‘রাজনীতি থেকে বিদায়ের’ গুঞ্জন, আসল সত্য জানালেন আনোয়ারুজ্জামান চৌধুরী
দীর্ঘদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার যুগ্ন সাধারণ সম্পাদক ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ‘রাজনীতিকে বিদায় জানিয়েছেন’ বলে একটি খবর ছড়িয়ে পড়েছে অনলাইনে। এমন খবর প্রচার করে কেউ কেউ দাবি করছেন আনোয়ারুজ্জামান চৌধুরী আর রাজনীতি করবেন না।
তবে এমন প্রচারণাকে গুজব বলে দাবি করেছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। তার দাবি, শুক্রবার একটি ভুঁইফোড় ফেসবুক পেইজে ‘রাজনীতি থেকে বিদায় ঘোষণা দিলেন সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী’ শিরোনামে গুজব ছড়ানো হয়। যা সম্পর্ন মিথ্যা।
২০২৩ সালে সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র নির্বাচিত হন আনোয়ারুজ্জামান চৌধুরী। তবে ২০২৪ সালের ৫ আগস্ট পট পরিবর্তনের পর তিনি আত্মগোপনে চলে যান। এরপর আর তাকে নগর ভবনে বা সিলেটে দেখা যায়নি। পরবর্তীতে জানা যায়, আনোয়ারুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে অবস্থান করছেন। তবে কীভাবে তিনি যুক্তরাজ্যে গেলেন তা জানা যায়নি।
২০২৪ এর ৫ আগস্টের পর আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় হত্যাসহ ছাত্রজনতার উপর হামলার অভিযোগে বেশ কয়েকটি মামলা হয়েছে।
অনলাইনে রাজনীতি ছাড়ার প্রচারণা প্রসঙ্গে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। আমি কোথাও এমন কোনো বক্তব্য দিইনি বা কাউকে বলিনি। সংবাদটি মিথ্যা এবং গুজব, যা আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার ষড়যন্ত্র।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু আমার আদর্শ, শেখ হাসিনা আমার নেতা, আমি আওয়ামী লীগের একজন কর্মী।\'
তিনি আরও বলেন, “আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বকে পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করেছি। জনগণের ভালোবাসা ও প্রত্যক্ষ ভোটে আমি সিলেটের মেয়র নির্বাচিত হয়েছি। আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও আমি সিলেটবাসীর কাছে কৃতজ্ঞ থাকতে চাই।
আনোয়ারুজ্জামান বলেন, দল এবং দেশের কঠিন এই সময়ে আমি সহ আমারমত লক্ষ লক্ষ নেতাকর্মী দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন মুলত আমাদের মনোবল ভেঙ্গে দেয়ার জন্যই টার্গেট করে ষড়যন্ত্র করা হচ্ছে। যতই ষড়যন্ত্র হোক আমাদের কাঙ্খিত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”
আনোয়ারুজ্জামান চৌধুরী অভিযোগ করে বলেন, “ইউনুস সরকার দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। বর্তমানে বিএনপির সরকার পরিকল্পিতভাবে একটি বিদেশি শক্তির কাছে দেশের সার্বভৌমত্ব তুলে দেওয়ার চেষ্টা করছে, যা ইউনুসের নীলনকশা অনুযায়ী সাজানো। দেশ এখন এমন অবস্থায় দাঁড়িয়েছে—টিকা নেই, জ্বালানি তেল নেই, গ্যাস নেই, বিদ্যুৎ নেই। দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী, বাজার অস্থিতিশীল। অচিরেই দেশের মানুষ বৃহত্তর আন্দোলনের মাধ্যমে শান্তি ফিরিয়ে আনবে এবং শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় ফিরিয়ে আনবে।



















