img

মধ্যরাতে কমলগঞ্জে বসতবাড়ি থেকে ১৪ ফুট লম্বা অজগর উদ্ধার, লাউয়াছড়ায় অবমুক্ত

প্রকাশিত :  ০৫:১৯, ০১ এপ্রিল ২০২৬

মধ্যরাতে কমলগঞ্জে বসতবাড়ি থেকে ১৪ ফুট লম্বা অজগর উদ্ধার, লাউয়াছড়ায় অবমুক্ত
সংগ্রাম দত্ত: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় একটি বসতবাড়ি থেকে উদ্ধার করা প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগর সাপকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের গহীন বনে অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত প্রায় ১২টার দিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে সাপটি অবমুক্ত করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট এবং ওজন আনুমানিক ৪০ কেজি। এটি লাউয়াছড়া বনসংলগ্ন হীড বাংলাদেশ এলাকার বাসিন্দা মিজান মিয়ার বাড়িতে ঢুকে পড়ে। সাপটি ঘরে প্রবেশ করে মুরগি শিকার করার চেষ্টা করছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

বাড়ির মালিক মিজান মিয়া বলেন, “সাপটি হঠাৎ ঘরে ঢুকে পড়ে এবং মুরগি খাওয়ার চেষ্টা করে। আমরা সেটিকে না মেরে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দিই।” খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে সাপটিকে নিরাপদে উদ্ধার করে।

ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট চঞ্চল গোয়ালা জানান, উদ্ধারকৃত অজগরটি সুস্থ থাকায় প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে বন বিভাগের উপস্থিতিতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীরে অবমুক্ত করা হয়। এ সময় সামদেও পাশী ও মুক্তাদির রহমানসহ সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ কাজী নাজমুল হক বলেন, “সাপটি সম্পূর্ণ সুস্থ ছিল। তাই প্রাথমিক পর্যবেক্ষণের পর রাতেই প্রাকৃতিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হয়েছে।”

বিশেষজ্ঞদের মতে, শ্রীমঙ্গল ও কমলগঞ্জসহ পার্বত্য ও বনাঞ্চলঘেরা এলাকাগুলোতে সাম্প্রতিক বছরগুলোতে অনিয়ন্ত্রিত দখল ও উন্নয়ন কার্যক্রম বন্যপ্রাণীর স্বাভাবিক আবাসস্থলকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। প্রভাবশালী একটি গোষ্ঠী বনভূমি দখল করে বসতি স্থাপন, রিসোর্ট, হোটেল-মোটেল এবং বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা গড়ে তোলায় প্রাকৃতিক পরিবেশ দ্রুত সংকুচিত হচ্ছে। ফলে খাদ্য ও নিরাপদ আশ্রয়ের সংকটে পড়ে বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসছে। অনেক ক্ষেত্রে এসব প্রাণী মানুষের হাতে নিহত হচ্ছে, আবার অনেক সময় উদ্ধারকারী সংস্থার সহায়তায় পুনরায় বনে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলাচলকারী সড়ক ও রেলপথেও নিয়মিত বন্যপ্রাণী মৃত্যুর ঘটনা ঘটছে।

অভিজ্ঞ মহলের মতে, বন ও পরিবেশ রক্ষায় সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তবে দীর্ঘমেয়াদে বন্যপ্রাণীর নিরাপদ আবাস নিশ্চিত করতে বনভূমি রক্ষা ও দখলমুক্ত করার কার্যকর পদক্ষেপ আরও জোরদার করা জরুরি।

সিলেটের খবর এর আরও খবর

img

মধ্যরাতে সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন, কোটি টাকার ক্ষতি

প্রকাশিত :  ১৯:৫৮, ০৫ এপ্রিল ২০২৬

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এরাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিক আহমদ রাত সাড়ে ১২ টায় সিলেটটুডেকে বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো ধোঁয়া রয়েছে।

তিনি বলেন, বিমানবন্দরের সব ফ্লাইট শেষ হওয়ার পরই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফলে এতে ফ্লাইটে কোন ব্যাঘাত হয়নি।

সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুবউদ্দিন জানান, তাৎক্ষণিক খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এরাইভাল ইমিগ্রেশনের (কাস্টমসের উপরের তলা) সার্ভার রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা না গেলেও প্রাথমিকভাবে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

সিলেটের খবর এর আরও খবর