img

ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা পেল বাংলাদেশ

প্রকাশিত :  ১৩:২১, ১৬ নভেম্বর ২০২৬

ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা পেল বাংলাদেশ

বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর ফলে দেশের অবকাঠামো, জ্বালানি ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে প্রকল্প বাস্তবায়নে মার্কিন অর্থায়ন পাওয়ার সুযোগ তৈরি হলো।

আজ সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় ডিএফসি।

বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বড় চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগ বাড়াতে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডিএফসির অর্থায়ন ও বিনিয়োগের ঝুঁকি কমানোর সুবিধার মাধ্যমে অর্থের অভাব বা ঝুঁকির কারণে আটকে থাকা প্রকল্পগুলো বাস্তবায়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

এ উদ্যোগের ফলে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রয়োজনীয় সেবার পরিধি বাড়ানো এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে আশা করছে সংস্থাটি।

ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক বলেন, অর্থায়নের যোগ্যতা অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে সহায়ক বেসরকারি বিনিয়োগ বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে বলে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র। এ প্রক্রিয়ায় বাংলাদেশকে সহযোগিতার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন হলো পারস্পরিক বাণিজ্য চুক্তি। এই লক্ষ্য অর্জনে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে দুই দেশের সমৃদ্ধি আরও বাড়বে।

ডিএফসি জানায়, বিশ্বের অর্ধেকের বেশি মানুষের বসবাস এবং দ্রুত বর্ধনশীল কয়েকটি অর্থনীতির অবস্থান ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। এ অঞ্চলে কৌশলগত মার্কিন বিনিয়োগের বড় সম্ভাবনা রয়েছে। মুক্তবাজার অর্থনীতির ভিত্তিতে প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর আঞ্চলিক উপস্থিতি বাড়ানো এবং অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে কাজ করছে সংস্থাটি।

অর্থনীতি এর আরও খবর

img

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

প্রকাশিত :  ০৭:৫৩, ১৭ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই সভায় মালিকপক্ষের প্রতিনিধিদের পক্ষ থেকে শ্রমিকদের নতুন বেতন কাঠামোর প্রস্তাব উপস্থাপন করার কথা রয়েছে।

গতকাল সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর শ্রম অধিদপ্তরে বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বোর্ডের একজন সদস্য অসুস্থ হয়ে পড়ায় অনিবার্য কারণ দেখিয়ে সভাটি স্থগিত করা হয়। সভা স্থগিত হওয়ার পরপরই মালিক ও শ্রমিক—উভয় পক্ষ দ্রুততম সময়ের মধ্যে সভার নতুন তারিখ নির্ধারণের দাবি জানায়।

গত ৯ নভেম্বর অনুষ্ঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেন। ওই সভায় মালিকপক্ষ তাৎক্ষণিকভাবে তাদের প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। সে অনুযায়ী গতকালের সভায় মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা থাকলেও সভা স্থগিত হওয়ায় এখন ২৩ নভেম্বর তা উপস্থাপন করা হবে।

বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। এরপর গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় আগামী ডিসেম্বর মাস থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার ঘোষণা দেওয়া হলে শ্রমিকেরা ধীরে ধীরে কাজে ফিরতে শুরু করেন।

প্রসঙ্গত, সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল, যা ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। শ্রম আইন ও মেয়াদ অনুযায়ী, চলতি নভেম্বর মাসে বর্তমান মজুরি কাঠামোর মেয়াদ শেষ হচ্ছে। ২০২৩ সালে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।