বৈঠক ফলপ্রসূ হয়েছে

img

শিগগিরই বাংলাদেশ সফর করবেন মার্কিন বিনিয়োগকারীরা: সার্জিও গোর

প্রকাশিত :  ০৮:৩৪, ০১ আগষ্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ১০:৩৪, ০১ আগষ্ট ২০২৬

শিগগিরই বাংলাদেশ সফর করবেন মার্কিন বিনিয়োগকারীরা: সার্জিও গোর

মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা দেখছেন এবং খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের একটি বিনিয়োগকারী প্রতিনিধি দল ঢাকা সফর করবে বলে জানিয়েছেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে হওয়া বৈঠকটিকে অত্যন্ত ‘ফলপ্রসূ’ হিসেবে অভিহিত করে সার্জিও গোর সাংবাদিকদের বলেন, “মার্কিন বিনিয়োগকারীরা আগামী সপ্তাহেই বাংলাদেশ সফরে আসবেন। সেই সফরে তাঁরা বিভিন্ন খাতের সম্ভাবনা যাচাই করবেন এবং কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।” বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও অংশীদারত্ব আরও সুদৃঢ় করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।

বৈঠক পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সার্জিও গোর দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি লেখেন, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। দুই দেশের সামনে থাকা বিস্তৃত সুযোগগুলো কাজে লাগিয়ে যৌথ প্রচেষ্টার মাধ্যমে ইতিবাচক ফলাফল অর্জন সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

তিন দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে সার্জিও গোর গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান। সফরের দ্বিতীয় দিন শুক্রবার (৩১ জুলাই) তিনি কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। সেখানে তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনমান, মানবিক সহায়তার বর্তমান অবস্থা এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তিনি সরকারি কর্মকর্তা ও আন্তর্জাতিক সাহায্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বিশেষ দূতের সফরকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও চলমান দ্বিপাক্ষিক সংলাপের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। আজ শনিবার এই সফর শেষ করে তাঁর ঢাকা ত্যাগের কথা রয়েছে।


অর্থনীতি এর আরও খবর

img

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

প্রকাশিত :  ০৭:৫৩, ১৭ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই সভায় মালিকপক্ষের প্রতিনিধিদের পক্ষ থেকে শ্রমিকদের নতুন বেতন কাঠামোর প্রস্তাব উপস্থাপন করার কথা রয়েছে।

গতকাল সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর শ্রম অধিদপ্তরে বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বোর্ডের একজন সদস্য অসুস্থ হয়ে পড়ায় অনিবার্য কারণ দেখিয়ে সভাটি স্থগিত করা হয়। সভা স্থগিত হওয়ার পরপরই মালিক ও শ্রমিক—উভয় পক্ষ দ্রুততম সময়ের মধ্যে সভার নতুন তারিখ নির্ধারণের দাবি জানায়।

গত ৯ নভেম্বর অনুষ্ঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেন। ওই সভায় মালিকপক্ষ তাৎক্ষণিকভাবে তাদের প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। সে অনুযায়ী গতকালের সভায় মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা থাকলেও সভা স্থগিত হওয়ায় এখন ২৩ নভেম্বর তা উপস্থাপন করা হবে।

বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। এরপর গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় আগামী ডিসেম্বর মাস থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার ঘোষণা দেওয়া হলে শ্রমিকেরা ধীরে ধীরে কাজে ফিরতে শুরু করেন।

প্রসঙ্গত, সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল, যা ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। শ্রম আইন ও মেয়াদ অনুযায়ী, চলতি নভেম্বর মাসে বর্তমান মজুরি কাঠামোর মেয়াদ শেষ হচ্ছে। ২০২৩ সালে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।