img

জলবায়ু নিয়ে জানতে, বুঝতে ও পদক্ষেপ নিতে ফিরে আসছে টাওয়ার হ্যামলেটস গ্রিন উইক ২০২৬

প্রকাশিত :  ১৪:৫০, ০৭ অক্টোবর ২০২৬

জলবায়ু নিয়ে জানতে, বুঝতে ও পদক্ষেপ নিতে ফিরে আসছে টাওয়ার হ্যামলেটস গ্রিন উইক ২০২৬

জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সঠিক তথ্যভিত্তিক আলোচনা গড়ে তুলতে ১৯ থেকে ২৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে টাওয়ার হ্যামলেটস গ্রিন উইক ২০২৬। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য হলো জলবায়ু বিষয়ক ভুল তথ্য মোকাবিলা করা এবং বাসিন্দাদের জলবায়ু পরিবর্তন সম্পর্কে আরও জানার, প্রশ্ন করার ও কার্যকর পদক্ষেপ নেওয়ার সুযোগ করে দেওয়া।

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম এবং গণমাধ্যমে জলবায়ু পরিবর্তন নিয়ে বিপুল পরিমাণ তথ্য প্রচারিত হচ্ছে। কিন্তু কোন তথ্য সত্য, কোনটি বিভ্রান্তিকর এবং পরিবেশ রক্ষায় কোন পদক্ষেপ বাস্তব পরিবর্তন আনতে পারে, তা বোঝা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় গ্রিন উইকের নানা আয়োজনের মাধ্যমে বাসিন্দাদের নির্ভরযোগ্য তথ্য জানার এবং স্থানীয় উদ্যোগগুলোর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ দেওয়া হবে।

সপ্তাহব্যাপী এই আয়োজনে থাকবে বিনামূল্যের নানা অনুষ্ঠান, কর্মশালা, প্রদর্শনী, বৃক্ষরোপণ কার্যক্রম, কমিউনিটি আলোচনা এবং পরিবারবান্ধব কার্যক্রম। স্থানীয় মানুষের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি বাসিন্দারা পরিবেশবান্ধব জীবনধারা ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পাবেন। 

গুরুত্বপূর্ণ কর্মসূচিসমূহ

১৪ অক্টোবরঃ কাপড় ও বই বিনিময় এবং মেরামত অনুষ্ঠান (ক্লোদস অ্যান্ড বুক সোয়াপ অ্যান্ড রিপেয়ার ইভেন্ট), সময়ঃ সকাল ১০:৩০টা থেকে দুপুর ১:৩০টা, স্থানঃ আইডিয়া স্টোর হোয়াইটচ্যাপেল

এই অনুষ্ঠানে বাসিন্দারা ব্যবহৃত কাপড় ও বই বিনিময় করতে পারবেন এবং কাপড় মেরামতের কর্মশালায় অংশ নিয়ে পুরোনো পোশাক নতুন করে ব্যবহারের কৌশল শিখতে পারবেন।

১৯ অক্টোবরঃ টাওয়ার হ্যামলেটস জলবায়ু জরুরি অবস্থা ব্রিফিং, সময়ঃ বিকেল ৪টা থেকে ৬টা

‘দ্য পিপলস এমার্জেন্সি ব্রিফিং’ চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে জলবায়ু ও প্রকৃতি সংকটের কারণ এবং প্রভাব তুলে ধরা হবে।

২০ অক্টোবরঃ টাওয়ার হ্যামলেটস জলবায়ু জরুরি অবস্থা ব্রিফিং (টাওয়ার হ্যামলেটস ক্লাইমেট ইমার্জেন্সি ব্রিফিং), সময়ঃ সন্ধ্যা ৬টা থেকে ৭:৩০টা, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সংকট নিয়ে আরেকটি বিশেষ আলোচনা ও প্রদর্শনী সেশন।

২১ অক্টোবরঃ টাওয়ার হ্যামলেটস টেকসই উন্নয়ন মেলা (টাওয়ার হ্যামলেটস সাসটেইনেবিলিটি ফেয়ার)

সময়ঃ সকাল ৯:৩০টা থেকে দুপুর ২টা

পরিবেশ সংরক্ষণ, পুনর্ব্যবহার এবং টেকসই জীবনযাপন নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের অংশগ্রহণে বিশেষ মেলা।

২২ অক্টোবরঃ জীববৈচিত্র্য ও চাষাবাদ বিষয়ক সিম্পোজিয়াম, সময়ঃ সকাল ৯:৩০টা থেকে বিকেল ৫টা

নগর পরিবেশে জীববৈচিত্র্য বৃদ্ধি, বাগানচর্চা এবং সবুজায়ন নিয়ে বিশেষজ্ঞদের আলোচনা।

২৪ অক্টোবরঃ কমিউনিটি বৃক্ষরোপণ দিবস, সময়ঃ সকাল ১০টা থেকে দুপুর ১টা

পরিবারসহ সকলের জন্য উন্মুক্ত বৃক্ষরোপণ কর্মসূচি, যার লক্ষ্য স্থানীয় পরিবেশকে আরও সবুজ করে তোলা।

২৫ অক্টোবরঃ কমিউনিটি খাদ্য বাগান গড়ে তোলার কর্মশালা, সময়ঃ দুপুর ১২টা থেকে ২টা

নিজেদের খাদ্য উৎপাদন এবং স্বাস্থ্যকর বাস্তুতন্ত্র গড়ে তোলার উপায় নিয়ে ব্যবহারিক প্রশিক্ষণ।

২৬ অক্টোবরঃ পরিবেশ বিষয়ক ভুল তথ্য ও কর্মজীবন বিষয়ক ওয়েবিনার, সময়ঃ দুপুর ১২:৩০টা থেকে ১:৩০টা

পরিবেশ রক্ষার অঙ্গীকার কার্যক্রম - দুপুর ২টা থেকে বিকেল ৪টা

‘নিরিবিলি পুকুরের রহস্য’ জলবায়ুভিত্তিক ইন্টারঅ্যাকটিভ গেম - বিকেল ৩টা থেকে ৫টা

একই দিনে শিশু ও পরিবারের জন্য লেগো ভিত্তিক পরিবেশ শিক্ষামূলক কার্যক্রমও আয়োজন করা হবে।

এছাড়া গ্রিন উইকের অংশ হিসেবে অক্টোবরের শেষভাগে বিভিন্ন আইডিয়া স্টোর ও লাইব্রেরিতে পরিবেশভিত্তিক গল্পপাঠ, স্ক্যাভেঞ্জার হান্ট, লেগো পরিবেশ চ্যালেঞ্জ, সমুদ্র সংরক্ষণ কার্যক্রম এবং শিশুদের জন্য হাতে-কলমে শেখার বিশেষ আয়োজন অনুষ্ঠিত হবে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সকল বাসিন্দাকে এই কর্মসূচিগুলোতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। পরিবেশ বিষয়ে অভিজ্ঞ হোন বা নতুন করে জানতে আগ্রহী হোন, গ্রিন উইক ২০২৬ সবার জন্য উন্মুক্ত।

বিস্তারিত জানতে ও নিবন্ধন করতে ভিজিট করুনঃ https://orlo.uk/F3FA9

আসুন, আমরা সবাই মিলে জলবায়ু নিয়ে জানি, প্রশ্ন করি এবং আরও সবুজ ও টেকসই টাওয়ার হ্যামলেটস গড়ে তুলতে ভূমিকা রাখি।

কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটসে কাউন্সিল অব মস্কসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত :  ১৪:০৩, ০৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:০৮, ০৭ অক্টোবর ২০২৬

ইসলামোফোবিয়া, মসজিদের নিরাপত্তা ও মাদক-অ্যালকোহল সমস্যা নিয়ে আলোচনা

লন্ডন, ৩ অক্টোবর: টাওয়ার হ্যামলেটসের ৫৬টি মসজিদ ও ইসলামিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত সংগঠন কাউন্সিল অব মস্কস টাওয়ার হ্যামলেটসের (Council of Mosques TH) বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) পূর্ব লন্ডনের লন্ডন মুসলিম সেন্টারে আয়োজিত এ সভায় মুসলিম কমিউনিটির বিভিন্ন সমস্যা, মসজিদের নিরাপত্তা, ইসলামোফোবিয়া এবং মাদক ও অ্যালকোহলসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সংগঠনের সভাপতি বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হাফিজ মাওলানা শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সংগঠনের ট্রেজারার মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল ও জয়েন্ট সেক্রেটারি মাহফিজুর রব।

সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর মায়ুম তালুকদার। তিনি টাওয়ার হ্যামলেটসের মুসলিম কমিউনিটিতে কাউন্সিল অব মস্কসের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

সভায় ইসলামোফোবিয়া বিষয়ে আলোচনা করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড পার্টনারশিপ বিভাগের কনসালট্যান্ট ড. আব্দুল্লাহ ফলিক। মসজিদের নিরাপত্তা ও অপরাধ প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরেন টাওয়ার হ্যামলেটসের প্রোটেকটিভ অ্যান্ড ক্রাইম প্রিভেনশন ম্যানেজার আর্টুর পানকওসিক। এছাড়া মাদক ও অ্যালকোহলসংক্রান্ত বিষয় নিয়ে বক্তব্য দেন সার্ভিস ম্যানেজার মিজান চৌধুরী।

বক্তারা মুসলিম কমিউনিটির বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা, মসজিদ ও ইসলামিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা ও সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান ড. আব্দুল হাই মুর্শেদ, কাউন্সিল অব মস্কস টাওয়ার হ্যামলেটসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ, ভাইস প্রেসিডেন্ট শামসুল হক এবং নির্বাহী সদস্য মোহাম্মদ মইন উদ্দিন মজুমদার, মোহাম্মদ আতিক মিয়া, মোহাম্মদ বশির আহমেদ, মোহাম্মদ মুসলেহ উদ্দিন, ইতোয়র হোসেন মুজিব, নুরুল উল্লাহ ও আরজ মিয়া।

এ ছাড়া বিভিন্ন মসজিদের চেয়ারম্যান, সেক্রেটারি, ইমাম এবং সংগঠনের অন্যান্য সদস্য সভায় অংশ নেন।

বার্ষিক সাধারণ সভায় কমিউনিটির বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময়ের পাশাপাশি মসজিদ ও ইসলামিক প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা এবং কমিউনিটির কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। 

কমিউনিটি এর আরও খবর