img

ভারতে শক্তিশালী ঝড় ও বৃষ্টিতে ৩৩ জনের মৃত্যু

প্রকাশিত :  ০৭:০৬, ১৪ মে ২০২৬

ভারতে শক্তিশালী ঝড় ও বৃষ্টিতে ৩৩ জনের মৃত্যু

শক্তিশালী ঝড় ও বৃষ্টিতে ভারতের উত্তরপ্রদেশে ৩৩ জনের মৃত্যু হয়েছে। সেখানকার ভাদোহী, ফতেহপুর এবং বুধাউনসহ পাঁচটি বিভাগ বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

গতকাল বুধবার (১৩ মে) এসব হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন ভাদোহীতে ১৬ জন, ফতেহপুরে ৯ জন এবং বুধাউনে ৫ জন ঝড় বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন।

অসময়ের এই বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রিলিফ কাজ শেষ হবে।

সেখানকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কুনওয়ার বীরেন্দ্র কুমার জানিয়েছেন, ভাদোনীর বিভিন্ন জায়গা থেকে গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়া এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আসছে।

ঝড়ের কারণে মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ায় উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে ভাদোহী পুলিশ জানিয়েছে, আলাদা আলাদা ঘটনায় সেখানে ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন। যারমধ্যে দুজনের অবস্থা গুরুতর।

ফতেহপুরে ৯ জন নিহত হওয়ার পাশাপাশি ১৬ জন আহত হয়েছেন। যারমধ্যে শুধুমাত্র খাগা তেহসিলে ৮ জন প্রাণ হারিয়েছেন। তাদের পাঁচজন নারী। অপরদিকে সদর তেহসিলে বাড়ির দেয়াল ধসে আরেক নারীর মৃত্যু হয়।

প্রাণহানির সঙ্গে অতিরিক্ত বৃষ্টিতে গবাদি পশু এবং ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র: এনডিটিভি

আন্তর্জাতিক এর আরও খবর

img

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে মমতা

প্রকাশিত :  ১০:৫৮, ১৪ মে ২০২৬

মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়েছিলেন নির্বাচনের আগে। এবার নির্বাচনের পর হাইকোর্টে হাজির হলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা । তবে এবার তাকে দেখা গেল আইনজীবীর বেশে। বৃহস্পতিবার সকালে হাইকোর্ট চত্বরে তিনি পৌঁছালে তাকে ঘিরে উৎসুক সমর্থকদের ভিড় জমে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, বেলা ১১টার কিছু আগে হঠাৎ হাইকোর্ট চত্বরে যান তৃণমূলনেত্রী। আইনজীবীদের মতো কালো শামলা পরে আদালত চত্বরে হাজির হন তিনি।

বৃহস্পতিবার ভোট-পরবর্তী অশান্তির একটি মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে। সেখানে শুনানি করেন তিনি।

হাইকোর্ট চত্বরের বাইরে মমতার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। সঙ্গে লিখেছে, ‘আরও একবার তিনি দেখিয়ে দিলেন, কেন তিনি বাকিদের চেয়ে আলাদা। দরকারের সময়ে কখনো তিনি পশ্চিমবাংলার মানুষকে একা ছেড়ে দেন না। সত্য, ন্যায়বিচার এবং সাংবিধানিক মূল্যবোধের জন্য লড়াই তিনি থামান না। অতুলনীয় সাহস এবং প্রত্যয়কে সঙ্গী করে তিনি বারবার ঘৃণার রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান।’

এদিকে প্রধান বিচারপতির এজলাসে তৃণমূলনেত্রী মমতা বলেন, “প্রথম বার কলকাতা হাইকোর্টে সওয়াল করছি। ১৯৮৫ সালে বার কাউন্সিলে আমার নাম নথিভুক্ত হয়। তার পর থেকে সদস্যপদ রিনিউ করেছি। ভোটের পরে শিশু, নারী, মুসলিম কাউকে রেয়াত করা হচ্ছে না। বিবাহিত মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। প্রতিদিন এসব অভিযোগ আসছে। ঘর, বাড়ি লুট করছে, আগুন জ্বালাচ্ছে। পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। আদালতের অনুমতি পেলে এই অভিযোগগুলো অতিরিক্ত হলফনামায় উল্লেখ করব। রাজ্যের মানুষকে বাঁচান। এটা কোনো বুলডোজার রাজ্য নয়। এটা পশ্চিমবঙ্গ, প্লিজ রাজ্যবাসীকে বাঁচান।” 

আন্তর্জাতিক এর আরও খবর