img

ইস্ট লন্ডন মসজিদে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ‘কমিউনিটি কনভারসেশন’

প্রকাশিত :  ১৬:২৯, ১৫ অক্টোবর ২০২৬

ইস্ট লন্ডন মসজিদে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ‘কমিউনিটি কনভারসেশন’

লন্ডন, ১৫ অক্টোবর ২০২৬: কমিউনিটির মানুষের মতামত ও পরামর্শ গ্রহণ এবং ভবিষ্যৎ পরিকল্পনায় তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ইস্ট লন্ডন মসজিদের উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘কমিউনিটি কনভারসেশন’। এ আয়োজনের মাধ্যমে স্থানীয় কমিউনিটির সদস্যরা সরাসরি মসজিদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে নিজেদের মতামত, পরামর্শ ও প্রত্যাশা তুলে ধরার সুযোগ পান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত লন্ডন মুসলিম সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন বয়সের নারী ও পুরুষ সদস্যরা অংশগ্রহণ করেন। তাঁরা মসজিদের বিভিন্ন সেবা ও কার্যক্রম সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ফিডব্যাক ফর্ম পূরণের মাধ্যমে মসজিদের সেবার মানোন্নয়নে তাঁদের মতামত, নতুন ধারণা ও প্রত্যাশা জানান । পাশাপাশি অনেকে মসজিদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলে বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে মসজিদের চেয়ারম্যান ড. আব্দুল হাই মুরশাদ, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুনায়েদ আহমেদ, হেড অব অ্যাসেটস অ্যান্ড অপারেশনস আসাদ জামান এবং হেড অব প্রোগ্রামস ও মারিয়াম সেন্টারের ম্যানেজার সুফিয়া আলমসহ মসজিদের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সম্পর্কে মসজিদের চেয়ারম্যান ড. আব্দুল হাই মুরশাদ বলেন, ‘আমরা সারা বছরই কমিউনিটির মানুষের মতামত ও পরামর্শ গ্রহণ করি। এসব মতামত আমাদের সেবা কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কমিউনিটি কনভারসেশনের মাধ্যমে মানুষ সরাসরি আমাদের কাছে তাঁদের মতামত ও নতুন ধারণা তুলে ধরার সুযোগ পান।’

মসজিদের প্রধান নির্বাহী কর্মকর্তা জুনায়েদ আহমেদ অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, কমিউনিটির মানুষের কথা শোনার জন্য বিশেষভাবে আয়োজিত এ ধরনের অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘আজ এত নারী ও পুরুষ সদস্যকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাঁদের মূল্যবান মতামত ও নতুন ধারণা তুলে ধরতে দেখে আমরা আনন্দিত। আমরা তাঁদের প্রতিটি মতামত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করব এবং মসজিদের ভবিষ্যৎ সেবা ও সুযোগ-সুবিধার পরিকল্পনায় সেগুলো কাজে লাগাব।’

উল্লেখ্য, গত বছর প্রথমবারের মতো ‘কমিউনিটি কনভারসেশন’ উদ্যোগ চালু করা হয়। কমিউনিটির মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা এবং মসজিদের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রমে স্থানীয় জনগণের মতামতের প্রতিফলন নিশ্চিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটসের গর্ভবতী নারী ও চার বছরের কম বয়সী শিশুর পরিবারের জন্য স্বাস্থ্যকর খাবার কেনায় আর্থিক সহায়তা

প্রকাশিত :  ১৭:৪২, ১৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৭:৪৫, ১৫ অক্টোবর ২০২৬

গর্ভবতী নারী এবং চার বছরের কম বয়সী শিশুর পরিবারের জন্য স্বাস্থ্যকর খাবার ও দুধ কেনার ক্ষেত্রে আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে। যুক্তরাজ্যের হেলদি স্টার্ট (Healthy Start) কর্মসূচির আওতায় যোগ্য ব্যক্তিরা এই সহায়তা পেতে পারেন বলে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপনি যদি ১০ সপ্তাহের বেশি সময়ের গর্ভবতী হন অথবা আপনার চার বছরের কম বয়সী সন্তান থাকে, তাহলে আপনি এই সহায়তার জন্য যোগ্য হতে পারেন।

কী ধরনের সহায়তা পাওয়া যাবে?

আবেদন অনুমোদিত হলে যোগ্য আবেদনকারীকে একটি হেলদি স্টার্ট কার্ড (Healthy Start card) দেওয়া হবে। এই কার্ডে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা থাকবে, যা যুক্তরাজ্যের অংশগ্রহণকারী দোকানগুলো থেকে স্বাস্থ্যকর খাবার ও দুধ কেনার জন্য ব্যবহার করা যাবে।

এই কর্মসূচির উদ্দেশ্য হলো গর্ভাবস্থায় এবং শিশুর জীবনের প্রথম বছরগুলোতে পুষ্টিকর খাবার কেনার সুযোগ বাড়ানো, যাতে মা ও শিশুর সুস্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করা যায়।

কারা আবেদন করতে পারবেন?

আপনি যদি ১০ সপ্তাহের বেশি সময়ের গর্ভবতী হন।

আপনার চার বছরের কম বয়সী সন্তান থাকলে।

আপনি যদি কর্মসূচির নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করেন।

শুধু গর্ভবতী হওয়া বা চার বছরের কম বয়সী সন্তান থাকলেই সহায়তা নিশ্চিত নয়। অন্যান্য যোগ্যতার শর্তও পূরণ করতে হবে।

কীভাবে আবেদন করবেন?

যোগ্যতা যাচাই করে অনলাইনে আবেদন করুন।

আবেদন ও বিস্তারিত তথ্য: https://orlo.uk/zK9Wz

আপনি বা আপনার পরিচিত কেউ এই সহায়তার জন্য যোগ্য হতে পারেন বলে মনে হলে, তথ্যটি তাঁদের সঙ্গে শেয়ার করুন।

কমিউনিটি এর আরও খবর