img

কৃষককে কুপিয়ে হত্যা: তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন

প্রকাশিত :  ১১:০৬, ০৭ অক্টোবর ২০২৬

কৃষককে কুপিয়ে হত্যা: তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন

ময়মনসিংহের নান্দাইলে পূর্বশত্রুতা ও জমি নিয়ে বিরোধের জেরে কৃষক শফিকুল ইসলাম সবি হত্যা মামলায় তিন ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে ময়মনসিংহের প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মোজাম্মেল হক স্বপন, আপন মিয়া ও রিপন মিয়া। 

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- আবু বকর সিদ্দিক, কাঞ্চন মিয়া, রুবেল, পারভেজ, মোফাজ্জল হোসেন, কাশিদ, আল-আমিন, সুমন মিয়া, নয়ন মিয়া ও আসাদুল। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি নান্দাইল উপজেলার চর ভোলামরি এলাকার হযরত আলীর ছেলে কৃষক শফিকুল ইসলাম সবি স্থানীয় চর ভেলামারী চৌরাস্তা খেয়াঘাট এলাকার একটি কাপড়ের দোকানে বসেছিলেন। জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ তার ওপর হামলা চালায় এবং কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনকে আসামি করে নান্দাইল থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত প্রক্রিয়া শেষে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, জেরা ও উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন আদালত।

ময়মনসিংহ আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৩ জন আসামির মধ্যে ১১ জনের উপস্থিতিতে বিচারক এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রিপন মিয়া এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আসাদুল বর্তমানে পলাতক।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল ও আসামিপক্ষের অ্যাডভোকেট এ.কে.এম. আমানউল্লাহ বাদল।


বাংলাদেশ এর আরও খবর

img

বান্দরবানের আলীকদম সীমান্ত সুরক্ষা ও নজরদারি জোরদারে বিজিবির \'ছোট আগলা টিওবি\' উদ্বোধন

প্রকাশিত :  ১৪:৩৫, ০৭ অক্টোবর ২০২৬

ঢাকা, ০৭ অক্টোবর ২০২৬: বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি ও অপারেশনাল সক্ষমতা আরও জোরদারের লক্ষ্যে বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় নবনির্মিত \'ছোট আগলা টিওবি\' উদ্বোধন করা হয়েছে।

আজ (০৭ অক্টোবর) সকালে বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন নবনির্মিত এ টিওবিটির উদ্বোধন করেন।

বিজিবির কক্সবাজার রিজিয়ন ও রামু সেক্টরের অধীনস্থ রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) দায়িত্বপূর্ণ বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের সীমান্তবর্তী ছোট আগলা এলাকায় এই টিওবি’র নির্মাণকাজ সম্পন্ন করে। সীমান্তের নিকটবর্তী এ স্থাপনা থেকে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, সীমান্তে কার্যকর নজরদারি এবং অন্যান্য আভিযানিক কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করা সম্ভব হবে।

উদ্বোধনকালে রিজিয়ন কমান্ডার টিওবি’র দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে বিজিবি রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আনোয়ার-উল-আলম, কক্সবাজার রিজিওনের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, রামু বব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী,  সহকারী পরিচালক মোঃ কবির হোসেন এবং বিজিবির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সীমান্ত থেকে বিদ্যমান বিওপিগুলোর দূরত্বের কারণে এ এলাকায় নজরদারি ও আভিযানিক কার্যক্রম পরিচালনায় কিছুটা চ্যালেঞ্জ ছিল। নতুন টিওবি স্থাপনের ফলে সীমান্তে বিজিবির উপস্থিতি বৃদ্ধি এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা আরও জোরদার হবে। পাশাপাশি স্থানীয় জনগণের নিরাপত্তা ও আস্থাও বৃদ্ধি পাবে।

-প্রেস বিজ্ঞপ্তি


বাংলাদেশ এর আরও খবর