img

চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে পাঁচজনের মৃত্যু

প্রকাশিত :  ১৫:৩৪, ০৪ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ১৫:৫৮, ০৪ জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে পাঁচজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রাঘাতে তিন নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে (৪ জুন) বৃষ্টির সময় বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।

নিহতরা হলো সদরের আতাহার গ্রামের মো. রাব্বিলের ছেলে আবদুল্লাহ (১৭), শিবগঞ্জের চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের দুবাইপ্রবাসী আব্দুর রবের স্ত্রী মাহমুদা বেগম (১৯), একই ইউনিয়নের রানীবাড়ী বাজারপাড়া গ্রামের মো. কাশেমের মেয়ে সাদিয়া (১৬), শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়া গ্রামের মো. ফিটুর ছেলে মেসবাহুল ওরফে মেসবাবুল (১৪) এবং নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের লাহাবাড়ী গ্রামের আব্দুর রাকিবের স্ত্রী সুমিয়ারা বেগম (৪০)।

এ ঘটনায় আহত হয়েছেন নাচোলের লাহাবাড়ী গ্রামের জিয়াউর রহমান (৩৬)। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে বিভিন্ন এলাকায় কৃষিকাজ ও দৈনন্দিন কাজে বাইরে থাকা মানুষজন বজ্রাঘাতে আক্রান্ত হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, বিকেলে বাড়ির পাশের মাঠে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে আহত হন আবদুল্লাহ। পরে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, বিকেলে আমবাগানে কাজ করার সময় মাহমুদা বেগম এবং একই সময়ে সাদিয়া বজ্রাঘাতে নিহত হন।

স্থানীয় ইউপি চেয়ারম্যানও বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে মোবারকপুর ইউনিয়নের শিকারপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে বজ্রাঘাতে কিশোর মেসবাবুল নিহত হয় বলে জানান স্থানীয় জনপ্রতিনিধিরা।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, বিকেল সাড়ে ৪টার দিকে মাঠ থেকে ঘাস কেটে ফেরার পথে বজ্রাঘাতে সুমিয়ারা বেগম নিহত হন এবং জিয়াউর রহমান আহত হন। স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশ ঘটনাটি নিশ্চিত করেছে।


জাতীয় এর আরও খবর

img

হাম ও হামের উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর

প্রকাশিত :  ১২:৩৮, ০৪ জুন ২০২৬

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে হামে এক শিশু এবং উপসর্গে তিন শিশু মারা গেছে। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২০৫ শিশু।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৬০৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৩৬ জন শিশু সন্দেহভাজন হাম রোগে আক্রান্ত হয়েছে। এ ছাড়া ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সময়ের মধ্যে দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ হাজার ৭০৮ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৬৯ শিশু। এখন পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ২৬০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১ হাজার ১৯৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৭ হাজার ১৪২ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৫১৪ জনের। এ ছাড়া নিশ্চিত হামে এ পর্যন্ত মারা গেছে ৯১ জন।



জাতীয় এর আরও খবর