img

নারায়ণগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল ৪ শিশুর

প্রকাশিত :  ১৯:১৯, ২০ আগষ্ট ২০২৬

নারায়ণগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল ৪ শিশুর

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজের পর স্থানীয়রা পুকুর থেকে একে একে চার শিশুর মরদেহ উদ্ধার করেন। 

মৃত শিশুরা হলো— দুপ্তারা খানপাড়া এলাকার আলআমিনের মেয়ে ওজাইফা আক্তার (১০), মুন্নার মেয়ে আফসা আক্তার (১২), জাহাঙ্গীর হোসেনের মেয়ে রিয়া মনি (৮) ও রাকিবুল ইসলামের মেয়ে রুবাইয়া (৮)। তারা স্থানীয় বিভিন্ন স্কুলের বিভিন্ন শ্রেণিতে পড়াশোনা করত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশুদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুকুরে নেমে পানির নিচ থেকে চার শিশুকে উদ্ধার করেন।

উদ্ধার করে দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুই শিশুকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর চার শিশুকেই মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল আমিন জানান, দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্য দুজনকে স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়েছিল। চার শিশুই হাসপাতালে আনার আগেই মারা যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


জাতীয় এর আরও খবর

img

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রকাশিত :  ১৮:৪৪, ২০ আগষ্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ১৯:০৪, ২০ আগষ্ট ২০২৬

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুও উপস্থিত ছিলেন। 

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে এই সাক্ষাতের তথ্য নিশ্চিত করেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

এর আগে একই দিন জাতীয় সংসদে অনুষ্ঠিত প্রত্যক্ষ নির্বাচনে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে বিজয়ী হন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ প্রায় সাড়ে তিন দশকের ইতিহাসে এবারই প্রথম তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন প্রত্যক্ষ করল সংসদ। নির্বাচনে তিনি মোট ২৫৫টি ভোট পেয়ে বিজয়ী হন। অন্যদিকে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮টি ভোট।

সংসদে দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন সংসদ সদস্য নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষ হওয়ার পর বিকেল ৫টা ২০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করেন।

নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে গোলাপ ফুল দিয়ে উষ্ণ অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরবর্তীতে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দও তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়া রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পৃথক বার্তায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ডা. শফিকুর রহমান।


জাতীয় এর আরও খবর