img

হামজার জোড়া গোলেও নেপালের কাছে জয় হাতছাড়া বাংলাদেশের

প্রকাশিত :  ০৬:৩১, ১৪ নভেম্বর ২০২৫

হামজার জোড়া গোলেও নেপালের কাছে জয় হাতছাড়া বাংলাদেশের

লাল-সবুজের প্রতিনিধিরা নেপালের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে জেতা ম্যাচ হাতছাড়া করেছে। নেপালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা।

গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই খাপ ছাড়া ফুটবল খেলতে থাকে দু\'দল। ম্যাচের চতুর্থ মিনিটে প্রথম কর্নার পায় বাংলাদেশ। তবে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া নেওয়া কর্নার কাজে লাগাতে পারেনি।

অন্যদিকে বেশকিছু আক্রমণ করে নেপাল। তবে তা আটকে যায় অ্যাটাকিং থার্ডে। ম্যাচের ২০ মিনিটে আবারও কর্নার পায় বাংলাদেশ। জামাল নেওয়া কর্নার কিক জায়গা ছেড়ে সামনে এসে নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন নেপাল গোলকিপার। তবে সেই সুযোগও কাজে লাগাতে পারেনি বাংলাদেশের কেউ।

ম্যাচের ২৯ মিনিটে গোল হজম করে বাংলাদেশ। নেপাল আচমকাই বল নিয়ে ঢুকে যায় বাংলাদেশের রক্ষণে। কাট ব্যাক থেকে বল পেয়ে নিচু শটে বল জালে জড়িয়েছেন রোহিত চাঁদ।

গোল শোধের লক্ষ্যে ৪৪ মিনিটে ক্রস থেকে পাওয়া বলে হেড নিয়েছিলেন ফাহিম। কিন্তু সেটি সরাসরি চলে যায় গোলকিপারের হাতে। শেষ পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেছে বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৪৬ মিনিটে ডি বক্সের ভেতরে দুর্দান্ত এক বাইসাইকেল গোলে বল জালে জড়ান হামজা। পরে ডি বক্সের ভেতরে রাকিবকে ফাউল করলে পেনাল্টি পায় বাংলাদেশ। সেই স্পট কিক থেকে ঠান্ডা মাথায় বল জালে জড়ান হামজা। এতেই ম্যাচে লিড নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

এরপর ম্যাচে সমতা আনার লক্ষ্যে বেশ কিছু আক্রমণ করে নেপাল। ম্যাচের যোগ করা সময়ে কর্নার থেকে আসা বলে পা ছুঁইয়ে নেপালকে সমতায় ফিরিয়েছেন অনন্ত তামাং। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে দু\'দল।

img

ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ব্যাটিং কোচ আশরাফুল

প্রকাশিত :  ১০:০৮, ০৪ ডিসেম্বর ২০২৫

মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দীর্ঘ মেয়াদে নিয়োগ পেতে যাচ্ছেন। ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত নিয়োগ দেওয়া হতে পারে তাঁকে। আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল আশরাফুলকে। তাঁর কাজের ধরন ভালো লাগায় জাতীয় দলের সঙ্গে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের কাছে আশরাফুলের নিয়োগ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, “সে জাতীয় দলের সঙ্গে ‘ক্যারি’ করবে।”

কয় বছরের জন্য নিয়োগ দেওয়া হবে, তা বলতে রাজি হননি তিনি। জাতীয় দলের একটি সূত্রে জানা গেছে, আশরাফুলের সঙ্গে নাজমুল আবেদীনের কথা হয়েছে চট্টগ্রামে সিরিজ শেষে। সেখানে আশরাফুলের প্রত্যাশা সম্পর্কে জানতে চেয়েছিলেন তিনি। আলোচনা শেষে উভয় পক্ষ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তির ব্যাপারে সম্মত হয়েছেন বলে জানা গেছে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুলের কোচিং ক্যারিয়ার বেশি দিনের না। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সে মিকি আর্থারের সহকারী ছিলেন তিনি। গ্লোবাল টি২০ টুর্নামেন্টে রংপুরের সহকারী কোচ ছিলেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগের পর এ বছর জাতীয় লিগে বরিশালের প্রধান কোচ ছিলেন।

জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও থাকছেন বলে জানান নাজমুল আবেদীন। এদিকে, ৬ ডিসেম্বর থেকে টি২০ এবং ওয়ানডে দলের ব্যাটারদের নিয়ে এক সপ্তাহের ক্যাম্প হবে মিরপুরে। প্রধান কোচ ফিল সিমন্স, সহকারী কোচ সালাউদ্দিন ও ব্যাটিং কোচ আশরাফুল থাকছেন ক্যাম্পে।