সীমান্তে চোরাচালান, মাদকপাচার, পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার (৩১ আগস্ট) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে বিজিবি মহাপরিচালক রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় তাকে আন্তরিক অভিনন্দন জানান। এ সময় তিনি বাহিনীর সার্বিক কার্যক্রম এবং সীমান্তে নজরদারি বাড়াতে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার বন্ধে অতন্দ্র প্রহরী বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত সুরক্ষায় বাহিনীতে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।
এ বিষয়ে বিজিবিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার
প্রকাশিত :
১৯:২৪, ৩১ আগষ্ট ২০২৬
প্রবাসীর পাঠানো স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি মো. রিপন হোসেন ও সাধারণ সম্পাদক আল আমিন হোসেন শান্তকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের তাদের সঙ্গে সব ধরনের সাংগঠনিক যোগাযোগ ও সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের দপ্তর সম্পাদক শিবলী সাদিক শিবলুর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মো. সালাহউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মাহফুজ–উর–রহমান লিপকন এই বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট মালয়েশিয়াপ্রবাসী কাউসার হোসেন তার বোনের বিয়ের জন্য এক পরিচিত ব্যক্তির মাধ্যমে দেশে ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠান। বিমানবন্দর থেকে সেই স্বর্ণালংকার গ্রহণ করেন প্রবাসীর ছোট ভাই মো. সুমন ও তার বন্ধু রোহান। বিমানবন্দর এলাকা থেকে বের হয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে আসার পর তাদের পথরোধ করেন ছাত্রদল সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল আমিন, বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ এবং সাধারণ সম্পাদক রুবেল।
অভিযুক্তরা নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী পরিচয় দিয়ে এবং সঙ্গে বোমা থাকার ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীদের ওপর অতর্কিত হামলা চালান। মারধরের একপর্যায়ে তারা ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় পরদিন ২৯ আগস্ট ভুক্তভোগী মো. সুমন বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে বিমানবন্দরের ১ নম্বর সেক্টর এলাকা থেকে আল আমিন হোসেন শান্ত ও বিএনপি নেতা আব্দুর রউফকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া স্বর্ণের মধ্যে ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে এক দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে আজ সোমবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী দাবি করেন যে বাদীর সঙ্গে আসামিদের বাইরে আপস-মীমাংসা হয়ে গেছে। তবে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।