img

বিয়ের দাওয়াতে এসে গ্রেপ্তার তিন যুবলীগ নেতা

প্রকাশিত :  ০৬:৩৭, ০২ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:৪৭, ০২ মে ২০২৬

বিয়ের দাওয়াতে এসে গ্রেপ্তার তিন যুবলীগ নেতা

বিয়ের দাওয়াতে এসে খাগড়াছড়ির রামগড়ে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের তিন নেতা গ্রেপ্তার হয়েছেন। গতকাল শুক্রবার (১ মে) ভোর ৪টায় রামগড় পৌরসভার বল্টুরামটিলা ও মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন, রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম (৩৪), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (৩১) এবং সদস্য মো. মানিক ওরফে আব্দুল মালেক(২৭)। 

জানা যায়, বল্টুরামটিলা এলাকায় এক যুবলীগ নেতার মেয়ের বিয়ের দাওয়াতে এসেছিলেন ওই তিন নেতা। বৃহস্পতিবার রাতে কনের গায়ে হলুদের অনুষ্ঠানে যোগদান শেষে তারা নিজ নিজ বাসায় রাত্রিযাপন করছিলেন। শুক্রবার দুপুরে বিয়ের মূল অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ভোরেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, ‘গ্রেপ্তার তিন যুবলীগ নেতা ২০২৩ ও ২০২৪ সালের দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিল। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন খবরের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’


img

নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশিত :  ০৭:২৬, ০২ মে ২০২৬

নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আজ শনিবার (২ মে) সকাল সাড়ে ৭টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের ইলাশপুর এলাকায় ফায়ার সার্ভিস অফিসের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার দক্ষিণ কালডোয়ার গ্রামের আয়নাল হক (৫৭) ও অজ্ঞাতনামা আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী ‘আল্লাহর দান’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা আরও এক ব্যক্তির মৃত্যু হয়।

এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সারা তাবাসসুম উর্মি, স্থানীয় বাসিন্দা মোল্লা মিয়া এবং ময়মনসিংহের ফুলপুরের মনির হোসেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর বাস ও সিএনজি চালক পালিয়ে গেছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।