মেসিদের হারাতে বেলিংহামদের যে টোটকা দিলেন রুনি
আগামী বুধবার আটলান্টায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বহুল প্রতীক্ষিত এই লড়াইকে ঘিরে দুই দলের কৌশল ও সম্ভাবনা নিয়ে চলছে ব্যাপক বিশ্লেষণ। এরই মধ্যে আলোচনায় যোগ দিয়ে আর্জেন্টিনার একটি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল দুর্বলতার দিক তুলে ধরেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ওয়েইন রুনি। তার মতে, সেই দুর্বলতাকে কাজে লাগাতে পারলে টমাস টুখেলের শিষ্যরা ফাইনালে ওঠার সুযোগ তৈরি করতে পারে।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৮টি গোল করে আর্জেন্টিনার সবচেয়ে বড় ত্রাতা ৩৯ বছর বয়সী মেসি। তবে এই বয়সে এসে প্রতিপক্ষের ফুটবলারদের তাড়া করে নিজেদের অর্ধে নেমে আসার কাজটা মেসিকে করতে হয় না। কোচ লিওনেল স্কালোনি মেসিকে মাঠের ওপরের দিকেই রেখে দেন. যাতে তিনি শক্তি সঞ্চয় করতে পারেন এবং বল ফিরে পাওয়ার সাথে সাথেই কাউন্টার অ্যাটাকে যেতে পারেন।
বিবিসি স্পোর্টসের এক অনুষ্ঠানে ওয়েইন রুনি আর্জেন্টিনার এই কৌশলগত আপস নিয়েই কথা বলেছেন। তিনি বলেন, ‘রক্ষণাত্মকভাবে মেসি আর্জেন্টিনার জন্য একটি দুর্বলতা হতে পারে। সে পেছনে দৌড়ায় না। তবে জুড বেলিংহামের মতোই ম্যাচের বড় বড় মুহূর্তে সে ব্যবধান গড়ে দেয়। তার মধ্যে ম্যাচ জেতানোর মতো দুর্দান্ত কিছু মুহূর্ত ও কোয়ালিটি রয়েছে।’
সুইজারল্যান্ড ম্যাচে মেসির পারফরম্যান্সের প্রশংসা করে রুনি বলেন, ‘মেসির আসল শক্তি হলো তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। ম্যাচের বিশেষ কিছু মুহূর্তে সে যেন প্রাণ ফিরে পায় এবং একদম সঠিক সিদ্ধান্তটি নেয়। লিওনেল মেসিকে মার্ক করার মূল চাবিকাঠি হলো মনোযোগ এবং মাঠে নিজেদের মধ্যে যোগাযোগ ঠিক রাখা। সতীর্থদের সাথে কথা বলে এমন সব পজিশন সামলাতে হবে, যা সাধারণত ডিফেন্ডাররা সামলায় না।’
রুনির মতে, মেসি রক্ষণাত্মক কাজে না নামায় তার পাশের ফাঁকা জায়গাটি ব্যবহার করতে পারে ইংল্যান্ড। একজনমিডফিল্ডারকে সেই পজিশনে ওপরে তুলে আর্জেন্টিনা ডিফেন্সে অতিরিক্ত চাপ তৈরি করা সম্ভব। তবে এই কৌশলে এক বিশাল ঝুঁকিও রয়েছে। ওপরে উঠে ইংলিশরা যদি কোনোভাবে বল হারিয়ে ফেলে, তবে রক্ষণভাগের সামনে সম্পূর্ণ ফাঁকায় বল পেয়ে যাবেন মেসি। আর সেই সময়টুকু পেলে তিনি একাই ইংলিশ ডিফেন্স গুঁড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট।



















