img

শ্রীমঙ্গলে রঙিন ক্রীড়া উৎসব, উচ্ছ্বাসে মাতল সেন্ট মার্থাস কিন্ডারগার্টেন

প্রকাশিত :  ১৬:১২, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

শ্রীমঙ্গলে রঙিন ক্রীড়া উৎসব, উচ্ছ্বাসে মাতল সেন্ট মার্থাস কিন্ডারগার্টেন

সংগ্রাম দত্ত: চায়ের সুবাসে ঘেরা পর্যটন নগরী শ্রীমঙ্গলে শিশুদের প্রাণোচ্ছ্বল অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সেন্ট মার্থাস কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণ ভরে ওঠে আনন্দ, রঙ আর উচ্ছ্বাসে—যেখানে খেলাধুলার মধ্য দিয়ে ফুটে ওঠে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের প্রাণবন্ত বার্তা।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর এন ডি এম সিস্টার সঙ্গীতা গমেজকে ক্ষুদে শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে জানায় আন্তরিক শুভেচ্ছা। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় অতিথিদের ব্যাজ ও ফুল দিয়ে সম্মাননা জানানো হলে পরিবেশ আরও গৌরবময় হয়ে ওঠে।

উদ্বোধনী আয়োজনে শিক্ষার্থীদের সুশৃঙ্খল কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর সমবেত ডিসপ্লে উপস্থিত অভিভাবক ও অতিথিদের মুগ্ধ করে। পরে শুরু হয় বহুল প্রতীক্ষিত ক্রীড়া প্রতিযোগিতা—১০০ মিটার দৌড়, ব্যাঙের লাফ, সোয়েটার পরা দৌড়, চকলেট দৌড় ও দৌড়ে বেলুন ফাটানোসহ নানা আনন্দঘন খেলায় মুখরিত হয়ে ওঠে মাঠ। শিশুদের পাশাপাশি অভিভাবকদের জন্য দেশভ্রমণ খেলা এবং শিক্ষক-স্বেচ্ছাসেবকদের চামচে বল নিয়ে দৌড় প্রতিযোগিতা যোগ করে ভিন্ন মাত্রার প্রাণচাঞ্চল্য।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিশুদের অংশগ্রহণে “যেমন খুশি তেমন সাজ” পর্ব, যা রঙিন সাজে দর্শকদের মাঝে ছড়িয়ে দেয় হাসি আর বিস্ময়। শিক্ষক শাওন ইন্দুনয়ারের সাবলীল সঞ্চালনা এবং প্রধান শিক্ষক আর এন ডি এম সিস্টার সুপ্রীতি বিবিয়ানা কস্তার সভাপতিত্বে অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর এন ডি এম সিস্টার নিলু মৃ।

শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ—যা শিশুদের মুখে এনে দেয় গর্ব আর আনন্দের দীপ্ত হাসি।

শ্রীমঙ্গলের এই রঙিন ক্রীড়া আয়োজন আবারও মনে করিয়ে দিল—শিক্ষার পাশাপাশি খেলাধুলাই পারে শিশুদের স্বপ্ন, সাহস ও সম্ভাবনাকে ডানা মেলতে শেখাতে।

সিলেটের খবর এর আরও খবর

img

কারাগার থেকে বার কাউন্সিল নির্বাচনে লড়তে হাইকোর্টে ব্যারিস্টার সুমনের রিট

প্রকাশিত :  ১৩:০৬, ১৫ এপ্রিল ২০২৬

সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক (ব্যারিস্টার সুমন) কারাগারে থাকা অবস্থায় আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ চেয়ে হাইকোর্টে রিট করেছেন।

আজ বুধবার (১৫ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দাখিল করা হয়। রিটে ঢাকা জেলা প্রশাসকের কাছে করা তার আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশনা চেয়ে রুল জারির আর্জিও জানানো হয়েছে। এ বিষয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি হতে পারে।

এর আগে রোববার (১২ এপ্রিল) বার কাউন্সিল নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্রে স্বাক্ষরের অনুমতি চেয়ে ঢাকার জেলা প্রশাসক (ডিসি) বরাবর আবেদন করা হয়। ব্যারিস্টার সুমনের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট লিটন আহমেদ ওই আবেদন দাখিল করেন।

আবেদন সূত্রে জানা যায়, আগামী ১৯ মে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারিত হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ এপ্রিল। যেহেতু ব্যারিস্টার সুমন বর্তমানে কারাবন্দি, তাই জেল কোড অনুযায়ী তার স্বাক্ষর গ্রহণে জেলা প্রশাসকের অনুমতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি জরুরি হয়ে পড়েছে।

এ বিষয়ে আইনজীবী লিটন আহমেদ গণমাধ্যমকে বলেন, ব্যারিস্টার সুমন বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে আগ্রহী। প্রার্থিতার জন্য ফরমে তার স্বাক্ষর প্রয়োজন হওয়ায় দ্রুত ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ২২ অক্টোবর রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার হন ব্যারিস্টার সুমন। হবিগঞ্জ-৪ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি কারাগারে থাকলেও আইনজীবী পেশাজীবীদের শীর্ষ সংগঠন বার কাউন্সিল নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করছেন।


সিলেটের খবর এর আরও খবর