img

সারা দেশে সাঁড়াশি অভিযান শুরু

প্রকাশিত :  ১৩:০৮, ০৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৩:১৫, ০৮ অক্টোবর ২০২৬

সারা দেশে সাঁড়াশি অভিযান শুরু

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য রাজনৈতিক বিশৃঙ্খলা এড়াতে ডিসেম্বরের আগেই দেশজুড়ে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। সুনির্দিষ্ট পরিকল্পনার আওতায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানা গেছে। গত এক মাসে সারা দেশে অর্ধলক্ষাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বড় একটি অংশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।

রাজনৈতিক বিশ্লেষকরা শেখ হাসিনার এই ঘোষণাকে নিছক কর্মীদের মনোবল চাঙা করার কৌশল অথবা আন্তর্জাতিক মধ্যস্থতায় দেশে ফেরার নতুন রাজনৈতিক বন্দোবস্ত হিসাবে দেখছেন। তবে ফেরা নিয়ে সমঝোতা হোক বা না হোক, ডিসেম্বর ঘিরে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কঠোরভাবে প্রতিহত করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে পুলিশ প্রশাসন।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গত এক মাসে সারা দেশ থেকে ৫৩ হাজার লোককে গ্রেফতার করা হয়েছে। চলতি মাসের প্রথম ছয় দিনেই গ্রেফতার হয়েছেন প্রায় ১০ হাজার। রাজধানী ঢাকাতেই প্রতিদিন গড়ে ৫০০ জনকে আইনের আওতায় আনা হচ্ছে। এর মধ্যে বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৪৬৫ জনকে গ্রেফতারের খবর জানিয়েছে। গ্রেফতারদের বড় অংশই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।

সম্প্রতি গ্রেফতার হওয়া উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন-মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন খান জ্যোতি, পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ-সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুল তালুকদার, সিরাজগঞ্জের রায়গঞ্জের ধুবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম ভোলা প্রমুখ। এ ছাড়া সাটুরিয়ার বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মুহাম্মদ রুহুল আমিন, কিশোরগঞ্জের কুলিয়ারচরের রেনু মিয়া (যিনি হাতকড়া পরা অবস্থায় পালিয়ে আট ঘণ্টা পর ফের গ্রেফতার হন), রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মাজেদুর রহমান এবং উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য অধ্যাপক আব্দুল বারিক, কেরানীগঞ্জ মডেল থানা তাঁতী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারসহ তৃণমূলের অনেক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আগস্ট ও সেপ্টেম্বরে দুদফায় ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা দেন শেখ হাসিনা। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, দেশে ফিরলেই গ্রেফতার ও মামলার ঝুঁকি থাকায় এই ঘোষণা শুধু কোণঠাসা হয়ে পড়া কর্মীদের মনোবল চাঙা করার কৌশল। তার ফেরা মূলত ভারত ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতার ওপর নির্ভরশীল।

তবে অন্য অংশের মতে, ভারত সরকার শেখ হাসিনাকে দীর্ঘকাল আশ্রয় দেওয়াকে নিজেদের জন্য চাপ মনে করছে। তাই নিরাপত্তা ও আইনি নিশ্চয়তার (যেমন-মৃত্যুদণ্ড কার্যকর না হওয়া) ভিত্তিতে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে তাকে দেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে।

সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল যুগান্তরকে বলেন, সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘোষণাকে স্রেফ মনস্তাত্ত্বিক কৌশল ভাবার অবকাশ নেই। রাজনৈতিক পুনর্বাসন এবং দেশের মাটিতে শেষ নিশ্বাস ত্যাগের তাগিদ এখানে বড় চালিকাশক্তি। তবে আত্মগোপনে থাকা নেতারা যদি উপযুক্ত সময়ে (হিট অব দ্য মোমেন্ট) মাঠে নেমে পড়েন, তবে সাঁড়াশি অভিযান দিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে।

সংশ্লিষ্টরা জানান, ব্যাপক ধরপাকড় চললেও কারাগারের ধারণক্ষমতা বড় একটি শঙ্কার জায়গা তৈরি করেছে। দেশের কারাগারগুলোর মোট ধারণক্ষমতা প্রায় ৪৫ হাজার হলেও সেখানে গড়ে লাখের কাছাকাছি বন্দি রয়েছে।

অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক যুগান্তরকে বলেন, যদি সমঝোতা ছাড়াই প্রত্যাবর্তন এবং জোরপূর্বক প্রতিরোধের পরিস্থিতি তৈরি হয়, তবে দেশে রাজনৈতিক সহিংসতা দেখা দিতে পারে। কেবল পুলিশি শক্তি বা গণগ্রেফতারের মাধ্যমে এই সংকট মোকাবিলা সম্ভব নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেবল প্রধান উসকানিদাতাদের আইনের আওতায় আনতে হবে। নতুবা কারাগারগুলোর অতিরিক্ত বন্দি সংকটের কারণে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি থেকেই যায়।

পুলিশ সদর দপ্তরের একজন অতিরিক্ত আইজিপি জানান, আত্মগোপনে থেকে গোপনে দলের কার্যক্রম পরিচালনাকারীদের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং ডিসেম্বরের আগেই তাদের গ্রেফতারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা উসকানিমূলক পোস্ট ঠেকাতে সাইবার পুলিশ ইউনিট নিবিড় নজরদারি চালাচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ যুগান্তরকে বলেছেন, ডিসেম্বরকে ঘিরে রাজধানীতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা জনজীবন অস্থিতিশীল করার অপচেষ্টা বিন্দুমাত্র বরদাশত করা হবে না।

বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি কঠোরভাবে প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।


জাতীয় এর আরও খবর

img

প্রধানমন্ত্রী আজ থেকে সংলাপে বসছেন জুলাই শরিকদের সঙ্গে

প্রকাশিত :  ০৪:৫১, ২৩ নভেম্বর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন পক্ষের সঙ্গে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ও নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর পাশাপাশি অরাজনৈতিক শক্তিগুলোর সঙ্গেও তিনি মতবিনিময় করবেন। জুলাই অভ্যুত্থানের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আজ সোমবার মতবিনিময়ের মধ্য দিয়ে এই সংলাপ শুরু হচ্ছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় ও সরকারের উচ্চপর্যায়ের দায়িত্বশীল একাধিক সূত্র ইত্তেফাককে জানায়, সংলাপে কোন কোন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে তা এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে তৈরিকৃত তালিকায় প্রয়োজনে সংযোজন-বিয়োজন হতে পারে। তবে, আলোচনার সুনির্দিষ্ট বিষয়বস্তুর সারসংক্ষেপ তৈরি করা হয়েছে। এই সারসংক্ষেপের ভিত্তিতে প্রতিটি সংলাপের প্রারম্ভে প্রধানমন্ত্রী আমন্ত্রিত দল-জোটগুলোর নেতাদের উদ্দেশে সূচনা বক্তব্য রাখবেন। এরপর দ্বি-পাক্ষিক মতবিনিময় হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব সংলাপ হওয়ার কথা রয়েছে। সংলাপে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি ও সরকারের শীর্ষ নেতা-মন্ত্রীরা থাকবেন।

সংলাপের প্রেক্ষিত সম্পর্কে ক্ষমতাসীন বিএনপির একাধিক নেতা জানান, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী ভারতে আশ্রয় নিয়েছেন, তবে সেখান থেকে তারা ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। সেটিকে কেন্দ্র করে দেশে চালানো হামলা, অগ্নিসংযোগ ও হত্যার ঘটনার প্রেক্ষাপটেই প্রধানমন্ত্রী দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতার মধ্যে প্রধানমন্ত্রী যে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন সেটিকে ইতিবাচকভাবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই লক্ষ্যে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে আজ দুপুরে তার সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধিদল। এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির চার সদস্যের প্রতিনিধিদল এতে অংশ নেবে।

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের অন্যতম সদস্য ও দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার শনিবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলেছেন, ‘প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে এনসিপি ইতিবাচক হিসেবে নিয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে বলে মনে করে এনসিপি।’

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সংসদের ভেতরে-বাইরের গণতান্ত্রিক শক্তিকে একমঞ্চে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে এই ডাক দিয়ে তিনি বলেছেন, ‘পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে এই মুহূর্তে দলমত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক শক্তিকে চব্বিশের মতো এক মঞ্চে এসে দাঁড়াতে হবে। আসুন ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর এবং ৫ আগস্টের চেতনায় পতিত পরাজিত তাবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা সকলে এক মঞ্চে দাঁড়াই।’

বুধবার সংসদে প্রধানমন্ত্রী এই বক্তব্য দেওয়ার আগে তিনি সংসদ ভবনে নিজ কার্যালয়ে একান্তে বৈঠক করেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. মো. শফিকুর রহমানের সঙ্গে। সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলার কথা বলা হয়। অন্যদিকে, ফ্যাসিবাদবিরোধী ঐক্য সমুন্নত রাখা ও ফ্যাসিবাদের মূলোৎপাটন করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করার জন্য প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন বিরোধীদলীয় নেতা। প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিলেও বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের শর্ত দিয়েছে।

যুক্তরাজ্যে সাত দিনের সফর শেষে গতকাল রবিবার সন্ধ্যায় দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সংলাপে অংশ নেবে এনসিপি। সংলাপে তারা জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে ‘একদলীয় সংবিধান সংশোধন কমিটি’ অবিলম্বে ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে সরকারের প্রতি আহ্বান জানাবেন।

তিনি বলেন, এই পদক্ষেপের মাধ্যমে জনগণ বুঝতে পারবে- রাজনৈতিক দলগুলোর কাছে বার্তা যাবে যে তারা আসলেই জাতীয় ঐকমত্য চাইছে। আর না হলে তারা শুধু ডিসেম্বরে জাতীয় ঐকমত্য চাইবে আওয়ামী লীগ ঠেকানোর জন্য, জানুয়ারি মাসে তারা আবার এই একদলীয় কমিটির রায় ও মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলবে; এধরনের কোনো ঐক্যপ্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেছেন, দেশে একটা সংকটকাল চলছে। দেশের সরকারপ্রধান যদি তখন সংলাপের আহ্বান জানান, অবশ্যই দায়িত্বশীল রাজনৈতিক দল ও বিরোধী দল হিসেবে আমরা সেই সংলাপে সাড়া দেব। আমরা মূলত শুনতে চাইছি প্রধানমন্ত্রী আসলে কী চাইছেন, তিনি কীভাবে দেশকে এগিয়ে নিতে চাইছেন, কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে চাইছেন। আমাদের জায়গা থেকে আমরা তাকে পরামর্শ দিয়ে আসবো। জাতীয় ঐক্যের অবশ্যই সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে এবং বিগত সময়ে যে অঙ্গীকার ভঙ্গ করেছেন, তার জন্য ক্ষমা চাইতে হবে। এমন কিছু করার মাধ্যমেই জাতীয় ঐকমত্যের শুরু করতে হবে, যাতে আমরা আশ্বস্ত হবো।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, সঠিকভাবে জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তির নবায়ন, শেখ হাসিনার ফাঁসি কার্যকর- এই মৌলিক বিষয়গুলোতে যদি বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ হয়, তবেই কেবল জাতীয় ঐক্য হতে পারে।

জাতীয় এর আরও খবর