img

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

প্রকাশিত :  ০৪:১৮, ২৩ জুলাই ২০২৬

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ ওয়াশিংটনের নেই। তবে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না এবং সে লক্ষ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। খবর শাফাক নিউজের।

আজ বুধবার (২৪ জুলাই) সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চায়, তবে এখনো সে জন্য তারা প্রস্তুত নয়। তবে তেহরান শিগগিরই আলোচনার জন্য প্রস্তুত হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সেই দাবি প্রত্যাখ্যান করেছে, যেখানে বলা হয়েছিল হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজগুলোকে শুধু আইআরজিসি নির্ধারিত পথেই চলতে হবে।

সেন্টকমের দাবি, মার্কিন বাহিনীর সহায়তায় বাণিজ্যিক জাহাজগুলো স্বাভাবিকভাবেই হরমুজ প্রণালি ব্যবহার করছে। তাদের তথ্য অনুযায়ী, মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত ৯০০টির বেশি জাহাজ নিরাপদে এই জলপথ অতিক্রম করেছে।

ট্রাম্প আরও সতর্ক করে বলেন, হরমুজ প্রণালিতে কোনো জাহাজে ইরান আবার হামলা চালালে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালাবে।

এর জবাবে আইআরজিসির মহাকাশ বাহিনীর কমান্ডার মেজর জেনারেল মাজিদ মুসাভি বলেন,

ইরানের সেতু বা বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ এবং যেখানে মার্কিন সেনা মোতায়েন রয়েছে, সেসব দেশে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, আমাদের প্রতিরক্ষা নীতি স্পষ্ট ‘চোখের বদলে চোখ’। তিনি বলেন, অবকাঠামোসহ ইরানের যে কোনো স্থাপনায় হামলার জবাব কঠোর ও দৃঢ়ভাবে দেওয়া হবে।


আন্তর্জাতিক এর আরও খবর

img

পারমাণবিক চুক্তির জন্য ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, উভয় সংকটে সৌদি

প্রকাশিত :  ১৭:৫৭, ২৩ জুলাই ২০২৬

ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি কার্যকর হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিলেই কেবল ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে স্বাক্ষরিত পারমাণবিক সহযোগিতা চুক্তি কার্যকর হবে।

আব্রাহাম অ্যাকর্ডস হলো- ইসরায়েল ও কয়েকটি আরব রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে করা একগুচ্ছ চুক্তি, যা ২০২০ সালে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে স্বাক্ষরিত হয়েছিল।

মুসলিম দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন, মরক্কো এবং সুদান আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিয়েছে। 

ট্রাম্পের নতুন মন্তব্য সৌদি সরকারকে উভয় সংকটে ফেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ, সৌদি আরবের দীর্ঘদিন ধরে বলে আসছে, তারা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি গ্রহণযোগ্য রূপরেখা নিয়ে সমঝোতা না হওয়া পর্যন্ত ওই চুক্তিতে যোগ দেবে না।

এখন ট্রাম্প বলছে, সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্প্রতি যে পারমাণবিক চুক্তি সই করেছে, সেটার ভবিষ্যৎ নির্ভর করছে আব্রাহাম অ্যাকর্ডসে যোগদানের সিদ্ধান্তের ওপর।

এছাড়া চুক্তিটির কার্যকর হলেও সৌদি সরকার পারমাণবিক অস্ত্র তৈরির অনুমতি পাবে না বলেও জানান তিনি।

বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, চুক্তি আওতায় সৌদি সরকার কেবল বিদ্যুৎ উৎপাদনের মতো বেসামরিক কাজেই পারমাণবিক কেন্দ্র ব্যবহার করতে পারবে।

এদিকে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিটি দেশটির ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এ যোগ দেওয়ার ওপর ‘নির্ভরশীল’।

তিনি আরও বলেন, এটি এমন একটি শর্ত, যা নিয়ে প্রেসিডেন্ট আমাদের উপসাগরীয় ও আরব মিত্রদের সঙ্গে বহুবার আলোচনা করেছেন। লেভিট জানান, মধ্যপ্রাচ্যের দেশগুলো আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করুক। এটি ছিল তার প্রথম মেয়াদের অন্যতম ঐতিহাসিক অর্জন। তিনি আরও বলেন, ট্রাম্প চান, পারমাণবিক চুক্তিগুলোর পরিধি আরও বিস্তৃত হোক। আব্রাহাম অ্যাকর্ডস মার্কিন প্রেসিডেন্টের দীর্ঘমেয়াদী লক্ষ্যের অংশ; যাতে মধ্যপ্রাচ্য একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল অঞ্চলে পরিণত হয়।

বুধবার যখন চুক্তিটি ঘোষণা করা হয়েছিল, তখন কেন প্রশাসন এটিকে শর্ত হিসেবে উল্লেখ করেনি—এমন প্রশ্নের জবাবে লেভিট বলেন যে, বিষয়টি এমন যা, তিনি অতীতে বহুবার উল্লেখ করেছেন।

লেভিট আরও বলেন, ‘আপনারা জানেন, চূড়ান্ত চুক্তির বিষয়টি সবসময়ই প্রেসিডেন্টের হাতে থাকে...। আর সবকিছু প্রেসিডেন্ট নির্ধারণ করেন।’ লেভিট জানান, প্রেসিডেন্ট বলেছেন- ‘যদি সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ না দেয়, তবে চুক্তিটি বাতিল হয়ে যাবে।’


আন্তর্জাতিক এর আরও খবর