img

শক্তিশালী ভূকম্পে কাঁপল পাকিস্তান ও আফগানিস্তান

প্রকাশিত :  ০৪:৫৭, ২৬ অক্টোবর ২০২৬

শক্তিশালী ভূকম্পে কাঁপল পাকিস্তান ও আফগানিস্তান

পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল রোববার (২৫ অক্টোবর) রাতে আঘাত হানা এ ভূমিকম্পে দুই দেশের একাধিক অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় দক্ষিণ এশিয়ার এ দুই দেশের কোথাও তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবরও আসেনি।

আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, ভূমিকম্পে দেশটির রাজধানী কাবুল, নানগারহারসহ আশপাশের কয়েকটি প্রদেশ কেঁপে ওঠে। তবে আফগানিস্তানে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.২। 

রয়টার্স বলছে, শুরুতে ইএমএসসি কম্পনটির মাত্রা ৫.৮ বলে ধারণা করেছিল, তবে পরে তা সংশোধন করে ৫.২ নির্ধারণ করেছে। কেন্দ্রটি আরও জানিয়েছে, ভূমিকম্পটি ১১০ কিলোমিটার (৬৮.৩৫ মাইল) গভীরতায় আঘাত হেনেছে।

অন্যদিকে, পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন এলাকা এবং উত্তরের গিলগিট-বালতিস্তান অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে।


আন্তর্জাতিক এর আরও খবর

img

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা, পাল্টা পদক্ষেপ সৌদি জোটের

প্রকাশিত :  ০৬:৫৪, ২৬ অক্টোবর ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে নিখুঁত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। এছাড়াও দেশটির পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি অপরিশোধিত তেল পাম্পিং স্টেশনে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। 

আজ সোমবার (২৬ অক্টোবর) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক মাধ্যম এক্স-এ এক বিবৃতিতে এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণের বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর প্রতিক্রিয়া হিসেবে ইয়েমেনের রাজধানী সানায় জোরালো সামরিক অভিযান চালিয়ে হুতিদের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মঞ্চ ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি জানান, এর মধ্যে একটি লঞ্চার রিয়াদ বিমানবন্দরে হামলায় ব্যবহৃত হয়েছিল এবং হুতিদের ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস করতে এই অভিযান অব্যাহত থাকবে।

সৌদি জোটের পক্ষ থেকে আরও জানানো হয়, হুতিদের হুমকি নিষ্ক্রিয় করতে ইয়েমেনে তাদের রদবদল ও রসদ সরবরাহের পথ বন্ধের উদ্দেশ্যে পাঁচটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণ সুড়ঙ্গ, চারটি লঞ্চার এবং একটি অস্ত্রাগারে হামলা চালানো হয়েছে। এছাড়া হুতিদের সামনের সারির সামরিক সরঞ্জাম ও ঘাঁটিগুলোকেও নিশানা করেছে জোট বাহিনী।

হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি আরও দাবি করেন, সৌদি আরবের খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটি ও জাজানের একটি নৌঘাঁটিতে আক্রমণের পাশাপাশি ইয়েমেনের এডেন গভর্নরেটের সালাহ আল-দিন এবং লাহিজের আল-ওয়াহাত এলাকায় প্রতিপক্ষ সামরিক বাহিনীর অবস্থান ও অস্ত্রাগারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। 

বিপরীতে গত ২৪ ঘণ্টায় হোদেইদাহ, লাহিজ, আমরান, সাআদা, আল-জাউফ, তাইজ ও ইব্বসহ ইয়েমেনের বিভিন্ন প্রদেশে অন্তত ৫৬টি বিমান হামলা চালানোর জন্য সৌদি জোটকে অভিযুক্ত করেছে হুতিরা।

সূত্র: আল জাজিরা