কিন তারকা সবসময়ই ডেমোক্রেটিক দলের প্রতি নিজের সমর্থনের কথা খোলাখুলি প্রকাশ করে এসেছেন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটন, ২০২০ সালে জো বাইডেন এবং ২০২৪ সালে কমলা হ্যারিসকে সমর্থন দিয়েছিলেন তিনি। ব্যক্তিগত জীবনে বর্তমানে তিনি কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে প্রেম করছেন বলে জানা গেছে।

বিভিন্ন সরকারি দপ্তরের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অনুমতি ছাড়াই নিজেদের শিল্পকর্ম বা সংগীত ব্যবহার করার অভিযোগে ট্রাম্প প্রশাসনের সমালোচনা করা শিল্পীদের দীর্ঘ তালিকায় সর্বশেষ যুক্ত হলেন কেটি পেরি। নিজেদের আদর্শের সঙ্গে মেলে না, এমন কাজে অনুমতি ছাড়া গান বা শিল্পকর্ম ব্যবহারের প্রতিবাদ এর আগে করেছিলেন অলিভিয়া রদ্রিগো, সাবরিনা কারপেন্টার এবং জনপ্রিয় শিশুতোষ বইয়ের সিরিজ ‘ফ্র্যাঙ্কলিন দ্য টার্টল’-এর প্রকাশক কিডস ক্যান প্রেস।

এর বাইরেও ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন রাজনৈতিক সমাবেশে নিজেদের গান বাজানোর তীব্র প্রতিবাদ করেছিলেন ব্রুস স্প্রিংস্টিন, নিল ইয়াং, অ্যাডেল এবং রিহানার মতো বিশ্বখ্যাত শিল্পীরা।

সূত্র: এনডিটিভি