img

মধ্যরাতে সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন, কোটি টাকার ক্ষতি

প্রকাশিত :  ১৯:৫৮, ০৫ এপ্রিল ২০২৬

 মধ্যরাতে সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন, কোটি টাকার ক্ষতি

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এরাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিক আহমদ রাত সাড়ে ১২ টায় সিলেটটুডেকে বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো ধোঁয়া রয়েছে।

তিনি বলেন, বিমানবন্দরের সব ফ্লাইট শেষ হওয়ার পরই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফলে এতে ফ্লাইটে কোন ব্যাঘাত হয়নি।

সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুবউদ্দিন জানান, তাৎক্ষণিক খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এরাইভাল ইমিগ্রেশনের (কাস্টমসের উপরের তলা) সার্ভার রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা না গেলেও প্রাথমিকভাবে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

সিলেটের খবর এর আরও খবর

img

সিলেটে ছিনতাইয়ের শিকার আরেক সাংবাদিক, একদিনে দুজন

প্রকাশিত :  ০৯:১৩, ০৫ এপ্রিল ২০২৬

সিলেট শহরে এবার আরেক সাংবাদিক ছিনতাইয়ের শিকার হয়েছেন। এনিয়ে শনিবার একদিনেই ছিনতাইকারীর কবলে পড়েন দুই সাংবাদিক।

ছিনতাইয়ের শিকার হওয়া দুজন হলেন সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক যুগভেরী পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার রায়হান উদ্দিন এবং সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সদস্য অহি আলম রেজা। এরমধ্যে রায়হান উদ্দিন ছিনতাইকারীদের হামলায় আহত হয়ে ওসমানী হাসপাতালে ভর্তি আছেন।

জানা যায়, শনিবার ভোরে বাসে করে ঢাকা থেকে জালাবাদ থানাধীন টুকেরবাজার তেমুখীর ব্রীজ পার হয়ে বাস থেকে নামেন রায়হান উদ্দিন।

এসময় বাসায় যাওয়ার জন্য সড়কের পাশে দাঁড়িয়ে সিএনজি অটোরিকশার অপেক্ষা করছিলেন। তাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে সিএনজি অটোরিকশা (সিলেট থ ১১-৩২১৬) করে আসা ৩ সদস্যের একদল ছিনতাইকারী তাকে ধরে মারপিট করে তার কাছে থাকা নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন। বর্তমান তিনি হাসপাতালের ৪র্থ তলাস্থ ৭ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে, শনিবার (৪ এপ্রিল) বিকেলে নগরীর আম্বরখানা এলাকা থেকে তিন বছরের ছেলেকে নিয়ে সিএনজি অটোরিকশায় ওঠে শাহী ঈদগাহ যাচ্ছিলেন বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বাংলা সাহিত্যের প্রভাষক ওহি আলম রেজা।

অটোরিকশাটিতে আগেই চালকের সঙ্গে একজন যাত্রী ছিলেন। যাত্রা শুরুর কিছুক্ষণ পর আরও একজন যাত্রী সেখানে ওঠেন। কিছুদূর যাওয়ার পর হঠাৎ করে ওই যাত্রী তার সন্তানের দিকে চাকু ধরে তাকে চুপ থাকতে নির্দেশ দেয়।

এতে আতঙ্কিত হয়ে তিনি তার সন্তানকে জড়িয়ে ধরেন। এরপর পকেট হাতড়ে ছিনতাইকারী তার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা নিয়ে নেয়।

ওহী আলম রেজা জানান, নির্ধারিত গন্তব্য শাহী ঈদগাহে নামিয়ে দেওয়ার কথা থাকলেও অটোরিকশা চালক আরও কিছু দূর গিয়ে হঠাৎ থেমে তাদের নামিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এ ঘটনায় আইনী পদক্ষেপ নিচ্ছেন বলে জানান তিনি।

সিলেটের খবর এর আরও খবর