img

বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

প্রকাশিত :  ১৯:০৭, ২৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে । অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে বিশ্বের ১৪টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের বিরুদ্ধে নতুন করে বাণিজ্য পদক্ষেপের অংশ হিসেবে এ প্রস্তাব দিয়েছে দেশটি।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ ধারার আওতায় এ প্রস্তাব ঘোষণা করেছে। প্রস্তাবিত শুল্কের আওতায় নির্দিষ্ট কিছু পণ্যে ছাড় রাখার কথা বলা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে জনমত ও সংশ্লিষ্ট পক্ষের মতামত গ্রহণের প্রক্রিয়াও শুরু করেছে সংস্থাটি।

প্রস্তাবে সবচেয়ে বেশি ২০ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়েছে চীনের পণ্যে। ওয়াশিংটনের অভিযোগ, ইস্পাত, বৈদ্যুতিক গাড়ি ও সৌরবিদ্যুৎ সরঞ্জামসহ বিভিন্ন পণ্য অতিরিক্ত পরিমাণে উৎপাদন করে কম দামে বিশ্ববাজারে রপ্তানি করছে চীন।
বাংলাদেশের জন্য প্রস্তাবিত শুল্কহার কম্বোডিয়ার সমান ১৮ শতাংশ। অন্যদিকে, ভারতের পণ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ এবং ভিয়েতনামের পণ্যে সর্বোচ্চ ৩৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। তবে এসব দেশের নির্দিষ্ট কিছু পণ্যে শুল্ক ছাড়ের সুযোগ রাখা হয়েছে।

ইউএসটিআর জানিয়েছে, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারস্পরিক বাণিজ্য চুক্তি হলে এবং তদন্তে উঠে আসা উদ্বেগের বিষয়গুলো সমাধান করা হলে দেশটির জন্য প্রস্তাবিত শুল্কহার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৭ শতাংশ করার বিষয়টি বিবেচনা করা হতে পারে। একইভাবে ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তি হলে দেশটির শুল্কহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাব বিবেচনা করবে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশের বিষয়ে মূল্যায়নে ইউএসটিআর পাঁচটি ক্ষেত্রে উদ্বেগ প্রকাশ করেছে। এগুলো হলো—উৎপাদন ও শিল্প সম্প্রসারণে সরকারি পরিকল্পনা, উৎপাদন ও রপ্তানি বাড়াতে প্রণোদনা, শ্রমিকদের অধিকার ও সুরক্ষায় অপর্যাপ্ত ব্যবস্থা, আর্থিক খাতে নিয়ন্ত্রণমূলক নীতি এবং বৈশ্বিক অতিরিক্ত উৎপাদন সক্ষমতা মোকাবিলায় ব্যর্থতা।
এ ছাড়া অ-বাজার অর্থনীতির দেশগুলো থেকে আমদানি ও সরাসরি বিদেশি বিনিয়োগের মাধ্যমে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা এবং উৎপাদন পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে সংস্থাটি।

ইউএসটিআরের মূল্যায়নে বলা হয়েছে, এসব নীতির প্রভাব বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক ও অ্যাপারেল খাতে পড়েছে।
সংস্থাটির দাবি, বাংলাদেশের এসব চর্চার ফলে দেশটিতে যুক্তরাষ্ট্রের উৎপাদক ও রপ্তানিকারকদের বাণিজ্যিক সুযোগ কমেছে। একই সঙ্গে তৃতীয় দেশের বাজারেও মার্কিন ব্যবসায়ীরা প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এ ছাড়া এসব চর্চার কারণে যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতে উৎপাদন, রপ্তানি, কর্মসংস্থান ও বিনিয়োগ কমেছে বলে দাবি করেছে ইউএসটিআর। পাশাপাশি অ-বাজার অর্থনীতির দেশগুলোর উপকরণের ওপর নির্ভরতা বাড়ায় যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার ঝুঁকিও তৈরি হচ্ছে বলে মনে করছে সংস্থাটি।
img

দাম বাড়ল সয়াবিন তেলের, লিটারে কত টাকা?

প্রকাশিত :  ১১:৪১, ২৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:৪৭, ২৬ নভেম্বর ২০২৬

দেশের বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি তিন টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে খোলা পাম তেলের দাম আগের মতোই লিটার প্রতি ১৬৬ টাকা রাখা হয়েছে। 

এ ছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম এক হাজার টাকা থেকে বাড়িয়ে এক হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় এবং দেশের সার্বিক সরবরাহ পরিস্থিতি বিবেচনায় এ মূল্য সমন্বয় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে দেশে ভোজ্যতেলের মজুদ, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদন এবং বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে সয়াবিন তেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল।

এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে দাম পুনর্নির্ধারণ করা হয়নি। এতে ভোজ্যতেল আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা ক্রমেই চ্যালেঞ্জিং হয়ে উঠছে।

আসন্ন পবিত্র রমজান সামনে রেখে দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজারদর এবং বর্তমান আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম পুনর্নির্ধারণের দাবি জানায় সংগঠনটি।

এদিকে বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুদ এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি ঠেকাতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অর্থনীতি এর আরও খবর