img

'এআই দিয়ে তৈরি ভিডিও বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে'

প্রকাশিত :  ১৫:১৪, ২৯ জুলাই ২০২৫

'এআই দিয়ে তৈরি ভিডিও বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে'

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে নানা ধরনের মনগড়া ছবি ও ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের কারণে বিড়ম্বনায় পড়ছেন শোবিজ তারকারা। বিশেষ করে দেশের নারীশিল্পীদের ক্ষেত্রে এটি বেশি লক্ষ্য করা গেছে। বিগত বছরখানেক ধরে বিষয়টি মহামারি আকার ধারণ করেছে।

এবার এ এআই দিয়ে ছবি নির্মাণের বিষয়ে সরব হলেন মডেল ও অভিনেত্রী সাদিয়া আয়মান। এক ফেসবুক স্ট্যাটাস অভিনেত্রী এআই দিয়ে তৈরি করা ছবি-ভিডিও সম্পর্কে ভক্তদের সচেতন করেছেন। সেইসঙ্গে যারা এসব কাজ করছেন তাদেরকেও সতর্ক করেছেন তিনি।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সাদিয়া ফেসবুকে লিখেছেন, ‘কিছু কিছু পেজ আছে, যারা সেলিব্রিটিদের এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) দিয়ে এডিট করা ছবি বানায়। আমার মনে হয়, ওরা আমার ছবি বানিয়ে ছড়াতে আরও বেশি মজা পায়। হ্যাঁ, তারা সম্ভবত এটা থেকে আয় করে। এটাই তাদের রুটি-রুজি হতে পারে। কিন্তু এতে ওদের নিচু মানসিকতার আর সস্তা মনভাবটাই বেশি ফুটে ওঠে।’

আক্ষেপ করে অভিনেত্রী বলেন, ‘কিন্তু যেটা সবচেয়ে আশ্চর্যের, ২০২৫ সালেও মানুষ কীভাবে এখনো ‘এআই’ চিনতে পারে না বা বোঝে না! তারা ওই ভুয়া ছবি বা ভিডিওতে গিয়ে আসল ভেবে মন্তব্য করে!’

সাদিয়া আরও লিখেছেন, ‘আরে ভাই-বোনেরা, এখন তো সময় হয়েছে একটু সচেতন হওয়ার! এসব ‘এআই এডিটেড ছবি ও ভিডিও’-কে সত্যি ভেবে বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে!’

সবশেষে অভিনেত্রীর অনুরোধ, ‘আমার দর্শক ও অনুসারীদের প্রতি ছোট্ট একটা অনুরোধ- যদি কখনো এমন কোনো ছবি বা ভিডিও চোখে পড়ে, তাহলে পোস্ট এবং পেইজটা রিপোর্ট করুন এবং সরাসরি ব্লক করে দিন। আমি অবশ্যই এই বিষয়টি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের হাতে তুলে দেব। এরপর ওনারাই বিষয়টা সামলাবেন।’

img

ইরানে হামলার ভিডিওতে নিজের গানে ক্ষুব্ধ কেটি পেরি, বললেন—‘আমি এর অনুমতি দিইনি’

প্রকাশিত :  ০৮:১১, ২৭ জুলাই ২০২৬

ইরানের ওপর সামরিক হামলার দৃশ্য সংবলিত একটি ভিডিওতে অনুমতি ছাড়া নিজের জনপ্রিয় গান ‘ফায়ারওয়ার্ক’ ব্যবহার করায় ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন মার্কিন পপ তারকা কেটি পেরি। অনুমতি ছাড়াই গানটি ব্যবহারের ঘটনায় তিনি প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেরি লিখেন, ‘আমি ভীষণ ক্ষুব্ধ ও মর্মাহত... আমি এর অনুমতি দিইনি, আমার কাছে জানতেও চাওয়া হয়নি এবং আমি কোনোভাবেই এটিকে সমর্থন করি না।’ 

তিনি আরও বলেন, ‘আত্মমর্যাদা ও অনুপ্রেরণার একটি বার্তাকে ধ্বংস ও সহিংসতার কাজে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেখাটা আমার গানের মূল চেতনার সম্পূর্ণ পরিপন্থি।’

হোয়াইট হাউসের টিকটক অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওটিতে সামরিক হামলার দৃশ্যের নেপথ্যে পেরির ওই গানটি বাজানো হয়। সঙ্গে ক্যাপশনে লেখা ছিল, ‘ইরানকে সতর্ক করা হলো’। 

উল্লেখ্য, বিলবোর্ড হট ১০০-এর তালিকায় শীর্ষে থাকা গায়িকার ৯টি গানের মধ্যে এটি অন্যতম।

২০২৩ সালে কার্লাইল গ্রুপ ইনকরপোরেটেড-সমর্থিত লিটমাস মিউজিকে নিজের সবচেয়ে সফল পাঁচটি অ্যালবামের মাস্টার রেকর্ডিং ও প্রকাশনাস্বত্ব বিক্রি করে দেন পেরি। এর মধ্যে ‘টিনেজ ড্রিম’ অ্যালবামটিও ছিল, যার অন্যতম একটি গান হলো ‘ফায়ারওয়ার্ক’। বিলবোর্ডের তৎকালীন প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তির অর্থমূল্য ছিল ২২ কোটি ৫০ লাখ ডলার।

এই মার্কিন তারকা সবসময়ই ডেমোক্রেটিক দলের প্রতি নিজের সমর্থনের কথা খোলাখুলি প্রকাশ করে এসেছেন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটন, ২০২০ সালে জো বাইডেন এবং ২০২৪ সালে কমলা হ্যারিসকে সমর্থন দিয়েছিলেন তিনি। ব্যক্তিগত জীবনে বর্তমানে তিনি কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে প্রেম করছেন বলে জানা গেছে।

বিভিন্ন সরকারি দপ্তরের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অনুমতি ছাড়াই নিজেদের শিল্পকর্ম বা সংগীত ব্যবহার করার অভিযোগে ট্রাম্প প্রশাসনের সমালোচনা করা শিল্পীদের দীর্ঘ তালিকায় সর্বশেষ যুক্ত হলেন কেটি পেরি। নিজেদের আদর্শের সঙ্গে মেলে না, এমন কাজে অনুমতি ছাড়া গান বা শিল্পকর্ম ব্যবহারের প্রতিবাদ এর আগে করেছিলেন অলিভিয়া রদ্রিগো, সাবরিনা কারপেন্টার এবং জনপ্রিয় শিশুতোষ বইয়ের সিরিজ ‘ফ্র্যাঙ্কলিন দ্য টার্টল’-এর প্রকাশক কিডস ক্যান প্রেস।

এর বাইরেও ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন রাজনৈতিক সমাবেশে নিজেদের গান বাজানোর তীব্র প্রতিবাদ করেছিলেন ব্রুস স্প্রিংস্টিন, নিল ইয়াং, অ্যাডেল এবং রিহানার মতো বিশ্বখ্যাত শিল্পীরা।

সূত্র: এনডিটিভি