img

হরমুজের কাছে আসলে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়ার হুমকি ইরানের

প্রকাশিত :  ০৬:০৮, ১৪ অক্টোবর ২০২৬

হরমুজের কাছে আসলে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়ার হুমকি ইরানের

হরমুজ প্রণালির দিকে এগিয়ে এলে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলি আজমায়ি এ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন যুদ্ধজাহাজের জন্য প্রস্তুত রয়েছে ইরানি বাহিনী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

অন্যদিকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে তেহরানের দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে, এই গুরুত্বপূর্ণ নৌপথ তাদের ও আঞ্চলিক মিত্রদের নিয়ন্ত্রণে রয়েছে। এর মধ্যে প্রণালিতে একটি কনটেইনারবাহী জাহাজে অজ্ঞাত কোনো বস্তু বা অস্ত্রের আঘাতের খবরও জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা।

আলি আজমায়ি বলেন, ‘আমরা অপেক্ষা করছি, কখন মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালির প্রবেশমুখে আসবে, যাতে আমরা সেগুলো ডুবিয়ে দিতে পারি’। 

এ ধরনের মুখোমুখি সংঘর্ষের জন্য ইরানি বাহিনী ‘সময় গুনছে’ বলেও মন্তব্য করেন তিনি।

আজমায়ির দাবি, নিজেদের দুর্বলতার কারণে মার্কিন যুদ্ধজাহাজগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথের কাছে আসার ‘সাহস পাচ্ছে না’। 

তিনি বলেন, ১৩ বিলিয়ন ডলার মূল্যের যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরি হরমুজ প্রণালি থেকে ৭০০ কিলোমিটার দূরে সরে গেছে।

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি দেখতে চায় হরমুজ প্রণালি খোলা নাকি বন্ধ, তাহলে তারা সরাসরি এখানে এসে দেখুক—কার নিয়ন্ত্রণে রয়েছে এই সমুদ্রপথ।’

এদিকে হরমুজ প্রণালির ভেতরে অজ্ঞাত কোনো বস্তু বা অস্ত্রের আঘাতে একটি কনটেইনারবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ইউকেএমটিও।

অন্যদিকে হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে এবং কাছে এলে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হবে—ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এমন দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম বলেছে, ‘আইআরজিসির নৌবাহিনীর কমান্ডারের কোনো নৌবাহিনীই নেই। হরমুজ প্রণালি স্পষ্টতই যুক্তরাষ্ট্রের বাহিনী ও আঞ্চলিক মিত্রদের নিয়ন্ত্রণে রয়েছে।’

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এই নৌপথের নিয়ন্ত্রণ তেহরানের হাতে রয়েছে বলে ইরানি নৌকমান্ডার যে মন্তব্য করেছেন, তাও প্রত্যাখ্যান করেছে সেন্টকম।

মার্কিন সামরিক এই কমান্ডটি জানিয়েছে, গত সোমবার হরমুজ প্রণালি দিয়ে এক কোটি ৯০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল পরিবহণে উপসাগরীয় অঞ্চলের মিত্রদের সহায়তা করেছে যুক্তরাষ্ট্রের বাহিনী।


আন্তর্জাতিক এর আরও খবর

img

ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা

প্রকাশিত :  ১৩:২৭, ১৪ অক্টোবর ২০২৬

ভারতে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তরুণদের আন্দোলনে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলন অনুপ্রেরণা জুগিয়েছে বলে জানিয়েছেন দেশটির ছাত্রনেত্রী নেহা বোরা। তাঁর ভাষ্য, ভারতে জেন-জি বা নতুন প্রজন্মের যে বড় গণআন্দোলন গড়ে উঠেছে, তার মূল শিক্ষা এসেছে বাংলাদেশের শিক্ষার্থীদের ঐতিহাসিক আন্দোলন থেকে।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা। বার্তাটি ছাত্রফ্রন্টের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়। বাংলাদেশের আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে নেহা বোরা বলেন, ভারতে যে জেন-জি আন্দোলন আজ ছড়িয়ে পড়েছে, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। মোদি সরকারের বিরুদ্ধে লড়াইরত ভারতের তরুণদের পথ দেখানোর জন্য তিনি বাংলাদেশের তরুণদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে তরুণরা যেভাবে লড়াই করছে, ভারতের তরুণদের আজকের লড়াইও ঠিক একই রকম। বর্তমানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মুক্তচিন্তা থামিয়ে দেওয়ার যে চেষ্টা চলছে, তার সাথে ভারতের শিক্ষাব্যবস্থায় রাজনীতিকরণের মিল রয়েছে বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন। এই পরিস্থিতিতে পুরো দক্ষিণ এশিয়ায় সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য এই অঞ্চলের তরুণদের একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

ভারতে মোদিবিরোধী জেন-জি আন্দোলনের অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন এই ছাত্রনেত্রী। আন্দোলনে পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে তার সাহসিকতার ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হলে তিনি ব্যাপক পরিচিতি পান। বর্তমানে ভারতে নিরপেক্ষ নির্বাচন, শিক্ষার স্বাধীনতা ও মুক্তচিন্তা রক্ষার দাবিতে শিক্ষার্থীদের যে ক্ষোভ তৈরি হয়েছে, তার সামনের সারিতে থেকেই নেতৃত্ব দিচ্ছেন নেহা বোরা।


আন্তর্জাতিক এর আরও খবর