img

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯

প্রকাশিত :  ১৮:৪৯, ১০ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এরিতে বন্দুকধারীর হামলায় শিশুসহ নয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে বাড়ির বাইরে গুলি চালানোর পর ভেতরে ঢুকে হামলা চালায় ওই বন্দুকধারী। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পরে ঘটনাস্থলে সন্দেহভাজন হামলাকারীকেও মৃত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানা যায়, শুক্রবার বিকেল ৫টার দিকে গুলির শব্দ শুনে পুলিশ ওই বাড়িতে যায়। 

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানান, এক বন্দুকধারীকে বাড়ির বাইরে গুলি চালাতে দেখেছেন তাঁরা।

পরে ওই ব্যক্তি বাড়ির ভেতরে প্রবেশ করেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তায় দুই নারীকে মৃত অবস্থায় দেখতে পায়। তাঁদের দুজনেরই গুলিতে মৃত্যু হয়েছে।

এরপর বাড়িটি ঘিরে অবস্থান নেয় পুলিশ ও বিশেষ কৌশলগত দল।

এসময় বাড়ির ভেতর থেকে আরো গুলির শব্দ শোনা যায়। পরে পুলিশ বাড়ির ভেতরে প্রবেশ করে।

সেখানে আরো ৭ জনের মরদেহ পাওয়া যায়। তাঁদের মধ্যে শিশুও রয়েছে। এ ছাড়া সন্দেহভাজন হামলাকারীকেও মৃত অবস্থায় পাওয়া যায়।

তদন্তকারীদের ধারণা, নিজের ছোড়া গুলিতেই তাঁর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এরি শহরের পুলিশপ্রধান রিক লোরাহ। তিনি বলেন, তাঁর দেখা সবচেয়ে মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনাগুলোর একটি এটি।

লোরাহ বলেন, ‘প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। আমরা যে পরিস্থিতি মোকাবেলা করছি, তা গভীরভাবে উদ্বেগজনক। বর্তমানে আমরা নিশ্চিত করতে পারি যে সন্দেহভাজন ব্যক্তি মারা গেছেন। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, জনসাধারণের জন্য আর কোনো তাৎক্ষণিক হুমকি নেই।’

তিনি আরো বলেন, ‘নিহত ব্যক্তিদের, তাঁদের পরিবার এবং এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমাদের সমবেদনা। এ প্রাণহানির নির্মমতা প্রকাশের মতো কোনো শব্দ নেই।’

কর্তৃপক্ষ শনিবার জানায়, হত্যাকাণ্ডের পরিস্থিতি ও হামলার উদ্দেশ্য জানতে তদন্ত চলছে।

এদিকে, এরি শহর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সন্দেহভাজন হামলাকারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে জানানো হয়েছে, তাৎক্ষণিক বিপদের আশঙ্কা কেটে গেছে।

বিবৃতিতে ঘটনাটিকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করে শহর কর্তৃপক্ষ জানায়, এ খবর নগরবাসীর মধ্যে গভীর শোক ও বিস্ময়ের সৃষ্টি করেছে। তবে হামলার আগে কী ঘটেছিল, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আন্তর্জাতিক এর আরও খবর

img

‘পতনের দ্বারপ্রান্তে মোদি’, সোমবার দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের

প্রকাশিত :  ১৯:১১, ১০ অক্টোবর ২০২৬

মানুষের ভোটাধিকার রক্ষার দাবিতে দিল্লিতে বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে ভারতের বিরোধী জোট ‘ইন্ডিয়া’। শনিবার (১০ অক্টোবর) আলাপ্পুঝায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল।

তিনি বলেন, সংবিধান ও জনগণের ভোটাধিকার সুরক্ষার চলমান লড়াইয়ের অংশ হিসেবে আগামী সোমবার রাজধানী দিল্লিতে এক বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ইন্ডিয়া জোট। এই ইস্যুতে ইতোমধ্যে নিজেদের উদ্বেগের কথা জানাতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন জোটের শীর্ষ নেতারা। পাশাপাশি, আগামী সোমবারে ভারতের প্রধান বিচারপতির সঙ্গেও তাদের দেখা করার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সুরক্ষা দেওয়ার অপচেষ্টার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর তীব্র সমালোচনা করেন বেণুগোপাল। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশনারকে আড়াল করার এই প্রক্রিয়াই মোদি ও শাহের পতনের কারণ হবে।

তিনি আরও দাবি করেন, প্রধানমন্ত্রী মোদির আচরণ দেখে মনে হচ্ছে তিনি পতনের দ্বারপ্রান্তে রয়েছেন। বিরোধীদের আন্দোলনকে তিনি ভয় পাচ্ছেন। ককরোচ জনতা পার্টির ঘোষিত শনিবারের বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে রীতিমতো লকডাউন জারি করেছে সরকার। বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো স্টেশন ও সারা দেশের সঙ্গে দিল্লির রেল যোগাযোগ। মাঠে নামানো হয়েছে হাজার হাজার সশস্ত্র পুলিশ সদস্য।

একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন ব্যবস্থা গড়ে না ওঠা পর্যন্ত কংগ্রেস এবং ইন্ডিয়া জোট লড়াই চালিয়ে যাবে বলে জানান এই নেতা। কেরালার ভোটার তালিকা সংশোধন (এসআইআর) নিয়ে দলের সতর্ক নজরদারির কথা উল্লেখ করেন কে সি বেণুগোপাল। এছাড়া, নির্বাচন কমিশনের প্যাডে বিজেপির \'পদ্ম\' প্রতীক ফুটে ওঠার মতো সাম্প্রতিক বিতর্কের দিকেও তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করেন।

আন্তর্জাতিক এর আরও খবর