img

শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত :  ০৬:২৬, ০৫ নভেম্বর ২০২৬

শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, মোতায়েন করা সদস্যদের মধ্যে মিরপুরে ৩ প্লাটুন, সাভার ও আশুলিয়ায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন দায়িত্ব পালন করছেন। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা ও নিরাপত্তা কার্যক্রম জোরদারে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) ও রায়ট কন্ট্রোল ভেহিকল (আরসিভি) মোতায়েন রয়েছে।

নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর করতে ড্রোনের মাধ্যমে সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি দায়িত্ব পালনের সময় বডি ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করছেন বিজিবি সদস্যরা। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে।

শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

জননিরাপত্তা নিশ্চিত করা, শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির এ তৎপরতা অব্যাহত থাকবে।

জাতীয় এর আরও খবর

img

আ.লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়ের অনিয়ম-দুর্নীতির তথ্য চায় সংসদীয় কমিটি

প্রকাশিত :  ১৪:৩১, ০৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:৩৪, ০৫ নভেম্বর ২০২৬

বিগত আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন দপ্তরে কোনো অনিয়ম-দুর্নীতি হয়ে থাকলে, সে বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে এসব ঘটনায় গৃহীত পদক্ষেপের বিবরণ আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করেছে কমিটি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে পার্বত্য অঞ্চলে প্রত্যাগত শরণার্থী ও গুচ্ছগ্রামে বসবাসরত অ-উপজাতীয়দের রেশন কার্ড বিতরণে অনিয়ম দূর করার সুপারিশ করে কমিটি। প্রকৃত উপকারভোগীদের মধ্যে রেশন কার্ড বিতরণ নিশ্চিত করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তরের শূন্য পদ এবং এসব পদ পূরণে গৃহীত পদক্ষেপের বিস্তারিত তথ্য আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশও করেছে কমিটি।

এ ছাড়া সাজেক ইস্যুতে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্তদের বিষয়ে মন্ত্রণালয় কী কী পদক্ষেপ নিয়েছে, তা আগামী বৈঠকে জানাতে বলা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পে কর্মরত পাড়াকর্মীদের সম্মানী ভাতা বাড়ানোর সুপারিশ করেছে কমিটি। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে হ্রাসকৃত সম্মানী ভাতা সম্মানজনক হারে বাড়ানোর কথা বলা হয়েছে।

বৈঠকে চলতি অর্থবছরে মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা বাজেটের বিভাজন ও সুষম বণ্টন, খাদ্যশস্য বরাদ্দে অনিয়ম, ব্যয় পরিকল্পনা এবং বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।

আগামী ডিসেম্বর মাসে তিন পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে নিয়ে বৈঠক ও পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি।

কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁঞা’র সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু, কমিটির সদস্য মোস্তফা কামাল পাশা, দীপেন দেওয়ান, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ জহিরুল ইসলাম ও মাছুম মোস্তফা অংশ নেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় এর আরও খবর