img

প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস, জরুরি সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের

প্রকাশিত :  ০৮:০৯, ০৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৯:০৭, ০৬ অক্টোবর ২০২৬

প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস, জরুরি সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধীরগতি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির হিসাবে, ২০২৬ ও ২০২৭ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে থাকতে পারে। তবে ২০২৮ অর্থবছরে তা বেড়ে ৩ দশমিক ৯ শতাংশে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) প্রকাশিত বিশ্বব্যাংকের অক্টোবর ২০২৬-এর বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটে অর্থনীতির এ চিত্র তুলে ধরা হয়েছে। ‘মেক সাবসিডিজ অ্যান্ড সোশ্যাল প্রটেকশন ওয়ার্ক বেটার ফর দ্য পুওর’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২৭ অর্থবছরের প্রবৃদ্ধির পূর্বাভাস আগের হিসাবের তুলনায় ১ দশমিক ২ শতাংশীয় পয়েন্ট কমানো হয়েছে। একইভাবে ২০২৬ অর্থবছরের পূর্বাভাসও শূন্য দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট কমিয়েছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের মতে, ২০২৩ সাল থেকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধীরগতি দেখা যাচ্ছে। জ্বালানি ও আর্থিক খাতের দুর্বলতা, অভ্যন্তরীণ রাজস্ব আহরণে ঘাটতি এবং বৈশ্বিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে চাপ তৈরি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিনিয়োগ কার্যক্রম দুর্বল হয়েছে, রপ্তানির গতি কমেছে এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। একই সঙ্গে ব্যবসার খরচও বেড়েছে।

বিশ্বব্যাংক জানিয়েছে, আর্থিক খাতের দুর্বলতা ঋণপ্রবাহ ও বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে। সীমিত রাজস্ব সক্ষমতার কারণে সরকারি বিনিয়োগও বাধাগ্রস্ত হচ্ছে। তবে শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের উন্নতির কারণে দেশের বৈদেশিক খাত কিছুটা স্থিতিশীল রয়েছে।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের পরিচালক জ্যঁ পেসমে বলেন, অর্থনৈতিক মন্দা এড়াতে এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পথে ফিরতে ব্যাংকিং খাত, অভ্যন্তরীণ রাজস্ব আহরণ ও জ্বালানি খাতে দ্রুত ও বড় ধরনের সংস্কার প্রয়োজন।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ অর্থবছরে বাংলাদেশে দারিদ্র্য ও বৈষম্য বেড়েছে। আগের বছরের তুলনায় প্রায় ২১ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যের মধ্যে পড়েছে। একই সময়ে কর্মসংস্থান সৃষ্টি থমকে গেছে এবং নারীরা কর্মসংস্থান হারিয়েছেন।

এদিকে ব্যাংকিং খাতের দুর্বলতাও বেড়েছে। ২০২৫ সালের ডিসেম্বরের ৩০ দশমিক ৬ শতাংশ থেকে ২০২৬ সালের জুনে খেলাপি ঋণের হার বেড়ে ৩৩ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে। জিডিপির তুলনায় রাজস্ব আহরণ ৮ দশমিক ৩ শতাংশে রয়েছে, যা বিশ্বের অন্যতম সর্বনিম্ন। ২০২৬ অর্থবছরে রাজস্ব ঘাটতি বেড়ে জিডিপির ৩ দশমিক ৯ শতাংশ হয়েছে, যা আগের অর্থবছরে ছিল ৩ দশমিক ৫ শতাংশ।

বিশ্বব্যাংক বলেছে, সামাজিক সুরক্ষা কর্মসূচি, জ্বালানি ও কৃষি ভর্তুকি দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করছে। তবে সবচেয়ে দরিদ্র পরিবারগুলোর প্রায় অর্ধেকই এখনো কোনো সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় নেই।

অন্যদিকে চলতি বছরে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। ২০২৭ সালে তা কমে ৬ দশমিক ৭ শতাংশে দাঁড়াতে পারে। সংস্থাটি বলেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার এ অঞ্চলের অর্থনীতিতে নতুন প্রবৃদ্ধির সুযোগ তৈরি করতে পারে।
img

ব্যাংক পরিচালনায় আসছে বড় পরিবর্তন, পর্ষদে থাকছেন না মন্ত্রী-এমপিরা

প্রকাশিত :  ০৯:৪০, ২২ নভেম্বর ২০২৬

ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত এবং পরিচালনা পর্ষদে পারিবারিক ও রাজনৈতিক প্রভাব কমাতে ব্যাংক কোম্পানি আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত সংশোধনীতে ব্যাংক পরিচালকদের একটানা দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর নির্ধারণের কথা বলা হয়েছে। পাশাপাশি ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী, সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রতিনিধিদের অন্তর্ভুক্তির সুযোগ বন্ধ করার প্রস্তাবও রাখা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের খসড়া তৈরি করেছে। বাংলাদেশ ব্যাংকের সুপারিশের ভিত্তিতে তৈরি এই খসড়াটি অর্থমন্ত্রীর অনুমোদনের পর মন্ত্রিসভায় উপস্থাপনের কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, প্রস্তাবিত সংশোধনীর মাধ্যমে ব্যাংক পরিচালনায় রাজনৈতিক ও পারিবারিক প্রভাব কমানোর পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির ক্ষমতাও বাড়ানো হবে।

প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, কোনো ব্যক্তি একটানা ছয় বছরের বেশি একই ব্যাংকের পরিচালক থাকতে পারবেন না। ছয় বছর দায়িত্ব পালনের পর পুনরায় পরিচালক হতে চাইলে তাকে তিন বছর বিরতিতে থাকতে হবে।

বর্তমানে একজন পরিচালক সর্বোচ্চ ১২ বছর দায়িত্ব পালন করতে পারেন। ২০১৮ সালের সংশোধনীর আগে এই মেয়াদ ছিল ছয় বছর। ওই বছর তা বাড়িয়ে নয় বছর করা হয়। পরে ২০২৩ সালে আরেক দফা সংশোধনের মাধ্যমে মেয়াদ ১২ বছর করা হয়েছিল।

এছাড়া ব্যাংকের পরিচালনা পর্ষদে একই পরিবারের সদস্যদের আধিপত্য কমাতেও পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে একটি পরিবার থেকে সর্বোচ্চ তিনজন একই ব্যাংকের পরিচালক হতে পারেন। নতুন প্রস্তাবে এ সংখ্যা কমিয়ে দুজন করার কথা বলা হয়েছে।

একই পরিবারের নিয়ন্ত্রণাধীন বা স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি পরিচালক রাখার সুযোগ দুজনের পরিবর্তে একজন করার প্রস্তাব রয়েছে।

ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ২০ সদস্যের পর্ষদে অন্তত তিনজন স্বতন্ত্র পরিচালক রাখার বিধান রয়েছে। প্রস্তাব অনুযায়ী, এই সংখ্যা বাড়িয়ে চারজন করা হবে।

অন্যদিকে, ২০ জনের কম সদস্যের পর্ষদে স্বতন্ত্র পরিচালকের ন্যূনতম সংখ্যা দুজন থেকে বাড়িয়ে তিনজন করার প্রস্তাব করা হয়েছে।

স্বতন্ত্র পরিচালক নিয়োগের যোগ্যতার ক্ষেত্রেও কঠোরতা আনা হচ্ছে। প্রস্তাব অনুযায়ী, নিয়োগের আগের অন্তত তিন বছর সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংক বা ব্যাংকসংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ স্বার্থের সম্পর্ক থাকা যাবে না।

এদিকে ব্যাংক পরিচালনায় রাজনৈতিক প্রভাব কমাতে নতুন বিধান যুক্ত করার প্রস্তাব রয়েছে। এতে মন্ত্রিসভার সদস্য বা সমমর্যাদার ব্যক্তি, সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের প্রতিনিধিদের ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কিংবা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগের অযোগ্য ঘোষণার কথা বলা হয়েছে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, পরিচালনা পর্ষদ থেকে রাজনৈতিক ব্যক্তিদের দূরে থাকাই ভালো বলে তিনি মনে করেন।

অন্যদিকে ব্যাংকের মালিকানায় কৌশলগত বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতেও পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা একই পরিবারের সদস্যরা সরাসরি কিংবা পরোক্ষভাবে একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার অধিগ্রহণ করতে পারেন না।

নতুন প্রস্তাবে দেশি-বিদেশি কৌশলগত বিনিয়োগকারীদের ক্ষেত্রে এই সীমা শিথিল করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়ার কথা বলা হয়েছে। বিনিয়োগকারীদের যোগ্যতা, উপযুক্ততা ও প্রয়োজনীয় শর্ত নির্ধারণ করবে কেন্দ্রীয় ব্যাংক।

প্রস্তাবিত আইনে ব্যাংকের পরিচালক পদ হারানোর পর ঋণ পরিশোধের বিষয়েও কঠোর বিধান রাখা হয়েছে। কোনো পরিচালকের পদ শূন্য হলে সংশ্লিষ্ট ব্যাংক থেকে নেওয়া ঋণ বা অগ্রিমের সম্পূর্ণ বকেয়া পরিশোধ করতে হবে। পুনঃতফসিল কিংবা অন্য কোনো উপায়ে ঋণ নিয়মিত করার সুযোগ না রাখার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া কোনো পরিচালক টানা তিন মাসের বেশি পর্ষদ সভায় অনুপস্থিত থাকার ছুটি নিতে পারবেন না। বছরে একবারের বেশি এ ধরনের ছুটি নেওয়ার সুযোগও থাকবে না

প্রস্তাবিত সংশোধনীতে কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদ আমানতকারীদের স্বার্থের পরিপন্থী কাজ করলে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের ক্ষমতা বাড়ানোর কথা বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনে পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ গঠন করতে পারবে। নতুন পর্ষদের মেয়াদ সর্বোচ্চ তিন বছর নির্ধারণের প্রস্তাব রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও স্বতন্ত্র পরিচালকের সংখ্যা আরও বাড়িয়ে পর্ষদের ৫০ শতাংশ করার পক্ষে মত দিয়েছেন। তার মতে, দেশি-বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্যও শেয়ার কেনার সুযোগ বাড়ানো প্রয়োজন।

তবে এসব পরিবর্তন এখনো প্রস্তাবিত সংশোধনীর অংশ। মন্ত্রিসভার অনুমোদন ও পরবর্তী আইন প্রণয়নের প্রক্রিয়া শেষ হলেই এগুলো কার্যকর হবে।

অর্থনীতি এর আরও খবর