জলবায়ু বিভ্রান্তি মোকাবিলায় টাওয়ার হ্যামলেটসে সফলভাবে পালিত হলো গ্রীন উইক ২০২৬
জলবায়ু পরিবর্তন নিয়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক তথ্যভিত্তিক আলোচনা উৎসাহিত করতে টাওয়ার হ্যামলেটসে অনুষ্ঠিত হয়েছে গ্রীন উইক ২০২৬। বৃক্ষরোপণ, পোশাক বিনিময়, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা এবং পরিবেশবিষয়ক নানা কার্যক্রমে অংশ নিয়ে শত শত বাসিন্দা একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
এবারের গ্রীন উইকের প্রতিপাদ্য ছিল ‘ট্যাকলিং ক্লাইমেট মিসইনফরমেশন’ বা জলবায়ু বিষয়ক বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা। সপ্তাহব্যাপী আয়োজিত বিনামূল্যের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তন সম্পর্কে প্রশ্ন করার, বিশেষজ্ঞ ও স্থানীয় সংগঠনগুলোর কাছ থেকে শেখার এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার বাস্তব উপায় সম্পর্কে জানার সুযোগ পান।
বারাজুড়ে আয়োজিত ২৯টি অনুষ্ঠান ও কার্যক্রমে অংশ নেয় কমিউনিটি সংগঠন, পরিবেশবাদী প্রতিষ্ঠান, আইডিয়া স্টোর, শিক্ষাবিদ এবং কাউন্সিলের বিভিন্ন বিভাগ। জলবায়ু জরুরি অবস্থা বিষয়ক প্রদর্শনী, জীববৈচিত্র্য বিষয়ক সিম্পোজিয়াম, মেরামত ও বিনিময় কর্মসূচি এবং পারিবারিক কার্যক্রমে সব বয়সী মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
গ্রীন উইকের অন্যতম আকর্ষণ ছিল টাওয়ার হ্যামলেটস সাসটেইনেবিলিটি ফেয়ার, যেখানে প্রায় ২০০ জন অংশগ্রহণকারী এবং ২৫টি সংগঠন উপস্থিত ছিল। মেলায় কমিউনিটি বাগান, জীববৈচিত্র্য সংরক্ষণ, টেকসই যাতায়াত ব্যবস্থা এবং পুনর্ব্যবহার উদ্যোগসহ বিভিন্ন পরিবেশবান্ধব প্রকল্প তুলে ধরা হয়।
এছাড়া ট্রিজ ফর সিটিজ-এর সহযোগিতায় সুইডেনবর্গ গার্ডেনে ১০০টিরও বেশি গাছ রোপণ করা হয়। শিশুদের জন্য পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়ে হ্যালোউইন মাস্ক তৈরির কর্মশালা, গ্রিন স্টোরিটাইম এবং পুরোনো বই ও পোশাক বিনিময়ের মতো কার্যক্রমও ব্যাপক সাড়া ফেলে।
গ্রীন উইক শেষে পরিচালিত জরিপে দেখা যায়, ১০ জনের মধ্যে ৯ জনেরও বেশি অংশগ্রহণকারী পরিবেশগত বিষয় নিয়ে আলোচনায় নিজেদের আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী মনে করেছেন। অনেকেই কার্বন লিটারেসি প্রশিক্ষণ গ্রহণ এবং রিসাইক্লিং চ্যাম্পিয়ন হিসেবে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “গ্রীন উইক প্রমাণ করেছে যে বাসিন্দারা যখন জলবায়ু সংকট নিয়ে প্রশ্ন করার এবং বিষয়টি গভীরভাবে জানার সুযোগ পান, তখন তারা সমাধানের অংশ হতে আগ্রহী হন। জলবায়ু পরিবর্তনের মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পরিচ্ছন্ন ও সবুজ টাওয়ার হ্যামলেটস গড়তে অবদান রাখার জন্য আমি আমাদের অংশীদার, কমিউনিটি সংগঠন এবং বাসিন্দাদের ধন্যবাদ জানাই।”
এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট ইমার্জেন্সি বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলার শাফি আহমেদ বলেন, “জলবায়ু পরিবর্তন আমাদের সবাইকে প্রভাবিত করছে, কিন্তু কোন তথ্য বিশ্বাসযোগ্য এবং কোথা থেকে শুরু করতে হবে তা অনেক সময় বোঝা কঠিন। গ্রীন উইক মানুষের জন্য প্রশ্ন করার, শেখার এবং নিজেদের কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনার বাস্তব উপায় খুঁজে বের করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।”
তিনি আরও বলেন, “গাছ লাগানো থেকে শুরু করে পোশাক বিনিময়, জীববৈচিত্র্য বিষয়ক কর্মসূচি ও পারিবারিক কার্যক্রমে বাসিন্দাদের উৎসাহজনক অংশগ্রহণ প্রমাণ করেছে যে তারা টাওয়ার হ্যামলেটসের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ও সচেতন।”



















