img

ইরানে হামলার তারিখ জানাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত :  ০৯:৩৯, ৩১ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ১১:৪৭, ৩১ অক্টোবর ২০২৬

ইরানে হামলার তারিখ জানাল যুক্তরাষ্ট্র

ইরানে নতুন করে হামলার আশঙ্কায় উপসাগরীয় মিত্র দেশগুলোকে প্রস্তুত থাকার সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৪ নভেম্বরের মধ্যে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরদিনই ইরানে এ হামলা হতে পারে।

তিনজন জ্যেষ্ঠ উপসাগরীয় আরব কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম এমএস নাও। 

এ বিষয়ে আলোচনার সঙ্গে অবগত কর্মকর্তাদের ধারণা, সম্ভাব্য হামলা হবে স্বল্পস্থায়ী, তবে তীব্র। এদিকে ইরানের পাল্টা হামলার আশঙ্কায় উপসাগরীয় দেশগুলো ওয়াশিংটনকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানাচ্ছে।

এক কর্মকর্তা বলেছেন, কিছু উপসাগরীয় দেশ তাদের ভূখণ্ডে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহার করে হামলা চালানোর বিরোধিতা করলেও তিনি অবাক হবেন না।

গত ১ সেপ্টেম্বরের পর থেকে ইরানে আর কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রতিশ্রুতি দিয়েছেন, মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার আগে ইরানে নতুন করে হামলা চালানো হবে না।

তবে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে জানতে চাইলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এমএস নাওকে বলেন, ‘যেসব সংবেদনশীল সামরিক পরিকল্পনা থাকতে পারে বা নাও থাকতে পারে, সেগুলো নিয়ে আমরা মন্তব্য করি না।’

ওই কর্মকর্তা আরও বলেন, ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে ট্রাম্প সব ধরনের বিকল্প খোলা রেখেছেন। সূত্র: টাইমস অব ইসরাইল


আন্তর্জাতিক এর আরও খবর

img

থাইল্যান্ডে ভয়াবহ আগুনে ১১ জনের মৃত্যু, আহত ১৬

প্রকাশিত :  ০৭:০০, ১৬ নভেম্বর ২০২৬

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেটের একটি বাণিজ্যিক শপহাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। আজ সোমবার (১৬ নভেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে রয়টার্সকে জানিয়েছে পুলিশ।

থাইল্যান্ডের কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ভোর ৩টা ১৭ মিনিটে একটি গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা পরিচালনা করা হয় এমন একটি ভবনে এই আগুন লাগে এবং পরবর্তীতে তা আশপাশের বেশ কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাই নাগরিক এবং একজন মায়ানমারের নাগরিক বলে পুলিশ জানিয়েছে। তবে এই অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে কোনো পর্যটক ছিলেন না। আগুনের সূত্রপাতের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

যে ভবনটিতে আগুন লেগেছিল তা ফুকেটের পশ্চিম উপকূলের জনপ্রিয় পাতং সমুদ্রসৈকত এলাকার কাছাকাছি একটি শহরে অবস্থিত। উল্লেখ্য, এই অগ্নিকাণ্ডের মাত্র চার মাস আগে ব্যাংককের একটি বারে লাগা আগুনে কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছিল।

সূত্র: য়টার্স

আন্তর্জাতিক এর আরও খবর