বৃটিশ-বাংলাদেশীদের ৫০ বছরের জীবন-সংগ্রাম নিয়ে বিশেষ নাটক “উই স্টেইড” মঞ্চায়ন হবে শনিবার
লন্ডন ২ জুলাই ২০২৬ : কমিউনিটি সংগঠন ইস্টএন্ড কানেকশন-এর উদ্যোগে আগামী ৪ জুলাই শনিবার সন্ধ্যা ৭টায় পূর্ব লন্ডনের টয়েনবী হলে মঞ্চায়ন হতে যাচ্ছে বিশেষ নাটক “উই স্টেইড”। ড. মোহাম্মদ আহমদ উল্লাহ রচিত একটি গল্পে নাট্যরূপ দিয়েছেন ড. ক্যানান সালিহ । এই নাটকে বৃটিশ-বাংলাদেশীদের ৫০ বছরের (১৯৫০-২০০০) জীবন-সংগ্রাম স্বপ্ন ও সাফল্যের কাহিনী তুলে ধরা হয়েছে ।
মূলত: কমিউনিটি সংগঠন ইস্টএন্ড কানেকশন যুক্তরাজ্যের ন্যাশনাল লটারি ফান্ডের অর্থায়নে বৃটিশ-বাংলাদেশীদের ৫০ বছরের জীবন সংগ্রামের ইতিহাস সংরক্ষণে ‘স্টোরিজ অব স্ট্রাগলস অ্যান্ড স্ট্রাইডস’ -শীর্ষক একটি প্রজেক্ট গ্রহণ করে । এই প্রজেক্টের অধীনে শনিবার ‘উই স্টেইড” নাটকটি মঞ্চায়ন হবে । এছাড়া একই প্রজেক্টের অধীনে বৃটেনে বাংলাদেশি কমিউনিটির আন্দোলন-সংগ্রাম, বর্ণবাদ-বিরোধী লড়াই এবং কমিউনিটি গঠনের ইতিহাস সংরক্ষণের জন্য একটি ইতিহাসগ্রন্থ প্রকাশিত করবে । ৭শ’ পৃষ্ঠার বইটি আগামী ১৪ সেপ্টেম্বর প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে ।
প্রকাশিতব্য গ্রন্থের জন্য তথ্য সংগ্রহের লক্ষ্যে ১২ জন নারি-পুরুষকে নিয়োগ করা হয়েছে । তাদেরকে মৌখিক ইতিহাস সংগ্রহ, গবেষণা, পরিসংখ্যান বিশ্লেষণ ও ঐতিহাসিক তথ্য উপস্থাপনের ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে । তাঁরা প্রবীণ কমিউনিটি নেতৃবৃন্দ, রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষাবিদ, ধর্মীয় ব্যক্তিত্ব, সাংস্কৃতিক সংগঠক এবং বাংলাদেশি কমিউনিটির সংগ্রামে সহায়তাকারী অ-বাংলাদেশি ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণে কাজ করছেন ।
ইস্ট এন্ড কানেকশন-এর সেক্রেটারি বদরুল আলম বলেন, ৭০ ও ৮০-এর দশকে পূর্ব লন্ডনের বাংলাদেশিরা ভয়াবহ বর্ণবাদী হামলা, দারিদ্র্য, নিম্নমানের আবাসন, শিক্ষাবঞ্চনা ও সামাজিক বৈষম্যের মুখোমুখি হয়েছিলেন । এসব প্রতিকূলতার বিরুদ্ধে সুসংগঠিত আন্দোলন, সামাজিক উদ্যোগ এবং রাজনৈতিক অংশগ্রহণের মাধ্যমে তারা বর্তমানের বহুসাংস্কৃতিক টাওয়ার হ্যামলেটস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন । কিন্তু সেই ইতিহাসের বড় অংশ এখনও যথাযথভাবে সংরক্ষিত হয়নি । সময়ের সঙ্গে সঙ্গে সেই সময়ের প্রত্যক্ষ সাক্ষীদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে । ফলে তাদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ সংরক্ষণের জন্য আমরা এই প্রজেক্ট গ্রহণ করেছি।
ইস্ট এন্ড কানেকশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ বলেন, “হেরিটেজ ফান্ডের অনুদান পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত । এই ব্যতিক্রমধর্মী ও গুরুত্বপূর্ণ ঐতিহ্য সংরক্ষণে গৃহিত প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় আছি । তিনি বলেন, “ইস্ট এন্ড কানেকশন একটি তৃণমূলভিত্তিক কমিউনিটি সংগঠন । আমরা স্থানীয় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে দক্ষতা উন্নয়ন, অনুপ্রেরণা এবং সামাজিকভাবে এগিয়ে নিতে কাজ করি । এই প্রকল্পে আর্থিক সহায়তার জন্য হেরিটেজ ফান্ড এবং ন্যাশনাল লটারির প্রতি আমরা কৃতজ্ঞ।


















