img

দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল

প্রকাশিত :  ১৪:০৫, ২৯ সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল

এবারের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে যুক্ত হলো আরও একদিন। ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাহী আদেশে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) ছুটির অনুমোদন দেন। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ড. সালেহ শিবলী।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর (মঙ্গলবার) নির্বাহী আদেশে এবং বিজয়া দশমী উপলক্ষে ২১ অক্টোবর (বুধবার) সাধারণ ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

এর পরের দুদিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার। এ দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি ছুটি থাকবে।

ফলে দুর্গাপূজাকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এবার আর আলাদা করে কোনো ছুটি নেওয়ার প্রয়োজন হচ্ছে না। মঙ্গলবার থেকে শুরু হয়ে এই ছুটি শেষ হবে শনিবার।

চলতি বছর মহালয়া হবে ১০ অক্টোবর। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

সরকারি ছুটির আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানেও ছুটির প্রভাব পড়বে। তবে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।


ধর্ম এর আরও খবর

img

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : জুমার দিনে মসজিদের প্রতিটি দরজায় ফেরেশতারা মুসল্লিদের নাম লিপিবদ্ধ করেন

প্রকাশিত :  ১৮:৩৮, ১৪ নভেম্বর ২০২৬

শায়খ জামাল আবদে নাসের

ইসলামে জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ ও বরকতময়। এদিন মুসলমানদের জন্য রয়েছে বিশেষ ইবাদত, আল্লাহর নৈকট্য লাভ ও গুনাহ মাফের সুযোগ। জুমার নামাজে আগেভাগে উপস্থিত হওয়া, মনোযোগ দিয়ে খুতবা শোনা এবং বেশি বেশি দোয়া ও দরুদ পাঠের ওপর গুরুত্বারোপ করেছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ শায়খ জামাল আবদে নাসির।

তিনি গত ৬ নভেম্বর শুক্রবার ইস্ট লন্ডন মসজিদে জুমার খুতবায় উপরোক্ত কথাগুলো বলেন। \"মসজিদের দরজায় ফেরেশতারা : জুমার দিনের প্রকৃত মর্যাদা ও গুরুত্ব\" শীর্ষক বিষয়ে তিনি জুমার দিনের ফজিলত, গুরুত্ব ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

শায়খ জামাল আবদে নাসির বলেন, প্রতি শুক্রবার মুসলমানদের নামাজের জন্য আহ্বান জানানো হয়। এই আহ্বানে সাড়া দেওয়া শুধু ধর্মীয় দায়িত্বই নয়, বরং আল্লাহর নৈকট্য অর্জনের এক বিশেষ সুযোগ । পবিত্র কোরআনের সুরা জুমার ৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ‘হে মুমিনগণ! জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে অগ্রসর হও এবং ক্রয়-বিক্রয় ছেড়ে দাও। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে।’

তিনি বলেন, জুমার নামাজ অবহেলা করার ব্যাপারে রাসুলুল্লাহ (সা.) কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছেন। হাদিসে বর্ণিত হয়েছে, যারা জুমার নামাজ অবহেলা করে, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিতে পারেন। অন্য হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি অবহেলাবশত তিনটি জুমার নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেন।

শায়খ জামাল বলেন, অন্তরে মোহর পড়ে যাওয়ার অর্থ অত্যন্ত ভয়াবহ। মানুষ তখন ইবাদতের স্বাদ হারিয়ে ফেলে, পাপের জন্য অনুশোচনা অনুভব করে না এবং ধীরে ধীরে ভালো-মন্দের পার্থক্য করার ক্ষমতা হারাতে থাকে।

জুমার দিনের বিশেষ মর্যাদা তুলে ধরে তিনি বলেন, ইসলামি চিন্তাবিদ ইবনুল কাইয়্যিম (রহ.) জুমাকে মুসলমানদের সাপ্তাহিক ঈদ হিসেবে বর্ণনা করেছেন। বছরের মাসগুলোর মধ্যে রমজানের যে মর্যাদা, সপ্তাহের দিনগুলোর মধ্যে জুমার মর্যাদাও তেমন।

শায়খ জামাল আবদে নাসির বলেন, জুমার দিনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, মসজিদের প্রতিটি দরজায় ফেরেশতারা উপস্থিত থেকে আগত মুসল্লিদের নাম পর্যায়ক্রমে লিপিবদ্ধ করেন।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘জুমার দিন মসজিদের প্রতিটি দরজায় ফেরেশতারা অবস্থান করেন। তাঁরা প্রথম আগমনকারী থেকে পর্যায়ক্রমে সবার নাম লিখতে থাকেন। ইমাম খুতবা দিতে বসলে তাঁরা খাতা বন্ধ করে খুতবা শুনতে আসেন।’ (বুখারি ও মুসলিম)

তিনি বলেন, এই হাদিস আমাদের শিক্ষা দেয়, জুমার নামাজে আগে উপস্থিত হওয়া কতটা গুরুত্বপূর্ণ। শুধু দুই রাকাত ফরজ নামাজ আদায় করলেই জুমার পূর্ণ ফজিলত অর্জিত হয় না। খুতবা শোনাও এর গুরুত্বপূর্ণ অংশ।

তিনি আরও বলেন, রাসুলুল্লাহ (সা.) জুমার প্রস্তুতি হিসেবে গোসল করা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, সুগন্ধি ব্যবহার, উত্তম পোশাক পরিধান এবং আগেভাগে মসজিদে যাওয়ার প্রতি গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে মসজিদে গিয়ে অন্য মুসল্লিদের কষ্ট না দেওয়া এবং খুতবার সময় সম্পূর্ণ নীরব থাকার নির্দেশ দিয়েছেন। এমনকি খুতবা চলাকালে পাশের কাউকে ‘চুপ থাকুন’ বলাও অনর্থক কথা হিসেবে গণ্য হয়।

শায়খ জামাল বলেন, জুমার দিনের গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্যে রয়েছে সুরা কাহফ তিলাওয়াত, রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি বেশি বেশি দরুদ পাঠ এবং আল্লাহর কাছে দোয়া করা।

তিনি উল্লেখ করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি তাঁর প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার প্রতি দশবার রহমত বর্ষণ করেন। পবিত্র কোরআনের সুরা আহজাবের ৫৬ নম্বর আয়াতেও মুমিনদেরকে নবী করিম (সা.)-এর প্রতি দরুদ ও সালাম পাঠের নির্দেশ দেওয়া হয়েছে।

জুমার দিনে দোয়া কবুলের একটি বিশেষ মুহূর্ত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ সময় কোনো মুসলমান আল্লাহর কাছে কল্যাণ কামনা করলে আল্লাহ তা কবুল করেন। এই বিশেষ সময় সম্পর্কে আলেমদের মধ্যে মতভিন্নতা থাকলেও শুক্রবারের শেষ সময়কে অনেকে অধিক গুরুত্ব দিয়েছেন।

শায়খ জামাল আবদে-নাসির বলেন, রাসুলুল্লাহ (সা.) শুক্রবারকে সর্বোত্তম দিন হিসেবে বর্ণনা করেছেন। এদিন আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছে, জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং জান্নাত থেকে বের করা হয়েছে। কিয়ামতও শুক্রবারেই সংঘটিত হবে।

তিনি মুসলমানদের প্রতি জুমার দিনকে যথাযথ মর্যাদা দেওয়া, আগেভাগে মসজিদে উপস্থিত হওয়া, মনোযোগ দিয়ে খুতবা শোনা এবং বেশি বেশি ইবাদত ও দোয়ার মাধ্যমে দিনটি অতিবাহিত করার আহ্বান জানান।

খুতবার শেষাংশে তিনি সকল মুসলমানের গুনাহ মাফ, প্রয়াত মা-বাবার প্রতি রহমত, সন্তানদের কল্যাণ এবং বিশ্বজুড়ে নির্যাতিত ও বিপদগ্রস্ত মানুষের মুক্তি ও শান্তি কামনা করে দোয়া করেন।

শায়খ জামাল আবদে নাসের : অতিথি খতিব, ইস্ট লন্ডন মস্ক এন্ড লন্ডন মুসলিম সেন্টার । জুমার খুতবা, ৬ নভেম্বর ২০২৬।  

ধর্ম এর আরও খবর