img

শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেবেন কি না, তা ভারতকেই স্পষ্ট করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত :  ০৭:৫৬, ০৪ আগষ্ট ২০২৬

শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেবেন কি না, তা ভারতকেই স্পষ্ট করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে রাজনৈতিক বক্তব্য দিতে পারবেন কি না, এ বিষয়ে ভারত সরকারকেই তাদের অবস্থান স্পষ্ট করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ সরকার ভারত-বাংলাদেশ সম্পর্ককে ইতিবাচক ধারায় এগিয়ে নিতে আগ্রহী এবং এমন কোনো কর্মকাণ্ড যেন দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব না ফেলে, সেটিই সরকারের প্রত্যাশা।

গতকাল সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী, ৫ আগস্ট দিল্লিতে একটি অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। 

এ বিষয়ে আয়োজক ক্লাবের সভাপতি গণমাধ্যমকে জানিয়েছেন যে এতে ভারত সরকারের কোনো আপত্তি নেই—এ বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং কার্যক্রম-নিষিদ্ধ সংগঠনের প্রধান। তিনি কোথায় কী বলছেন, সেটির জবাব দেওয়া বাংলাদেশ সরকারের কাজ নয়। 

শামা ওবায়েদ বলেন, ভারত সরকার সম্প্রতি জানিয়েছে, তারা আশা করে না যে ভারতে অবস্থানরত কোনো পলাতক আসামি রাজনৈতিক বক্তব্য দেবেন এবং এমন কর্মকাণ্ডকে তারা সমর্থন করে না। এখন আলোচিত অনলাইন অনুষ্ঠান বা অন্য কোনো কর্মসূচিকে ভারত সরকার সমর্থন করে কি না, সেটি ভারত সরকারকেই স্পষ্ট করতে হবে। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়ে আসছে, ভারতে অবস্থানরত পলাতক আসামিরা যদি রাজনৈতিক বক্তব্য দেন বা বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো ষড়যন্ত্রে জড়ান, তাহলে তা দুই দেশের সম্পর্কের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। 

তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনারের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছে এবং দুই দেশ ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে সম্পর্ক এগিয়ে নিতে কাজ করছে। সেটা ক্ষতিগ্রস্ত হোক, তা আমরা চাই না এবং আমার গভীর বিশ্বাস, ভারতও তা চায় না। 

এ বিষয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে আবারও ব্যাখ্যা চাওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, অনুষ্ঠানটি ভারত সরকার আয়োজন করছে না। তবে প্রয়োজন মনে করলে সরকার কূটনৈতিক মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করবে। 

তিনি আরও জানান, অতীতেও বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠক ও যোগাযোগে বাংলাদেশ এ বিষয়টি একাধিকবার ভারতের কাছে লিখিত ও মৌখিকভাবে তুলে ধরেছে। তাদের সঙ্গে যখনই আমাদের দ্বিপাক্ষিক আলোচনা, মতবিনিময় হচ্ছে, বিষয়টি আমরা আমাদের তরফ থেকে পরিষ্কার করছি। সুতরাং যেহেতু সংশ্লিষ্ট ব্যক্তিরা ভারতে আশ্রিত, তাই এ বিষয়ে ভারত সরকারকেই নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে। 

এ ধরনের কর্মসূচি দুই দেশের সম্পর্কের উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করতে পারে কি না—জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সে সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশ বা বাংলাদেশের মানুষ কেউই ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি চায় না। বরং সম্পর্ক আরও উন্নত হোক, সেটিই সরকারের প্রত্যাশা। ভারতও সেই বিষয়টি বিবেচনায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

img

সন্ত্রাসবাদ ও সহিংসতা দমনে কঠোর অবস্থানের কথা কূটনীতিকদের জানাল সরকার

প্রকাশিত :  ১৭:৩৫, ২৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৭:৫৮, ২৪ নভেম্বর ২০২৬

ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের  সন্ত্রাসবাদ ও সাম্প্রতিক সহিংসতা মোকাবিলায় সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছে বাংলাদেশ। সরকার বলেছে, সন্ত্রাসবাদ কোনোভাবেই বরদাশত করা হবে না। একই সঙ্গে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের কয়েকটি দেশে অস্থিরতা ছড়ানো, সন্ত্রাসবাদ ও অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে তাদের দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছে ঢাকা।

মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের এ বিষয়ে ব্রিফ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সহিংসতা, নিরাপত্তা চ্যালেঞ্জ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন তিনি। পাশাপাশি একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে গণতান্ত্রিক উত্তরণ, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সমর্থন চান। বিনিয়োগ, প্রবৃদ্ধি ও উন্নয়নের অনুকূল পরিবেশ তৈরিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

ব্রিফিংয়ে হুমায়ুন কবির বলেন, সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনা দেশের মানুষের শান্তি, স্থিতিশীলতা, গণতান্ত্রিক স্বাধীনতা, অর্থনৈতিক সুযোগ এবং উন্নত ভবিষ্যতের আকাঙ্ক্ষার পরিপন্থী। এসব ঘটনা রাজনৈতিক প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ নেই। ককটেল বিস্ফোরণ, পেট্রোলবোমা হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট, পুলিশি স্থাপনায় হামলা ও মহাসড়ক অবরোধের মতো ঘটনা ঘটছে।

বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, তারা কয়েকটি দেশে অস্থিরতা ছড়াচ্ছে এবং সন্ত্রাসবাদ ও অর্থ পাচারের সঙ্গে জড়িত। তাদের দেশে ফিরিয়ে আনতে কূটনীতিকদের সহযোগিতা চেয়েছে সরকার। এসব তৎপরতা বিচ্ছিন্ন রাজনৈতিক প্রতিবাদ নয় উল্লেখ করে তিনি বলেন, মানুষের মধ্যে ভীতি ও নিরাপত্তাহীনতা তৈরি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাতে উসকানি দেওয়ার চেষ্টা চলছে।

পুলিশি স্থাপনায় হামলা ও অস্ত্র লুটের চেষ্টাকে রাষ্ট্রের কর্তৃত্ব এবং আইনের শাসনের প্রতি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন হুমায়ুন কবির। এসব ঘটনা যাতে দেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান তিনি।

ব্রিফিংয়ে সাম্প্রতিক সহিংসতার পরিসংখ্যান তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, ১ থেকে ২১ নভেম্বর পর্যন্ত দেশের ৪১টি প্রশাসনিক এলাকায় মোট ১৫৮টি সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। এসবের মধ্যে রয়েছে ককটেল বিস্ফোরণ, পেট্রোলবোমা হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট ও পুলিশি স্থাপনায় হামলা।

নভেম্বরের কয়েকটি ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, ১৭ নভেম্বর গোপালগঞ্জে একটি থানায় হামলা চালিয়ে পুলিশের গাড়ি ও থানা ভবনে আগুন দেওয়া হয়। এ সময় অস্ত্র ও গোলাবারুদ লুটের পাশাপাশি হেফাজতে থাকা ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া হয়। ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুরুতর আহত হন। ১৯ নভেম্বর মুকসুদপুরে আরেকটি থানায় হামলা, যানবাহনে অগ্নিসংযোগ এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বাসভবন ক্ষতিগ্রস্ত করা হয়।

এ ছাড়া নির্বাচিত সংসদ সদস্যদের বাসভবন, বিএনপির কার্যালয় এবং গ্রামীণ ব্যাংকের কয়েকটি শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের তথ্য তুলে ধরেন প্রতিমন্ত্রী। শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজার কাছে ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের কারণে যান চলাচল ও টোল আদায় ব্যাহত হয়। ফরিদপুরে বাসে আগুন দেওয়ার ঘটনায় এক চালক নিহত হন। নড়াইলে মিছিলে হামলায় স্থানীয় দুই নেতা নিহত হন। পাবনায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও জনসম্পত্তিতে হামলার ঘটনাও ঘটে।

চট্টগ্রামে পুলিশের ওপর হামলা, ঢাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, সিলেটে পুলিশের গাড়িতে হামলা এবং নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলার তথ্য জানান হুমায়ুন কবির।

সহিংসতার সামগ্রিক চিত্র তুলে ধরে তিনি আরও জানান, ৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ৮৩টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে এবং ৮৭টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে। গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা বা কার্যালয়ে হামলা চালানো হয়েছে অথবা সেগুলো হামলার লক্ষ্যবস্তু হয়েছে। পুলিশের চারটি স্থাপনায় অগ্নিসংযোগ বা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৯টি মামলা হয়েছে এবং ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের বিষয়টিও কূটনীতিকদের সামনে তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি অভিযোগ করেন, দেশের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলতে এবং শ্রমিকদের ভোগান্তিতে ফেলতে আওয়ামী লীগ ও এর কর্মীরা উদ্দেশ্যমূলকভাবে এ খাতে অসন্তোষ সৃষ্টির চেষ্টা করছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ তুলে ধরে হুমায়ুন কবির বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে, পেশাদারত্বের সঙ্গে এবং পরিস্থিতি অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সহিংসতার ঘটনায় মামলা হয়েছে, তদন্ত চলছে এবং বেআইনি কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হচ্ছে।

তিনি বলেন, কোনো রাজনৈতিক পরিচয়ই অগ্নিসংযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা, জনসম্পত্তি ধ্বংস কিংবা অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টাকে বৈধতা দিতে পারে না। এসব অপরাধে কাউকে দায়মুক্তি দেওয়া হবে না। একই সঙ্গে প্রতিশোধমূলক সহিংসতা কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়াও সরকার বরদাশত করবে না।

ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুমায়ুন কবির বলেন, কূটনীতিকদের কাছে সরকারের দৃষ্টিভঙ্গি ও নীতিমালার সর্বশেষ অবস্থা তুলে ধরা হয়েছে। বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। সরকারের নীতিমালা কীভাবে বাস্তবায়িত হচ্ছে, সে বিষয়েও তাদের জানানো হয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারের কঠোর অবস্থানের সঙ্গে ব্রিফিংয়ে উপস্থিত কূটনীতিকরা একমত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার সহনশীল এবং সবাইকে সঙ্গে নিয়ে চলার নীতিতে বিশ্বাসী। উন্মুক্ত সংলাপ ও আলোচনার মাধ্যমে বিদেশি অংশীদারদের সঙ্গে সম্পৃক্ত থাকতে চায় সরকার। আগামীতে বাণিজ্য ও বিনিয়োগের বিষয়ে বিভিন্ন দেশের দূতাবাসে কর্মরত কূটনীতিকদের সঙ্গে পৃথক বৈঠক করা হবে। সরকারের বহুমুখী নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ জানানো হয়েছে কি না, জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের উদ্বেগ প্রকাশের উদ্দেশ্যে ব্রিফিংয়ের আয়োজন করা হয়নি। সরকারের নীতি এবং সেগুলোর বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে বিদেশি অংশীদারদের হালনাগাদ তথ্য জানানোই ছিল এর উদ্দেশ্য।

এদিকে প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের সংশোধিত খসড়া নিয়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সেখানে সরকারের অবস্থান ও আইনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

জাতীয় এর আরও খবর