img

দিরাইয়ে চার ফার্মেসিকে ৯০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত :  ১১:২৬, ১৮ জুলাই ২০২৬

দিরাইয়ে  চার ফার্মেসিকে ৯০ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জ জেলার দিরাইয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং যথাযথ প্রক্রিয়ায় ওষুধ সংরক্ষণ না করার অভিযোগে চারটি ফার্মেসিকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে পৌর শহরের বিভিন্ন ওষুধের দোকানে এ অভিযান পরিচালনা করেন দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ।

অভিযানে থানা রোডস্থ অনুকূল ফার্মেসিকে ৩০ হাজার টাকা, দিরাই ফার্মাকে ২০ হাজার টাকা, লতিফ ফার্মেসিকে ২০ হাজার টাকা এবং সেন মার্কেটের পিটি রায় মেডিকেল হলকে ২০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় কয়েকটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এছাড়া ওষুধ সংরক্ষণের নির্ধারিত নিয়ম অনুসরণ না করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে ঔষধ তত্ত্বাবধায়ক মিঠুন সাহা, দিরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিমসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি কিংবা সংরক্ষণে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

সিলেটের খবর এর আরও খবর

img

জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হলেন হবিগঞ্জের রাবাব ফাতিমা

প্রকাশিত :  ১১:১৩, ১৮ জুলাই ২০২৬

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য নতুন গৌরব বয়ে এনেছেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আন্দিউড়া চৌধুরী বাড়ির রাবাব ফাতিমা। জাতিসংঘের মহাসচিব তাঁকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান এবং আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছেন।

বর্তমানে তিনি জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল পদে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কূটনীতি, মানবিক সহায়তা, শান্তিরক্ষা, নারী নেতৃত্ব এবং আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

রাবাব ফাতিমা ১৯৯০-এর দশকে বাংলাদেশ পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি জাপান, চীন, ভারত ও জাতিসংঘসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন।

রাবাব ফাতিমার চাচাতো ভাই, মাধবপুর উপজেলা বিএনপির নেতা সুমন চৌধুরী বলেন, ‘আমাদের পরিবারের জন্য এটি অত্যন্ত গর্বের। মাধবপুরের সন্তান আজ বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। গ্রামের সবাই তাঁর সাফল্য কামনা করছে।

সিলেটের খবর এর আরও খবর