ফাইনালে আর্জেন্টিনার পক্ষে নেতানিয়াহু, জানালেন শুভকামনা
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আজ রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। বহুল প্রতীক্ষিত এই হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ তথ্য প্রকাশ করেছে দ্য টাইমস অব ইসরায়েল।
ইসরাইলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়ানিশের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু এই সমর্থনের কথা জানান।
এ সময় রাষ্ট্রদূত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর পক্ষ থেকে নেতানিয়াহুর জন্য একটি বার্তাও পৌঁছে দেন। জবাবে নেতানিয়াহু বলেন, ‘হাভিয়ের, আপনি একজন সত্যিকারের বন্ধু। আপনি আমাদের ঘনিষ্ঠ বন্ধু। আমরা আর্জেন্টিনার পাশে আছি এবং নানা ক্ষেত্রেই তাদের সমর্থন করি। আগামীকালের (রোববার) ম্যাচের জন্যও শুভকামনা রইল। শুভকামনা আর্জেন্টিনার জন্য।’
এদিকে অনেকেই রোববারের এই ফাইনালকে প্রতীকী গুরুত্বের একটি ম্যাচ হিসেবে দেখছেন। কারণ ইসরাইল ইস্যুতে স্পেনের রাজধানী মাদ্রিদ এবং আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের অবস্থানের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে।
এ ছাড়া সামাজিক মাধ্যমে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য এবং ইহুদিবিদ্বেষী ষড়যন্ত্রতত্ত্ব ছড়ানোর ঘটনাও দেখা গেছে।



















