img

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : আসুন, হৃদয়ের সুস্থতার জন্য আল্লাহর দিকে ফিরে আসি

প্রকাশিত :  ০৬:৫৫, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:৫৭, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : আসুন, হৃদয়ের সুস্থতার জন্য আল্লাহর দিকে ফিরে আসি
শায়খ মুস্তাফা আবদুল্লাহ

মানুষ প্রতিদিন ঘুম থেকে উঠে এমনভাবে জীবনের কাজে ব্যস্ত হয়ে পড়ে, যেন এই পৃথিবীই তার স্থায়ী ঠিকানা । কর্মস্থল, যাতায়াত, বিল, পরিবার ও ভবিষ্যৎ পরিকল্পনার ভিড়ে মানুষ প্রায়ই ভুলে যায়—একদিন কোনো পূর্বঘোষণা ছাড়াই তার রূহ এই দুর্বল শরীর থেকে নিয়ে নেওয়া হবে।

১৮ সেপ্টেম্বর ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবায় কথাগুলো বলেছেন শায়খ মোস্তাফা আবদুল্লাহ। তিনি পবিত্র কুরআনের আয়াত উদৃত করে বলেন, “হে মানুষ! তোমাকে কোন জিনিসটি তোমার মহানুভব রব সম্পর্কে প্রতারিত (গাফেল) করেছে?” —সুরা আল-ইনফিতার, ৮২:৬।

শায়খ মোস্তাফা বলেন, একজন আলেম এই আয়াত শুনে বলেছিলেন, মানুষকে সবচেয়ে বেশি প্রতারিত করে তার অজ্ঞতা। কারণ অজ্ঞতাই মানুষকে গাফেল ও উদাসীন করে তোলে।

তিনি বলেন, আয়াতটিতে আল্লাহ নিজেকে ‘আল-কারিম’ বা মহানুভব ও পরম উদার হিসেবে উল্লেখ করেছেন। উদারতা শুধু সম্পদ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং হৃদয়ের প্রশস্ততাও এর অংশ । একজন মানুষ অন্যের ভুল ক্ষমা করতে পারে কি না, অতীতকে পেছনে ফেলতে পারে কি না এবং মানুষের ত্রুটির পাশাপাশি তার ভালো দিকও দেখতে পারে কি না—এসবও উদারতার অংশ।

তিনি আরও বলেন, আল্লাহ তাআলা বলেছেন, “পার্থিব জীবন তো প্রতারণার ভোগসামগ্রী ছাড়া আর কিছুই নয়।” সুরা আলে ইমরান। তাই যে দুনিয়াকে আল্লাহ নিজেই প্রতারণার সামগ্রী হিসেবে বর্ণনা করেছেন, সেই দুনিয়ার মোহে মানুষের অতিরিক্ত আসক্ত হওয়া উচিত নয়।

শায়খ মুস্তাফা আবদুল্লাহ বলেন, প্রথম যুগের এক ইমাম তাঁর এক ভাইকে উপদেশ দিয়েছিলেন—এই পৃথিবীতে যা নির্মিত হয়, একদিন তা ধ্বংস হবে; যা একত্রিত হয়, তা বিচ্ছিন্ন হবে; আর মানুষ শেষ পর্যন্ত কবরের যাত্রী হবে। তাই আল্লাহর দিকে দ্রুত ফিরে যাওয়া, তাঁর দেওয়া রিজিকে সন্তুষ্ট থাকা, আমল বাড়ানো এবং দুনিয়াবি আশা-আকাঙ্ক্ষা সীমিত করা জরুরি।
তিনি বলেন, এখান থেকে তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। প্রথমত, মানুষের আকাঙ্ক্ষা সীমিত করা দরকার। প্রতি বছর নতুন ফোন, প্রয়োজন না থাকা সত্ত্বেও নতুন গাড়ি কিংবা আরও বড় বাড়ির পেছনে ছোটা সবসময় হারাম নয়। তবে মানুষকে নিজের কাছে প্রশ্ন করতে হবে—এসব কি প্রকৃত প্রয়োজন, নাকি শুধু আকাঙ্ক্ষা? আখিরাতের জন্য সে কী প্রস্তুতি নিয়েছি?

দ্বিতীয়ত, প্রত্যেকের উচিত নিজের হিসাব নিজেই নেওয়া। তিনি আলী ইবনে আবি তালিব (রা.)-এর উক্তি উল্লেখ করে বলেন, “আজ আমলের সময়, হিসাব নেই; আর আগামীকাল হিসাব হবে, কিন্তু আমলের সুযোগ থাকবে না।”
অর্থাত, দুনিয়ার জীবন হচ্ছে কাজ করার সময়, আর আখিরাত হচ্ছে সেই কাজের হিসাব দেওয়ার সময়।

তিনি বলেন, রাসুলুল্লাহ (সা:) জানিয়েছেন, বান্দার প্রাণ কণ্ঠে পৌঁছানোর আগ পর্যন্ত আল্লাহ তার তওবা কবুল করেন। তাই তওবা ও সংশোধনের সময় এখনই।

তৃতীয়ত, ভালো কাজ করার তাওফিক আল্লাহর পক্ষ থেকেই আসে । তিনি নবী শু‘আইব (আ.)-এর কথা উদৃত করে বলেন, “আমার তাওফিক কেবল আল্লাহর পক্ষ থেকেই । তাঁরই ওপর আমি ভরসা করি এবং তাঁরই দিকে ফিরে যাই।” —সুরা হুদ, ১১:৮৮।

শায়খ মুস্তাফা বলেন, মানুষ মোবাইল ফোন ও গাড়ি চার্জ করতে ভুলে না, কিন্তু হৃদয়কে আধ্যাত্মিকভাবে সচল রাখার কথা প্রায়ই ভুলে যায়। সালাতের সময় হয়ে যাওয়ার পরও নামাজে দাঁড়াতে অনীহা কিংবা রমজানে রোজার প্রতি অনাগ্রহ—এসব আত্মিক অসুস্থতার লক্ষণ।

তিনি বলেন, শরীরের মতো হৃদয়েরও সুস্থতা প্রয়োজন, আর সেই সুস্থতার জন্য আল্লাহর কাছে ফিরে যাওয়া জরুরি।

সবশেষে তিনি দোয়া করেন, “হে আল্লাহ, আমাদের হৃদয়কে গাফেলতা থেকে জাগিয়ে দিন, অন্তরকে সংশোধন করুন, দুনিয়ার দীর্ঘ আশা কমিয়ে দিন এবং আপনার সঙ্গে সাক্ষাতের দিন আমাদের একটি নির্মল হৃদয় দান করুন। আমিন।”

শায়খ মুস্তাফা আবদুল্লাহ : অতিথি খতীব, ইস্ট লন্ডন মস্ক এন্ড লন্ডন মুসলিম সেন্টার । জুমার খুতবা, ১৮ সেপ্টেম্বর ২০২৬।

ধর্ম এর আরও খবর

img

ভারতের ঐতিহ্য দীপাবলি আজ বিশ্বজুড়ে: দুবাইয়ের রাজপথ থেকে সিডনি, মেলবোর্ন, টরন্টো ও আমেরিকায় আলোর উৎসব

প্রকাশিত :  ০৬:১১, ১১ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:৪১, ১১ নভেম্বর ২০২৬

সংগ্রাম দত্ত : মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দীপাবলি উদযাপনের মনোমুগ্ধকর দৃশ্য যেন বিশ্বসম্প্রীতির এক অনন্য প্রতিচ্ছবি। আধুনিক নগরীর রাজপথে বিভিন্ন ধর্ম, বর্ণ ও দেশের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, একটি দেশের ঐতিহ্য কীভাবে বিশ্বের মানুষের আনন্দ ও সংস্কৃতির অংশ হয়ে উঠতে পারে। ভারতের মাটিতে জন্ম নেওয়া দীপাবলি আজ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে আলোর উৎসব হিসেবে।

আলো, আনন্দ, উৎসব আর সম্প্রীতির এক অপূর্ব সম্মিলন—দীপাবলি বা দিওয়ালি। ভারতীয় উপমহাদেশের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা এই উৎসব আজ আর কোনো একটি দেশ কিংবা ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই। বিশ্বের বিভিন্ন মহাদেশে ছড়িয়ে পড়েছে আলোর এই উৎসব। আর সেই আন্তর্জাতিক সাংস্কৃতিক বিস্তারের এক চমৎকার উদাহরণ সংযুক্ত আরব আমিরাতের দুবাই।
 
দুবাইয়ের দীপাবলি উদযাপনের দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। একদিকে আধুনিক স্থাপত্যের দৃষ্টিনন্দন ভবন, প্রশস্ত ও ঝকঝকে সড়ক, আকাশচুম্বী অট্টালিকা; অন্যদিকে রাজপথের পাশে দাঁড়িয়ে শত শত মানুষের উৎসব উপভোগ করার দৃশ্য। বিভিন্ন দেশের বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আলোর উৎসব প্রত্যক্ষ করছেন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ মুগ্ধ হয়ে উপভোগ করছেন আলোর বর্ণিল আয়োজন।
 
ভিডিওটির দৃশ্য দেখে প্রথমে মনে হতে পারে, এটি বুঝি ভারতের অযোধ্যা, কাশী-বেনারস, বেঙ্গালুরু কিংবা তামিলনাড়ুর কোনো শহরের দীপাবলি উদযাপন। কিন্তু না, এটি ভারতের কোনো শহর নয়; এটি মধ্যপ্রাচ্যের আধুনিক ও আন্তর্জাতিক নগরী দুবাই।
 
এখানেই দৃশ্যটির বিশেষত্ব। ভারতের ঐতিহ্যবাহী একটি ধর্মীয় উৎসব হাজার হাজার কিলোমিটার দূরে আরব আমিরাতের মাটিতেও মানুষের আগ্রহ, আনন্দ ও অংশগ্রহণের উপলক্ষ হয়ে উঠেছে। উৎসবের সৌন্দর্য শুধু প্রদীপ, আলোকসজ্জা কিংবা আতশবাজির মধ্যে সীমাবদ্ধ নয়; এর প্রকৃত সৌন্দর্য মানুষের পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান এবং অন্যের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান করার মানসিকতায়।

দুবাই থেকে বিশ্বজুড়ে দীপাবলির আলো
দুবাইয়ের এই দৃশ্য আসলে একটি বৃহত্তর আন্তর্জাতিক বাস্তবতার অংশ। আজ বিশ্বের বিভিন্ন দেশে দীপাবলি উদযাপিত হচ্ছে। অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্ন, কানাডার টরন্টো, যুক্তরাজ্যের লন্ডন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, শিকাগো, ক্যালিফোর্নিয়াসহ বিভিন্ন শহরে প্রতিবছর দীপাবলি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন দেখা যায়।
 
কোথাও শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়ক আলোকসজ্জায় সাজানো হয়, কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত, নৃত্য, ঐতিহ্যবাহী খাবার ও আতশবাজির আয়োজন করা হয়। বিভিন্ন দেশের স্থানীয় প্রশাসন, সাংস্কৃতিক সংগঠন এবং প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের উদ্যোগে এসব উৎসব অনুষ্ঠিত হয়।
 
এসব আয়োজনে শুধু ভারতীয় বংশোদ্ভূত কিংবা হিন্দু ধর্মাবলম্বীরাই অংশ নেন না; বিভিন্ন দেশের, বিভিন্ন ধর্মের ও সংস্কৃতির মানুষও উৎসবের আনন্দ উপভোগ করেন। ফলে দীপাবলি ধীরে ধীরে ভারতীয় ঐতিহ্যের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক সাংস্কৃতিক পরিচিতি অর্জন করেছে।
 
বিষয়টি অনেকটা ইংরেজি নববর্ষ উদযাপনের মতো একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক বিস্তারের উদাহরণ। যেমন ১ জানুয়ারি বিশ্বের বিভিন্ন দেশে নানা ধর্ম ও সংস্কৃতির মানুষ একসঙ্গে নতুন বছরকে স্বাগত জানান, তেমনি দীপাবলিও আজ বিশ্বের বহু শহরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে আনন্দ, আলোকসজ্জা ও সাংস্কৃতিক মিলনের উপলক্ষ হয়ে উঠেছে। তবে দুটি উৎসবের ইতিহাস ও ধর্মীয় প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। ইংরেজি নববর্ষ গ্রেগরিয়ান বর্ষপঞ্জিভিত্তিক আন্তর্জাতিক বর্ষবরণ, আর দীপাবলি ভারতীয় ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত।
 
এই পরিবর্তন বিশ্বায়নের একটি গুরুত্বপূর্ণ দিক। একটি দেশের সংস্কৃতি যখন অন্য দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়, তখন তা শুধু সাংস্কৃতিক বিনিময়ই ঘটায় না, বরং মানুষের মধ্যে পারস্পরিক পরিচিতি, শ্রদ্ধা ও বন্ধুত্বের সম্পর্কও গড়ে তোলে।

দীপাবলির ইতিহাস ও ঐতিহ্য
 
দীপাবলি শব্দটির উৎপত্তি সংস্কৃত ‘দীপাবলি’ থেকে। ‘দীপ’ অর্থ প্রদীপ বা আলো এবং ‘আবলি’ অর্থ সারি। অর্থাৎ দীপাবলি বলতে বোঝায় সারি সারি প্রদীপের আলো। সাধারণত অক্টোবর-নভেম্বর মাসে কার্তিক মাসের অমাবস্যায় এই উৎসব পালিত হয়।
 
দীপাবলির সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতীয় সভ্যতা, পুরাণ, ধর্মীয় বিশ্বাস ও লোকাচারের নানা ইতিহাস। প্রচলিত হিন্দু বিশ্বাস অনুযায়ী, রামায়ণের কাহিনিতে চৌদ্দ বছরের বনবাস শেষে ভগবান শ্রীরাম, সীতা ও লক্ষ্মণের অযোধ্যায় প্রত্যাবর্তন উপলক্ষে নগরবাসী প্রদীপ জ্বালিয়ে আনন্দ উদযাপন করেছিলেন। সেই ঐতিহ্য থেকেই উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে দীপাবলি বিশেষ গুরুত্ব পেয়েছে।
 
অন্যদিকে, ভারতের বিভিন্ন অঞ্চলে দীপাবলির সঙ্গে দেবী লক্ষ্মীর আরাধনা, সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রত্যাশা জড়িত। দক্ষিণ ভারতে নরকাসুর বধের কাহিনিও এই উৎসবের অন্যতম অনুষঙ্গ। জৈন ধর্মাবলম্বীদের কাছে দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে মহাবীরের নির্বাণ লাভের স্মৃতির কারণে। শিখ সম্প্রদায়ের মধ্যেও বন্দি ছোড় দিবসের সঙ্গে আলোর উৎসবের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।
অর্থাৎ দীপাবলি শুধু প্রদীপ জ্বালানোর উৎসব নয়; এটি অন্ধকারের বিরুদ্ধে আলোর, অজ্ঞতার বিরুদ্ধে জ্ঞানের, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের এবং হতাশার বিরুদ্ধে আশার প্রতীক।

বুর্জ খলিফার আলোয় দীপাবলির অপরূপ সৌন্দর্য
 
দুবাইয়ের কথা বলতে গেলে বিশ্বের অন্যতম উঁচু ভবন বুর্জ খলিফার কথা আলাদাভাবে উল্লেখ করতেই হয়। ৮২৮ মিটার উচ্চতার এই স্থাপত্য বিস্ময় আধুনিক বিশ্বের অন্যতম পরিচিত প্রতীক।
বিভিন্ন উৎসব ও বিশেষ উপলক্ষে বুর্জ খলিফার গায়ে রঙিন আলোর প্রদর্শনী, বিশেষ বার্তা ও দৃষ্টিনন্দন আলোকসজ্জা ফুটিয়ে তোলা হয়। দীপাবলি উপলক্ষেও এই ভবনে বিশেষ আলোকসজ্জা ও শুভেচ্ছাবার্তা প্রদর্শিত হয়েছে বিভিন্ন সময়ে।
রাতের আকাশে আলোর বিচিত্র বিন্যাস, বুর্জ খলিফার গায়ে দীপাবলির শুভেচ্ছাবার্তা এবং চারপাশে মানুষের উচ্ছ্বাস—সব মিলিয়ে তৈরি হয় এক অসাধারণ পরিবেশ। আকাশজুড়ে আতশবাজির রঙিন ঝলকানি যেন উৎসবের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটক ও স্থানীয় বাসিন্দারা এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করেন।
এখানেও প্রকাশ পায় একটি গুরুত্বপূর্ণ বিষয়—উৎসবের আনন্দকে উপভোগ করতে ধর্মীয় পরিচয় একমাত্র বিবেচ্য বিষয় নয়। সৌন্দর্য, সংস্কৃতি ও আনন্দের প্রতি মানুষের আকর্ষণ সর্বজনীন।

ভারতের ঐতিহ্য, বিশ্বের সাংস্কৃতিক সম্পদ
ভারতীয় সংস্কৃতি আজ বিশ্বের বিভিন্ন দেশে সুপরিচিত। যোগব্যায়াম, ভারতীয় সংগীত, নৃত্য, চলচ্চিত্র, রান্না, পোশাক এবং ধর্মীয় উৎসব আন্তর্জাতিক সাংস্কৃতিক পরিমণ্ডলে নিজস্ব অবস্থান তৈরি করেছে। দীপাবলিও সেই সাংস্কৃতিক বিস্তারের একটি উল্লেখযোগ্য উদাহরণ।
 
ভারতের মাটিতে জন্ম নেওয়া এই উৎসব আজ বিশ্বের নানা দেশে উদযাপিত হচ্ছে। প্রবাসী ভারতীয়দের হাত ধরে এর বিস্তার ঘটলেও এখন বিভিন্ন দেশের স্থানীয় মানুষও এর সঙ্গে পরিচিত হচ্ছেন এবং অনেক ক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন।
 
এটি ভারতের সভ্যতা ও সংস্কৃতির আন্তর্জাতিক পরিচিতির পাশাপাশি বহুসাংস্কৃতিক সমাজের সৌন্দর্যও তুলে ধরে। কোনো দেশের ঐতিহ্য যখন অন্য দেশের মানুষের কাছে সম্মান ও গ্রহণযোগ্যতা অর্জন করে, তখন সেই ঐতিহ্য বিশ্বসংস্কৃতির অংশ হয়ে ওঠার সুযোগ পায়।

দুবাইয়ের দৃশ্য থেকে বিশ্বের জন্য সম্প্রীতির বার্তা
 
দুবাইয়ের রাজপথে দীপাবলি উপভোগ করা বিভিন্ন দেশের মানুষের দৃশ্য আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। একটি দেশকে উন্নত করতে শুধু উঁচু ভবন, প্রশস্ত সড়ক, আধুনিক প্রযুক্তি কিংবা অর্থনৈতিক সমৃদ্ধিই যথেষ্ট নয়। মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, সাংস্কৃতিক স্বাধীনতা এবং ধর্মীয় সম্প্রীতিও সমান গুরুত্বপূর্ণ।
একটি আদর্শ সমাজে প্রত্যেক মানুষ নিজের ধর্ম স্বাধীনভাবে পালন করবেন, নিজের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করবেন এবং একই সঙ্গে অন্যের ধর্মীয় বিশ্বাস ও উৎসবকে সম্মান করবেন। কোনো মানুষের ধর্মীয় পরিচয় যেন তার আনন্দ, অধিকার কিংবা সামাজিক মর্যাদার পথে বাধা হয়ে না দাঁড়ায়।
 
বিশ্বের প্রতিটি দেশেরই উচিত নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান করার পাশাপাশি অন্য দেশের সংস্কৃতি ও ধর্মীয় উৎসবের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। এতে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পাবে, আন্তর্জাতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্য দিয়ে মানবসভ্যতা এগিয়ে যাবে।
দুবাইয়ের এই দৃশ্য আমাদের সেই মানবিক সমাজের কথাই মনে করিয়ে দেয়, যেখানে ভিন্ন ধর্মের মানুষ পাশাপাশি বসবাস করেন, একে অন্যের উৎসবের আনন্দ ভাগ করে নেন এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সমাজকে এগিয়ে নিয়ে যান।

দীপাবলির আলো আজ বিশ্বমানবতার আনন্দ
দীপাবলির উৎপত্তি ভারতের মাটিতে, কিন্তু এর আলোর বিস্তার আজ বিশ্বজুড়ে। দুবাইয়ের আধুনিক রাজপথে বিভিন্ন দেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বুর্জ খলিফার আলোকচ্ছটা, সিডনি ও মেলবোর্নের উৎসব, টরন্টোর বর্ণাঢ্য আয়োজন কিংবা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের দীপাবলি উদযাপন—সব মিলিয়ে এটি এখন আন্তর্জাতিক সাংস্কৃতিক পরিমণ্ডলে বিশেষ স্থান করে নিয়েছে।
এই উৎসব আমাদের শেখায়, মানুষের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পার্থক্য থাকতেই পারে, কিন্তু সেই পার্থক্য যেন কখনো পারস্পরিক শ্রদ্ধা ও আনন্দের পথে বাধা না হয়।
দীপাবলির আলো তাই শুধু ঘরবাড়ি কিংবা নগরীর অন্ধকার দূর করার প্রতীক নয়; এটি মানুষের মনের সংকীর্ণতা দূর করারও একটি বার্তা বহন করে।
আলো কোনো একটি দেশ বা ধর্মের সম্পত্তি নয়। আলো সবার, আনন্দও সবার। ধর্ম যার যার, উৎসবের আনন্দ ও মানবিক সম্প্রীতি সবার। ভারতের মাটিতে জন্ম নেওয়া দীপাবলির এই বিশ্বব্যাপী যাত্রা আমাদের সেই কথাই নতুন করে স্মরণ করিয়ে দেয়।

ধর্ম এর আরও খবর