img

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান পাকিস্তানের

প্রকাশিত :  ০৬:৫৩, ২৬ মে ২০২৬

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান পাকিস্তানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, ইসলামাবাদ কোনো অবস্থাতেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না।

সোমবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে সৌদি আরব, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিসর ও জর্ডানকে একসঙ্গে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার আহ্বান জানান। চলমান যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার সঙ্গেও বিষয়টি যুক্ত করেন তিনি।

ট্রাম্প বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছায়, তাহলে তাদেরও এই \'অতুলনীয় বৈশ্বিক জোটের\' অংশ হওয়া উচিত।

তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এ প্রস্তাব নাকচ করে দেন। সামা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, \'ব্যক্তিগতভাবে আমি মনে করি, আমাদের মৌলিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক এমন কোনো চুক্তিতে যোগ দেওয়া উচিত নয়।\' ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষায়, \'যাদের কথায় একদিনের জন্যও ভরসা করা যায় না, তাদের সঙ্গে কীভাবে বসবেন?\' তিনি আরও বলেন, \'আমাদের অবস্থান খুবই স্পষ্ট-এটি আমাদের জন্য গ্রহণযোগ্য নয়।\'

পাকিস্তানি এক সূত্র সিএনবিসিকে জানিয়েছে, ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ও আব্রাহাম অ্যাকর্ডসে যোগদানের বিষয় দুটি \'পরস্পর সম্পর্কিত নয়\' এবং পাকিস্তান কোনো ধরনের চাপের মুখে নেই।

২০২০ সালে ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান। এর আগে ১৯৭৯ সালে মিসর এবং ১৯৯৪ সালে জর্ডান ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে ট্রাম্প এই চুক্তির পরিধি আরও বিস্তৃত করার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত তার আহ্বানে সাড়া দেওয়া দেশগুলোর কেউ প্রকাশ্যে ইতিবাচক প্রতিক্রিয়া জানায়নি। পাকিস্তান দীর্ঘদিন ধরেই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। দেশটির পাসপোর্টধারীদের ইসরায়েলে ভ্রমণও নিষিদ্ধ।

 


আন্তর্জাতিক এর আরও খবর

img

ইরানের সঙ্গে চুক্তি বিষয়ে ৬ মুসলিম দেশকে কঠিন শর্ত দিলেন ট্রাম্প

প্রকাশিত :  ০৭:৫৯, ২৬ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:০৭, ২৬ মে ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তির আলোচনায় বিতর্কিত আব্রাহাম অ্যাকর্ডসের প্রসঙ্গ টেনেছেন। ইরানের সঙ্গে একটি সমঝোতার মাধ্যমে মধ্যপ্রাচ্যের একটি ‘জটিল সংকটের’ সমাধান করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অন্তত ছয়টি মুসলিম দেশের আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করা উচিত।

আজ সোমবার (২৫ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এই শর্তের কথা জানিয়েছেন। 

ট্রাম্প লিখেছেন, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবেই এগোচ্ছে। এটি সবার জন্যই একটি ভালো চুক্তি হবে, না হলে কোনো চুক্তিই হবে না।’ 

একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘যদি সমঝোতা না হয়, তাহলে আগের চেয়ে আরও বড় ও শক্তিশালীভাবে যুদ্ধের পথে ফিরতে হবে।’

এর আগে, শনিবার (২৩ মে) মধ্যপ্রাচ্য ও মুসলিম-প্রধান আটটি দেশের নেতাদের সঙ্গে আলোচনার সময় ট্রাম্প বলেন, ‘ইরান যুদ্ধের মতো জটিল সংকটের সমাধানে যুক্তরাষ্ট্র যে ভূমিকা রেখেছে, তার পরিপ্রেক্ষিতে এসব দেশের একযোগে আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করা উচিত।’

তিনি বিশেষভাবে সৌদি আরব, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর ও জর্ডানের নাম উল্লেখ করেন। পাশাপাশি জানান, আরব আমিরাত ও বাহরাইন ইতোমধ্য এই চুক্তির সদস্য।

তবে দীর্ঘ ওই পোস্টে ট্রাম্প সরাসরি ইসরাইলের নাম নেননি। ফলে তিনি প্রচলিত অর্থে আব্রাহাম অ্যাকর্ডসে যোগদানের কথা বলেছেন, নাকি আরও বড় কোনো রাজনৈতিক উদ্যোগের ইঙ্গিত দিয়েছেন—তা এখনো পরিষ্কার নয়। 

উল্লেখ্য, আব্রাহাম অ্যাকর্ডস হলো ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে কয়েকটি আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি।

ট্রাম্প আরও বলেন, ‘এটি সৌদি আরব ও কাতারের দ্রুত স্বাক্ষরের মধ্য দিয়ে শুরু হওয়া উচিত। এরপর অন্য দেশগুলোরও এগিয়ে আসা উচিত। কেউ যদি এতে অংশ নিতে না চায়, তাহলে সেটি খারাপ উদ্দেশ্যের ইঙ্গিত হতে পারে।’

তিনি যোগ করেন, ‘এক বা দুটি দেশের অংশ না নেওয়ার যৌক্তিক কারণ থাকতে পারে, সেটি গ্রহণযোগ্য। তবে বেশিরভাগ দেশেরই প্রস্তুত, আগ্রহী ও সক্ষম থাকা উচিত, যাতে ইরানের সঙ্গে এই সমঝোতা একটি ঐতিহাসিক ঘটনায় পরিণত হয়।’

তবে ট্রাম্প যে ছয়টি দেশের নাম উল্লেখ করেছেন, তাদের কেউই এখন পর্যন্ত আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো অবস্থান জানায়নি।

সূত্র: টাইমস অব ইসরাইল


আন্তর্জাতিক এর আরও খবর