img

ব্রেন টিউমারে সফল অস্ত্রোপচার, তানিয়া বৃষ্টির জন্য দোয়া চাইলেন সহশিল্পীরা

প্রকাশিত :  ১১:৫০, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

ব্রেন টিউমারে সফল অস্ত্রোপচার, তানিয়া বৃষ্টির জন্য দোয়া চাইলেন সহশিল্পীরা

ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সদ্যই তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। 

গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার একটি হাসপাতালে দীর্ঘ ৪ ঘণ্টার অপারেশনের মাধ্যমে তার টিউমারটি অপসারণ করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে (পোস্ট-অপারেটিভ কেয়ার) আছেন। 

চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারে কোনো জটিলতা হয়নি।  

তবে নির্মাতা হাসান রেজাউল স্যোশাল মিডিয়ায় জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে এবং পোস্ট-অপারেটিভ কিছু জটিলতা থাকার সম্ভাবনা থাকায় তাকে এখনই পুরোপুরি বিপদমুক্ত বলা যাচ্ছে না। 

তানিয়ার অসুস্থতার খবরে বিনোদন অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। 

অভিনেত্রী সামিরা খান মাহি ফেসবুকে তার একটি ছবি শেয়ার করে লিখেছেন, হাসপাতালের বিছানায় না, তোমাকে আবার হাসিমুখে আমাদের মাঝে দেখতে চাই। তিনি তানিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।

তানিয়া বৃষ্টির এই দুঃসময়ে সহকর্মী, নির্মাতা ও ভক্তরা একাত্মতার বার্তা জানাচ্ছেন। 

কেউ তার সঙ্গে কাজের স্মৃতি ভাগ করে নিচ্ছেন, কেউ শেয়ার করছেন পুরোনো হাসিমুখের ছবি। প্রায় প্রতিটি বার্তায় একটাই প্রার্থনা- দ্রুত সুস্থ হয়ে উঠুন তানিয়া।

এর আগে তানিয়া বৃষ্টির অসুস্থতার খবরটি তার ফেসবুক থেকে জানানো হয়। 

সেখানে অনুরোধ করা হয় শুটিং বা কাজসংক্রান্ত বিষয়ে আপাতত ফোন বা খুদে বার্তা দিয়ে বিরক্ত না করতে। ভালোবাসা দিবসে দেওয়া আরেক পোস্টে তিনি নিজেই লিখেছিলেন, কাল আমার মাথায় অস্ত্রোপচার, দোয়া করবেন সবাই। ব্রেন টিউমার।

পরিচালক সকাল আহমেদ জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে তীব্র মাথাব্যথা ও শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন তানিয়া। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

এর আগে তানিয়া নিজেই ফেসবুকে তার অসুস্থতার খবর জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছিলেন। বর্তমানে হাসপাতালে ভিড় না করতে এবং ফোনে বিরক্ত না করার জন্য অনুরোধ জানিয়েছেন তার পরিবার ও সহকর্মীরা। প্রিয় অভিনেত্রীর দ্রুত সুস্থ হয়ে শুটিংয়ে ফেরার অপেক্ষায় রয়েছেন তার অগণিত ভক্ত।


img

মিমি চক্রবর্তীর বিরুদ্ধে দুই মামলা, ২০ লাখ রুপি ক্ষতিপূরণ দাবি

প্রকাশিত :  ০৭:২৭, ০৪ মার্চ ২০২৬

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ, মানহানি ও চুক্তিভঙ্গের অভিযোগে  দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। জ্যোতিষী তনয় শাস্ত্রী এ মামলা দুটি করেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, আদালতে তনয় শাস্ত্রীর পক্ষে মামলা পরিচালনা করছেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। মামলায় মিথ্যা অপবাদ ও মানহানির পাশাপাশি চুক্তিভঙ্গের অভিযোগও আনা হয়েছে।

তনয়ের দাবি, নির্ধারিত সময়ে অনুষ্ঠানে অংশ না নেওয়ায় মিমিকে দেওয়া অগ্রিম অর্থ ফেরত দিতে হবে। সেই সঙ্গে অভিনেত্রীর কাছে ২০ লাখ রুপি ক্ষতিপূরণও দাবি করা হয়েছে।

নতুন বছরের শুরুতে পশ্চিমবঙ্গের বনগাঁয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিতর্কে জড়ান মিমি। অভিযোগ রয়েছে, অনুষ্ঠান শুরুর কিছুক্ষণের মধ্যেই তনয় শাস্ত্রী মঞ্চে উপস্থিত হয়ে অনুষ্ঠান বন্ধের চাপ সৃষ্টি করেন। পরিস্থিতির মুখে দর্শকদের শুভরাত্রি জানিয়ে মঞ্চ ত্যাগ করেন অভিনেত্রী।

এ ঘটনার পর তনয় শাস্ত্রীর বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন মিমি চক্রবর্তী। অভিযোগের ভিত্তিতে পুলিশ তনয়কে গ্রেপ্তার করে। পরে তিনি জামিনে মুক্তি পান এবং পাল্টা আইনি পদক্ষেপ হিসেবে অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করেন।