img

শুটিংয়ে গুরুতর আহত অভিনেত্রী রাশমিকা

প্রকাশিত :  ১৪:৪৫, ০১ আগষ্ট ২০২৬

 শুটিংয়ে গুরুতর আহত অভিনেত্রী রাশমিকা

বলিউড অভিনেত্রী রাশমিকা মানদানা শুটিংয়ে গুরুতর আহত হয়েছেন। এ জন্য চিকিৎসক তাকে টানা ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশনা দিয়েছেন।

এনডিটিভির খবর অনুযায়ী, বর্তমানে রাশমিকার হাতে রয়েছে ‘রাণাবলী’ ও ‘মাইসা’ নামের দুটি সিনেমার কাজ। এগুলোর একটিতে শুটিংয়ের সময়ই চোট পেয়েছেন অভিনেত্রী। আঘাতের ফলে রাশমিকার নিতম্ব ও কোমরের মাঝখানের একটি পেশিতন্তু পুরোপুরি ছিঁড়ে গেছে বলে খবর।

বিষয়টি নিয়ে চিকিৎসকরাও একটু অবাক হয়েছেন। তাদের দাবি এরকম চোটের সম্মুখীন সাধারণত ক্রীড়াবিদদের হতে হয়। কেননা তারা নিয়মিত কঠোর শারীরিক অনুশীলনের মধ্যে দিয়ে যান। জানা গেছে, রাশমিকাও সিনেমার গল্পের জন্য নাচ এবং অ্যাকশন দৃশ্য করছিলেন। সেটাতেই কঠিন শারীরিক কসরত দেখাতে গিয়ে বিপাকে পড়তে হয়েছে তাকে। দুর্ঘটনা কিংবা শারীরিক অবস্থা নিয়ে অবশ্য এখনো কোনো প্রতিক্রিয়া দেননি রাশমিকা।

উল্লেখ্য, রবীন্দ্র পুল্লের ‘মাইসা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন রাশমিকা। অন্যদিকে ‘রাণাবলী’ বানাচ্ছেন রাহুল সংকৃত্যন। এতে রাশমিকার সঙ্গী তার বাস্তব জীবনের স্বামী বিজয় দেবারাকোন্ডা। এর আগে তারা ‘গীত গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’-এর মতো সফল ছবি করেছেন।


img

‘দ্য অডিসি’র আয় ৫ হাজার কোটি টাকা

প্রকাশিত :  ১৪:৫০, ০১ আগষ্ট ২০২৬

খ্যাতিমান নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য অডিসি’ মুক্তির পর থেকেই বিশ্বব্যাপী বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করেছে। ইতোমধ্যে ছবিটির আয় প্রায় ৩৯০ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার কোটি টাকার সমান।

\r\n

বাংলাদেশেও সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রতিদিন ৫০টির বেশি প্রদর্শনী চলছে। মুক্তির প্রথম সপ্তাহেই দেশের বক্স অফিস থেকে ছবিটি প্রায় দুই কোটি টাকা আয় করেছে।

তিন হাজার বছর আগে গ্রিক কবি হোমারের লেখা বিশ্বখ্যাত মহাকাব্য ‘দ্য অডিসি’ অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। তবে নোলান শুধু মূল গল্পকে পর্দায় তুলে ধরেননি, বরং নিজের দৃষ্টিভঙ্গিতে গল্পটিকে নতুনভাবে উপস্থাপন করেছেন। মূল কাহিনির গুরুত্বপূর্ণ অংশ অক্ষুণ্ন রেখে তিনি প্রধান চরিত্র ওডেসিয়াসকে আরও মানবিক ও আবেগঘনভাবে তুলে ধরেছেন।

সিনেমার গল্পে দেখা যায়, ট্রোজান যুদ্ধ শেষ হওয়ার আট বছর পরও ইথাকার রাজা ওডেসিয়াস নিজের রাজ্যে ফিরতে পারেননি। অন্যদিকে তার স্ত্রী পেনেলোপ দীর্ঘদিন ধরে স্বামীর অপেক্ষায় আছেন। ছেলে বাবাকে না দেখেই বড় হয়েছে। রাজপ্রাসাদে নতুন পাত্রদের ভিড় জমলেও পেনেলোপ বিশ্বাস করেন, একদিন তার স্বামী অবশ্যই ফিরে আসবেন।

দূর এক দ্বীপে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন ওডেসিয়াস। কীভাবে তিনি সেখানে পৌঁছালেন এবং কেন এত বছরেও ঘরে ফিরতে পারলেন না—সেই রহস্য ধীরে ধীরে উন্মোচিত হয় পুরো সিনেমাজুড়ে। গল্পের সঙ্গে একে একে আসে পৌরাণিক নানা চরিত্র ও চমকপ্রদ ঘটনা।

সিনেমাটিতে ওডেসিয়াস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। পেনেলোপ চরিত্রে রয়েছেন অ্যান হ্যাথাওয়ে এবং ওডেসিয়াসের ছেলে তেলেমাকাস চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। এছাড়া আরও অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন, জেনডায়া, সামান্থা মর্টন ও লুপিতা নিয়োঙ্গো।

প্রায় তিন ঘণ্টার এই সিনেমায় সময়ের ভিন্ন ভিন্ন ধাপ একসঙ্গে দেখিয়েছেন নোলান। বর্তমান, অতীত এবং স্মৃতির নানা স্তর মিলিয়ে গল্প এগিয়েছে। ফলে শেষ পর্যন্ত দর্শকের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে ছবিটি।

কারিগরি দিক থেকেও এটি বিশেষ গুরুত্ব পেয়েছে। এটি বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা, যা সম্পূর্ণ সত্তর মিলিমিটার আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা হয়েছে। বিশাল পর্দায় ছবিটির দৃশ্য, সমুদ্রের চিত্রায়ন, আলো-ছায়ার ব্যবহার এবং আবহসংগীত দর্শকদের আলাদা অভিজ্ঞতা দিচ্ছে।

তবে সব প্রশংসার মধ্যেও কিছু সমালোচনাও রয়েছে। প্রায় তিন ঘণ্টার দীর্ঘ ছবিতে কয়েকটি গুরুত্বপূর্ণ পৌরাণিক ঘটনার জন্য আরও সময় দেওয়া যেত বলে মনে করছেন অনেকে। এছাড়া বড় তারকাবহর থাকা সত্ত্বেও কয়েকজন অভিনয়শিল্পীর উপস্থিতি তুলনামূলক কম।