img

৩ বিভাগে ভারি বৃষ্টির আভাস

প্রকাশিত :  ০৯:২৭, ২৬ এপ্রিল ২০২৬

৩ বিভাগে ভারি বৃষ্টির আভাস

আবহাওয়া অধিদপ্তর দেশের কোথাও কোথাও ভারি বৃষ্টির আভাস দিয়েছে । ভারি বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। আজ রবিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত এক সতর্কবর্তায় এসব তথ্য জানানো হয়।

সকাল ৯টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে।

এর প্রভাবে আজ রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

ভারি থেকে অতি ভারি বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে পানি উন্নয়ন বোর্ড বন্যার আশঙ্কার কথা জানিয়েছে। বন্যার পানি প্রবেশের আগেই হাওর অঞ্চলে ধান দ্রুত কেটে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।

আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুএক জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের আভাস দিয়েছে।

আবহাওয়া অধিপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।


বাংলাদেশ এর আরও খবর

img

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

প্রকাশিত :  ১২:৫৯, ২৬ এপ্রিল ২০২৬

গাইবান্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন এবং একটি গরু মারা গেছে। আজ​ রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোকলেছুর রহমান মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন ।

​নিহতরা হলেন, দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (১৪), আল মোজাহিদ চৌধুরী ছোটন মিয়ার ছেলে রাফি (১২) এবং নবীর হোসেনের ছেলে মিজানুর (২০)। এ ঘটনায় আহত শামীম (১৮) একই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে। রাফি স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে আকাশ কালো মেঘে ঢেকে যায়। এ সময় ওই দুই তরুণ ও শিক্ষার্থী বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ তাদের ওপর সরাসরি বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা তিনজনই মারা যান। একই সময়ে পাশে থাকা একটি গরুও মারা যায়। এ ছাড়া, আহত শামীমকে স্বজনরা উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। 

পৃথক অপর একটি ঘটনায় ফুলছড়ি উপজেলার ফজলপুর ইউনিয়নের বুলবুলির চরে আলী আকবর নামের এক কৃষক গরু চরাতে গিয়ে আহত হয়েছেন বলে জানা গেছে।

​ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোকলেছুর রহমান মন্ডল বলেন, বিকেলে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ স্থানীয় বাসিন্দাদের বরাতে বলেন, বজ্রপাতে তিনজন মারা গেছেন। একটি গরুও মারা গেছে এবং একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান ওসি।