img

আরবদের বাদ দিয়ে নতুন সরকার গঠনের দাবি ইসরাইলি ডানপন্থি নেত্রীর

প্রকাশিত :  ১৭:১৫, ২৮ অক্টোবর ২০২৬

আরবদের বাদ দিয়ে নতুন সরকার গঠনের দাবি ইসরাইলি ডানপন্থি নেত্রীর

ইসরাইলে সদ্য অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মধ্যেই দেশটির ডানপন্থী দল ‘ইসরাইল ফার্স্ট’-এর প্রধান শারেন হাস্কেল আরবদের সম্পূর্ণ বাদ দিয়ে নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। ইসরাইলের ফিলিস্তিনি সংখ্যালঘু নাগরিকদের ভোটকেন্দ্রে গিয়ে ব্যাপক হারে ভোট দিতে উদ্বুদ্ধ করার জন্য চরম ডানপন্থী নেতাদের দায়ী করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সাবেক এই উপ-পররাষ্ট্রমন্ত্রী অতি-ডানপন্থী নেতা বেন-গ্যভির ও সমোত্রিচকে অভিযুক্ত করে বলেন, তাদের কর্মকাণ্ডের কারণেই ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকরা ‘জায়োনবাদ-বিরোধী দলগুলোকে’ বিপুল সংখ্যায় ভোট দিয়েছেন। এর সমাধান হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বী ইহুদি দলগুলোকে একত্র করে একটি ‘বৃহৎ জাতীয় সরকার’ গঠনের প্রস্তাব জানান, যেখানে কোনো আরব প্রতিনিধি বা তাদের সমর্থিত রাজনৈতিক দল থাকবে না।
ইসরাইলি সেনাবাহিনীতে অতি-অর্থোডক্স ইহুদিদের যোগদানের বাধ্যবাধকতা স্থগিত সংক্রান্ত প্রস্তাবিত আইনের প্রতিবাদে উপ-পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর গত জুলাইয়ে ‘ইসরাইল ফার্স্ট’ দলটি গঠন করেছিলেন হাস্কেল। তার প্রতিষ্ঠিত এই দলটি আরব ও অতি-অর্থোডক্স ইহুদি—উভয় পক্ষকে বাদ দিয়ে একটি স্বতন্ত্র ও ঐক্যবদ্ধ জায়নবাদী সরকার গঠনের পক্ষে প্রচারণা চালিয়ে আসছে।
পার্লামেন্টারি আসন জয়ের জন্য ন্যূনতম ৩.২৫ শতাংশ ভোটের যে থ্রেশহোল্ড বা শর্ত রয়েছে, তার দল জনমত জরিপে এর নিচে থাকলেও নিজের রাজনৈতিক অবস্থানের পক্ষে অনড় রয়েছেন হাস্কেল। তিনি জানান, যে নীতির জন্য তিনি লড়াই চালিয়েছেন, তার জন্য তিনি আগের যেকোনো সময়ের চেয়ে এখন আরও বেশি গর্বিত।
সূত্র: আল-জাজিরা

আন্তর্জাতিক এর আরও খবর

img

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

প্রকাশিত :  ১০:৫৭, ২৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ১১:০০, ২৮ অক্টোবর ২০২৬

স্পেনের মধ্যাঞ্চলীয় তোলেদো প্রদেশে দুটি দ্রুতগতির যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছে। আজ বুধবার (২৮ অক্টোবর) সকালে উর্দা এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে নিচে পড়ে যায়।

স্পেনের জরুরি সেবাবিষয়ক কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ৫৪ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। মাদ্রিদ থেকে সেভিয়া রুটে চলাচলকারী দুটি ট্রেন এতে জড়িত ছিল।

প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি ট্রেন অন্য একটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে অন্তত দুটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের পাশের ঢাল বেয়ে নিচে পড়ে যায়। দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাতে ফায়ার সার্ভিস, জরুরি সেবাকর্মী ও চিকিৎসক দল মোতায়েন করা হয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সূত্র: ফার্স্টপোস্ট

আন্তর্জাতিক এর আরও খবর