পুরোনো পোশাক ও বইয়ে নতুন প্রাণঃ হোয়াইটচ্যাপেলে আয়োজন ‘সোয়াপ ইট্ লাইক ইটস্ হট!’
পুরোনো কিন্তু ব্যবহারযোগ্য পোশাক ও বই ফেলে না দিয়ে অন্যের কাজে লাগানোর মাধ্যমে অপচয় কমানো এবং টেকসই জীবনযাপনকে উৎসাহিত করতে হোয়াইটচ্যাপেল আইডিয়া স্টোরে আয়োজন করা হয়েছে “সোয়াপ ইট্ লাইক ইটস্ হট!” শীর্ষক একটি বিশেষ পোশাক এবং বই অদল-বদল বা সোয়াপ অনুষ্ঠান।
আগামী বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, অনুষ্ঠিতব্য এ আয়োজনের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা তাদের আলমারিতে পড়ে থাকা পরিষ্কার ও ভালো মানের পোশাক এবং পড়ে শেষ করা বই অন্যদের সঙ্গে বিনিময় করার সুযোগ পাবেন। আয়োজকদের আশা, এ ধরনের উদ্যোগ শুধু বর্জ্য কমাতে সহায়তা করবে না, বরং কমিউনিটির মধ্যে পুনঃব্যবহার ও পরিবেশবান্ধব জীবনধারার সংস্কৃতিও গড়ে তুলবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সর্বোচ্চ ১৫টি পরিষ্কার ও ভালো মানের পোশাক নিয়ে আসতে পারবেন এবং সেগুলোর পরিবর্তে অন্যদের আনা পোশাক সংগ্রহ করতে পারবেন। একইসঙ্গে বইপ্রেমীদের জন্য থাকছে বুক সোয়াপ (বই অদল-বদল), যেখানে নিজের পড়া প্রিয় বই অন্যের সঙ্গে বিনিময় করে নতুন বই আবিষ্কারের সুযোগ মিলবে।
আয়োজনের আরেকটি আকর্ষণ হলো সানি জার ইকো হাব পরিচালিত ক্লদস্ মেন্ডিং ওয়ার্কশপ। এই কর্মশালায় অংশগ্রহণকারীরা তাদের পছন্দের কোনো পোশাক নিয়ে এসে সহজ হাতে সেলাই ও মেরামতের কৌশল শিখতে পারবেন। এর মাধ্যমে পোশাকের ব্যবহারকাল বাড়ানো এবং অপ্রয়োজনীয় বর্জ্য কমানোর বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ তৈরি হবে।
এছাড়া অনুষ্ঠানে পুনঃব্যবহার ও পুনর্ব্যবহার বিষয়ে বিভিন্ন তথ্য ও পরামর্শ প্রদান করা হবে। কীভাবে পোশাক ও ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী দীর্ঘদিন ব্যবহার উপযোগী রাখা যায় এবং কীভাবে দৈনন্দিন জীবনে বর্জ্য কমানো সম্ভব, সে বিষয়ে অংশগ্রহণকারীরা বাস্তবধর্মী টিপস পাবেন।
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, প্রতিবছর বিপুল পরিমাণ ব্যবহারযোগ্য পোশাক ও বই বর্জ্যে পরিণত হয়। এ ধরনের বিনিময়ভিত্তিক উদ্যোগ শুধু অপচয় হ্রাসই করে না, বরং নতুন কিছু কেনার প্রয়োজনও কমিয়ে দেয়, যা পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব ফেলে।
কর্মসূচির সময়সূচি
পোশাক ও বই জমা দেওয়ার সময়: সকাল ১০:৩০টা থেকে ১১:৩০টা
পোশাক ও বই বিনিময়: দুপুর ১২টা থেকে ১টা
পোশাক মেরামত কর্মশালা: সকাল ১০:৩০টা থেকে দুপুর ১:৩০টা
আয়োজকদের ভাষায়, এটি এমন একটি আয়োজন যেখানে আপনি পুরোনো কোনো জিনিস বিদায় জানিয়ে অন্যের প্রিয় জিনিসকে নিজের সংগ্রহে স্থান দিতে পারবেন।
তাই পুরোনোকে ফেলে না দিয়ে নতুনভাবে ব্যবহার করুন। নিয়ে আসুন আপনার অপ্রয়োজনীয় পোশাক ও বই, আর ফিরে যান নতুন কিছু নিয়ে।



















