img

সাজেকে পর্যটকবাহী গাড়িবহর ছাড়ার পর গোলাগুলি, আটকা ২ হাজার পর্যটক

প্রকাশিত :  ১০:৫২, ২২ অক্টোবর ২০২৬

সাজেকে পর্যটকবাহী গাড়িবহর ছাড়ার পর গোলাগুলি, আটকা ২ হাজার পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকের উজো বাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একটি সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এ গোলাগুলি দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলছিল বলে জানিয়েছে পুলিশ। এর আগে অবরোধে আটকে পড়া প্রায় দুই হাজার পর্যটক সেনাবাহিনী ও পুলিশের পাহারায় খাগড়াছড়ির উদ্দেশে রওনা দিলেও উজো বাজার এলাকায় গিয়ে বাধার মুখে পড়েন।

রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব গোলাগুলির বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকেও একটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোলাগুলি চলছিল। এ বিষয়ে খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

পুলিশের ভাষ্য, অবরোধের কারণে সাজেকে আটকে পড়া পর্যটকদের বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় খাগড়াছড়ির উদ্দেশে পাঠানো হয়। সকাল সাড়ে ৯টার দিকে তারা উজো বাজার এলাকায় পৌঁছালে অবরোধকারীদের বাধার মুখে পড়েন। অবরোধকারীরা সড়কে অবস্থান নেওয়ায় পর্যটকবাহী গাড়িবহর এগোতে পারছিল না। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠিপেটা করলে অবরোধকারীরা সরে যান।

এরপর বেলা ১১টার দিকে পর্যটকবাহী গাড়িবহর উজো বাজার এলাকা ছাড়ে। এর প্রায় আধা ঘণ্টা পরই সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি শুরু হয়।

সাজেকে পর্যটকবাহী যানবাহনের লাইনম্যান মো. ইয়াসিন বলেন, সাধারণত সকাল সাড়ে ১০টায় সাজেক থেকে পর্যটকবাহী গাড়ি খাগড়াছড়ির উদ্দেশে ছেড়ে যায়। তবে অবরোধের কারণে বৃহস্পতিবার সকাল ৯টায় গাড়ি ছাড়তে হয়েছে। সেনাবাহিনী ও পুলিশের পাহারায় প্রায় দুই হাজার পর্যটক সাজেক ছেড়েছেন।

সাজেক পর্যটন সড়কে তৃতীয় দফায় অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। বুধবার দেওয়া এক বিজ্ঞপ্তিতে সংগঠন দুটি বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ঘোষণা দেয়। একই সঙ্গে বুধবারের মধ্যে সাজেক থেকে সব পর্যটককে চলে যাওয়ার অনুরোধ জানানো হয়।

অবরোধের পর নিরাপত্তার কারণ দেখিয়ে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে রাঙামাটি জেলা প্রশাসন। বুধবার সন্ধ্যায় জারি করা গণবিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক নাজমা আশরাফী জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বিকেল চারটার মধ্যে সবাইকে নিরাপদে সাজেক ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার সকালে সাজেক ছাড়তে শুরু করেন পর্যটকেরা। তবে বের হওয়ার পরপরই উজো বাজার এলাকায় অবরোধের মুখে পড়েন তারা।

এর আগে গত ১৫ অক্টোবর সকাল ছয়টা থেকে সাজেক পর্যটন সড়কে দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ শুরু করেন সংগঠন দুটির নেতাকর্মীরা। এ সময় সড়কের বিভিন্ন স্থানে টায়ার ও গাছের গুঁড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। গত ১১ অক্টোবরও একই দাবিতে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছিলেন অবরোধকারীরা।

তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু লারমা) সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়া।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে জেএসএস। সংগঠনটির প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, সাজেকে সাধারণ মানুষের ওপর ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের দীর্ঘদিনের নিপীড়ন ও হয়রানির বিষয়টি আড়াল করতেই এমন অভিযোগ তোলা হচ্ছে।

অবরোধ ও পর্যটনকেন্দ্র বন্ধের ঘোষণায় ক্ষতির মুখে পড়েছেন সাজেকের পর্যটন ব্যবসায়ীরা। সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সহসাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন, অবরোধের কারণে পর্যটকদের সাজেক ছেড়ে যেতে হচ্ছে। অনেকে রিসোর্টের আগাম বুকিং বাতিল করেছেন।

তিনি বলেন, সড়ক অবরোধের কারণে শুধু পর্যটক ও ব্যবসায়ীরাই নন, স্থানীয় বাসিন্দারাও ভোগান্তিতে পড়েন। খাদ্যসামগ্রী কেনাকাটা ব্যাহত হয়। একই সঙ্গে স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্য বাজারে নেওয়াও বন্ধ হয়ে যায়।


img

সাজেকে সড়ক অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি

প্রকাশিত :  ১৪:০৯, ২২ অক্টোবর ২০২৬

সড়ক অবরোধকে কেন্দ্র করে সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও একটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। জেএসএসের সন্তু গ্রুপের সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন এ অবরোধের ডাক দেয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবরোধ ভেঙে দিয়ে আটকে পড়া প্রায় আড়াই হাজারের অধিক পর্যটকদের নিরাপদে পৌঁছে দেন। এ সময় অবরোধকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, এ নিয়ে তৃতীয় দফায় সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি শুরু হয়। তবে সকাল পৌনে ৯টার দিকে সাজেকে অবস্থানকারী পর্যটকবাহী গাড়ি নিয়ে প্রায় আড়াই হাজার পর্যটক সাজেক পর্যটনকেন্দ্র ত্যাগ করেন। পরে গাড়িবহরগুলো গঙ্গারামের উজো বাজার এলাকায় পৌঁছালে সেখানে সড়কের ওপর অবরোধকারীরা অবস্থান করায় আটকে পড়েন পর্যটকরা। 

পরে অবস্থানকারীদের সড়ক থেকে সরিয়ে পর্যটকদের গাড়িবহর নিরাপদে পৌঁছে দেওয়া হয়। এ সময় অবরোধকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। 

সাজেক থানার ওসি মো. তোফাজ্জল হোসেন সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকাল ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফ অস্ত্রধারীরা গুলি বর্ষণ করে। এতে আইনশৃঙ্খলা বাহিনীও পাল্টা গুলি করলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির বিনিময় হয়। এখনো থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটছে। বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে। এছাড়া পর্যটকদের নিরাপদ গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হয়েছে।’ 

উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে গত ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল। এর আগে গত ১১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ শুরু করে সংগঠন দুটি। 


বাংলাদেশ এর আরও খবর