img

একলাফে ১১ হাজার টাকা কমল স্বর্ণের দাম

প্রকাশিত :  ০৪:৫৭, ২০ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৫:২৬, ২০ নভেম্বর ২০২৬

একলাফে ১১ হাজার টাকা কমল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে । ভরিতে একলাফে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। এতে টানা ৮ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমলো ২৮ হাজার ৫১৮ টাকা।

আজ শুক্রবার (২০ নভেম্বর) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন এই দর সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) টানা ৭ দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। ওইদিন ভরিতে একলাফে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।

img

রাজনৈতিক অস্থিতিশীলতায় দেশের অর্থনীতি অনেক ভালো করতে পারিনি

প্রকাশিত :  ০৯:৪৩, ২০ নভেম্বর ২০২৬

বাংলাদেশের অর্থনীতি আরও ভালো অবস্থানে নেওয়া সম্ভব ছিল বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘দেশের অর্থনীতিতে আমরা ভালো করেছি, তবে আরও অনেক ভালো করার সুযোগ ছিল।’

সেই সুযোগ প্রধানত রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অনেক রাজনৈতিক ব্যক্তির প্রজ্ঞার অভাবে আমরা সেটি করতে পারিনি।’

সম্প্রতি দৈনিক বণিক বার্তার ‘অন্তর্দৃষ্টি’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে উপস্থাপকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় সাবেক গভর্নর দেশের অর্থনীতি, ব্যাংকিং খাত, এনবিআর সংস্কার এবং পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে খোলামেলা মন্তব্য করেছেন।

অর্থনীতির সংকট থেকে উত্তরণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হবে বলে মনে করেন সাবেক এই গভর্নর।

তিনি বলেন, ‘এটির বিকল্প নেই।’ নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘আমার সময়ে টাকা ছাপিয়ে একটি টাকাও সরকারে দেওয়া হয়নি।’ দুর্বল ব্যাংকগুলোকে নিয়ে স্থায়ী সমাধান করতে না পারলে টাকা ছাপাতে হবে বলে জানান তিনি।

তার মতে, সব সরকারি ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের আওতায় আনা জরুরি ছিল।

বাংলাদেশ ব্যাংককে পূর্ণ স্বাধীনতা দিলে আর্থিক খাতকে রাজনৈতিকীকরণ থেকে বের করে আনা সম্ভব হতো। এ ছাড়া ব্যাংকিং সংস্কারে ‘ফ্লিপ-ফ্লপ’ বা পিছিয়ে যাওয়ার নীতি পরিহার করে আইনের সঠিক বাস্তবায়ন ও ধারাবাহিকতা বজায় রাখার ওপর জোর দেন তিনি।

এনবিআর সংস্কার ও রাজস্ব প্রসঙ্গে সাবেক গভর্নর বলেন, ‘করের হার না বাড়িয়ে কর প্রশাসন সংস্কারের ওপর জোর দিতে হবে। অভ্যন্তরীণ প্রতিরোধের কারণে অতীতে অনেক সংস্কার প্রস্তাব ড্রয়ারে পড়ে থেকেছে। দ্রুত ও কঠোরভাবে এনবিআর সংস্কার না করলে অর্থনীতি স্থবির হয়ে পড়ার পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতি, নিম্ন প্রবৃদ্ধি ও বেকারত্বের দুষ্টচক্রে পড়ার ঝুঁকি রয়েছে।

বিদেশে পাচার হওয়া সম্পদ ফেরাতে টাস্কফোর্স গঠন, তথ্য সংগ্রহ ও আইনি উদ্যোগ নেওয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, ‘এখন সরকারকে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় তা এগিয়ে নিতে হবে।’ অন্যদিকে বেসরকারি খাতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ব্যবসায়িক পরিবেশ উন্নত করা এবং সরকারি-বেসরকারি খাতের পাল্টাপাল্টি দোষারোপ বন্ধ করে কাঠামোগত সংস্কারের আহ্বান জানান তিনি।

অর্থনীতি এর আরও খবর