img

ইরানের ৭ শর্তের কয়েকটি মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র: রেজায়ি

প্রকাশিত :  ০৬:৪০, ১২ অক্টোবর ২০২৬

ইরানের ৭ শর্তের কয়েকটি মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র: রেজায়ি

আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়ে ইরানের দেওয়া সাত শর্তের কয়েকটি যুক্তরাষ্ট্র মেনে নিয়েছে বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি মোহসিন রেজায়ি। তবে ওয়াশিংটনের জবাবকে পর্যাপ্ত মনে করছেন না তিনি।

স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি এসব তথ্য জানান। খবর এএনআইয়ের।

এক্স বার্তায় রেজায়ি লিখেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সাত শর্তের কয়েকটিতে রাজি হয়েছে। তবে তা পর্যাপ্ত নয় বলে আমরা মনে করি। ইরানের কূটনীতি বদলে গেছে এবং আগের অবস্থায় ফেরার কোনো উপায় নেই।

চলতি মাসের শুরুতে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ১৪ দফার সমঝোতা স্মারকের ভিত্তিতে দেওয়া ইরানের সাতটি শর্ত পূরণ করতে হবে যুক্তরাষ্ট্রকে। শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে।

গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি মধ্যস্থতাকারীর মাধ্যমে প্রস্তাব পাঠিয়েছিল। তবে ইরান নিজেদের অবস্থানে অনড় ছিল।

আল জাজিরার খবরে জানানো হয়, ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা এবং মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারসহ ইরানের দেওয়া শর্ত মানলেই কেবল হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে এবং আলোচনা শুরু হবে। 

গত মাসে চলমান সংঘাত বন্ধে আলোচনা শুরুর উদ্যোগ হিসেবে কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত পাঠিয়েছিল ইরান।


আন্তর্জাতিক এর আরও খবর

img

করাচিতে ১৪৪ ধারা জারি, সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত :  ১০:৪৫, ১২ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ১০:৪৮, ১২ অক্টোবর ২০২৬

এবার পাকিস্তানের করাচিতে আগামী ২০ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১২ অক্টোবর) করাচির কমিশনার সৈয়দ হাসান নাকভির জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহরের প্রধান সড়ক, মোড় ও চত্বরগুলোতে প্রতিবাদ, বিক্ষোভ, অবস্থান ও মিছিলের কারণে যানজট তৈরি হচ্ছে। এতে নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষের চলাচল, জরুরি সেবা এবং হাসপাতালে যাতায়াত ব্যাহত হচ্ছে।

নিষেধাজ্ঞার আওতায় করাচি বিভাগের বিভিন্ন এলাকায় প্রতিবাদ, বিক্ষোভ, অবস্থান, মিছিল এবং পাঁচজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। জনশান্তি বজায় রাখা, নাগরিকদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি সেবার যান চলাচল স্বাভাবিক রাখার জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পাকিস্তানে রাজনৈতিক উত্তেজনার মধ্যে এ সিদ্ধান্ত এল। খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারি এবং প্রদেশটির মুখ্যমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা সোহেল আফ্রিদিকে গ্রেপ্তারের পর দেশটির রাজনীতিতে উত্তেজনা তৈরি হয়েছে। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান দীর্ঘদিন ধরে কারাবন্দি রয়েছেন।

সূত্র: দ্যা ডন 

আন্তর্জাতিক এর আরও খবর