img

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আটক ৪ জনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ

প্রকাশিত :  ০৮:১৩, ১১ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:১৫, ১১ অক্টোবর ২০২৬

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আটক ৪ জনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

রবিবার (১১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারা হলেন আ এন এম আয়াশ (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)।

ডিসি শেখ জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে একটি মামলা হয়েছে। সেই মামলায়  তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি বলেন, মামলায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টা ও উসকানিমূলক বক্তব্যের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।

শাহবাগ থানার পুলিশ বাদী হয়ে মামলাটি করে।

এর আগে এই ঘটনায় শনিবার (১০ অক্টোবর) তাদের আটক করে শাহবাগ থানার পুলিশ।

বাংলাদেশ এর আরও খবর

img

বান্দরবানের ঘুমধুম ও বাইশফাঁড়ী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২ লাখ পিস ইয়াবাসহ ২ জন রোহিঙ্গা আটক

প্রকাশিত :  ০৫:৩৪, ১১ অক্টোবর ২০২৬

ঢাকা, ১১ অক্টোবর ২০২৬: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও বাইশফাঁড়ী সীমান্তে বিজিবির পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) জানায়, গতকাল (১০ অক্টোবর) দিবাগত রাত ৯টার দিকে ঘুমধুম বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩২ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—মোঃ ইসলাম (২৫), পিতা- মোঃ হোসেন, এফডিএমএন ক্যাম্প-০৮, ব্লক- বি/৮১ এবং মোঃ মোজিবুল্লাহ (২৩), পিতা-মোঃ জলিল, এফডিএমএন ক্যাম্প-০৮, ব্লক-বি/৭৪।

অপরদিকে, আজ (১১ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে বাইশফাঁড়ী বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩৫ থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মধ্যপাড়া নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ১,৯০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

আটক ২ জন রোহিঙ্গা নাগরিকের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সীমান্তে মাদক পাচার রোধ এবং দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে সুরক্ষিত রাখতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

-প্রেস বিজ্ঞপ্তি


বাংলাদেশ এর আরও খবর