img

ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

প্রকাশিত :  ০৫:৫২, ২৬ নভেম্বর ২০২৬

ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

সরকার ২০২৭ সালের প্রথম ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৬ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে । এতে ব্যয় হবে ৮ হাজার ১০ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা। চারটি প্যাকেজের আওতায় ডিজেল, ফার্নেস অয়েল ও অকটেন আমদানি করা হবে।

বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে এসব জ্বালানি তেল আমদানি করা হবে। এর মধ্যে তিনটি প্যাকেজের জ্বালানি তেল সরবরাহ করবে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেড। অন্য প্যাকেজে অকটেন সরবরাহ করবে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড।

জ্বালানি তেল আমদানির মধ্যে রয়েছে ১ লাখ ৫০ হাজার টন ডিজেল, ৩ লাখ ৫০ হাজার টন ফার্নেস অয়েল এবং ১ লাখ ২৫ হাজার টন অকটেন।

বিপিসির প্রস্তাব অনুযায়ী, প্যাকেজ পিজি-০৩-এর আওতায় ৬০ হাজার টন গ্যাস অয়েল বা ডিজেল আমদানিতে ব্যয় হবে ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা। প্রতি ব্যারেলে প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ১৬ দশমিক ৯৩ ডলার। এ প্যাকেজে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয়। সবকটি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়। যাচাই-বাছাই শেষে সর্বনিম্ন দরদাতা হিসেবে ট্রাফিগুরাকে নির্বাচন করা হয়েছে।

প্যাকেজ পিজি-০৪-এর আওতায় আরও ৯০ হাজার টন ডিজেল আমদানিতে ব্যয় হবে ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা। এ ক্ষেত্রে প্রতি ব্যারেলে প্রিমিয়াম ১৭ দশমিক ৪৫ ডলার। এ প্যাকেজে পাঁচটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয়। এর মধ্যে চারটি প্রতিষ্ঠানের প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হয়। সর্বনিম্ন দরদাতা হিসেবে এ প্যাকেজেও কাজ পেয়েছে ট্রাফিগুরা।

অন্যদিকে, প্যাকেজ পিজি-০৫-এর আওতায় ৩ লাখ ৫০ হাজার টন হাই সালফার ফার্নেস অয়েল আমদানিতে ব্যয় হবে ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। প্রতি ব্যারেলে প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ৬৯ দশমিক ৮২ ডলার। এ প্যাকেজে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয় এবং সব কটি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হয়। সর্বনিম্ন দরদাতা হিসেবে ফার্নেস অয়েল সরবরাহ করবে ট্রাফিগুরা।

এছাড়া প্যাকেজ পিজি-০৬-এর আওতায় ১ লাখ ২৫ হাজার টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড বা অকটেন আমদানি করা হবে। এতে ব্যয় হবে ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা। প্রতি ব্যারেলে প্রিমিয়াম ১৭ দশমিক ৩৬ ডলার। এ প্যাকেজে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয়। সব কটি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হলেও সর্বনিম্ন দরদাতা হিসেবে সরবরাহের দায়িত্ব পেয়েছে ইউনিপেক সিঙ্গাপুর।

জানা গেছে, দেশের মোট আমদানিতব্য জ্বালানি তেলের ৫০ শতাংশ সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে এবং বাকি ৫০ শতাংশ আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হয়। ২০২৭ সালের পুরো বছরে জিটুজি পদ্ধতিতে ৩৩ লাখ ৩৫ হাজার টন এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সমপরিমাণ জ্বালানি তেল আমদানির পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে আগামী বছর ৬৬ লাখ ৭০ হাজার টন জ্বালানি তেল আমদানি করবে বিপিসি।

আমদানির অনুমোদিত অর্থ বিপিসির নিজস্ব বাজেট, জ্বালানি তেল বিক্রির আয় এবং অন্যান্য উৎস থেকে ঋণের মাধ্যমে সংস্থান করা হবে। তবে আমদানি পর্যায়ে প্রযোজ্য শুল্ক, ভ্যাট ও অগ্রিম আয়কর নির্ধারিত আইন অনুযায়ী বিপিসিকে পরিশোধ করতে হবে। এসব কর ও শুল্ক অনুমোদিত ক্রয়মূল্যের অন্তর্ভুক্ত নয়। 

img

দাম বাড়ল সয়াবিন তেলের, লিটারে কত টাকা?

প্রকাশিত :  ১১:৪১, ২৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:৪৭, ২৬ নভেম্বর ২০২৬

দেশের বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি তিন টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে খোলা পাম তেলের দাম আগের মতোই লিটার প্রতি ১৬৬ টাকা রাখা হয়েছে। 

এ ছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম এক হাজার টাকা থেকে বাড়িয়ে এক হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় এবং দেশের সার্বিক সরবরাহ পরিস্থিতি বিবেচনায় এ মূল্য সমন্বয় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে দেশে ভোজ্যতেলের মজুদ, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদন এবং বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে সয়াবিন তেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল।

এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে দাম পুনর্নির্ধারণ করা হয়নি। এতে ভোজ্যতেল আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা ক্রমেই চ্যালেঞ্জিং হয়ে উঠছে।

আসন্ন পবিত্র রমজান সামনে রেখে দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজারদর এবং বর্তমান আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম পুনর্নির্ধারণের দাবি জানায় সংগঠনটি।

এদিকে বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুদ এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি ঠেকাতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অর্থনীতি এর আরও খবর