img

কুলাউড়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

প্রকাশিত :  ১৩:১২, ০১ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১৩:১৯, ০১ এপ্রিল ২০২৬

 কুলাউড়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে।

আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের মধ্যে ফুটিকগুলি গ্রামে এ ঘটানা ঘটে। নিহত শিশুদের দুজন মাদ্রাসা ও একজন স্কুলের শিক্ষার্থী। তারা সবাই একই পরিবারের, সম্পর্কে চাচাতো ভাই বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা জুনেদ আহমদ জুনুর জানান, বুধবার সকালে কালবৈশাখী ঝড় বৃষ্টি হলে স্থানীম ক্ষেতের জমি পানিতে টুইটুম্বর হয়ে যায়। ঝড়বৃষ্টি শেষে ওইদিন দুপুর দেড়টার দিকে কর্মধা ইউনিয়নের মধ্যে ফটিকগুলি গ্রামের শিপার আহমদের ছেলে জিসান আহমেদ (১২), আশিক আলীর ছেলে ইমাদ আহমেদ (৯) এবং শাহেব আলীর ছেলে লাবিব আহমেদ (৭) বাড়ির পাশে কৃষি জমির পানিতে খেলতে নামে।

তিনি জানান, খেলতে খেলতে সদ্য মাটি কেটে নিছু করা একটি জমিতে তারা নেমে পড়লে তিন শিশু শিক্ষার্থী পানিতে ডুবে যায়। এসময় এক পথচারী ঘটানাটি দেখতে পেয়ে চিৎকার করলে শিশুদের উদ্ধার করে স্থানীয় রবির বাজারে চিকিৎসকের কাছে নিয়ে যান। এসময় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ময়নাতদন্তের জন্য বাড়ি থেকে লাশ গুলো উদ্ধার করে থানায় আনা হচ্ছে।

সিলেটের খবর এর আরও খবর

img

মধ্যরাতে সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন, কোটি টাকার ক্ষতি

প্রকাশিত :  ১৯:৫৮, ০৫ এপ্রিল ২০২৬

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এরাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিক আহমদ রাত সাড়ে ১২ টায় সিলেটটুডেকে বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো ধোঁয়া রয়েছে।

তিনি বলেন, বিমানবন্দরের সব ফ্লাইট শেষ হওয়ার পরই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফলে এতে ফ্লাইটে কোন ব্যাঘাত হয়নি।

সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুবউদ্দিন জানান, তাৎক্ষণিক খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এরাইভাল ইমিগ্রেশনের (কাস্টমসের উপরের তলা) সার্ভার রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা না গেলেও প্রাথমিকভাবে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

সিলেটের খবর এর আরও খবর