img

মৌসুমের প্রথম শিলাবৃষ্টিতে ভিজল রাজধানী

প্রকাশিত :  ১৬:১৩, ১৩ মার্চ ২০২৬
সর্বশেষ আপডেট: ১৬:৪৩, ১৩ মার্চ ২০২৬

মৌসুমের প্রথম শিলাবৃষ্টিতে ভিজল রাজধানী

রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি শুরু হয়েছে। আজ শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টার পর এই শিলাবৃষ্টি শুরু হয়।

এদিকে দেশের বিভিন্ন এলাকায় বুধবার (১৮ মার্চ) পর্যন্ত বিচ্ছিন্নভাবে ঝড়বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদেরা বলছেন, ‘এ ঝড়বৃষ্টির পরিমাণ হয়তো বেশি হবে না। আবার দীর্ঘ সময় ধরেও থাকবে না। দেশজুড়েই যে এমনটা ঘটবে তা নয়। দেশের বিভিন্ন স্থানে, বিচ্ছিন্নভাবে তা হতে পারে।’

এমন এক সময় এই ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা এসেছে, যখন মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর বা রোজার ঈদ দরজায় কড়া নাড়ছে। ঘরে ঘরে এখন এই ঈদ উদযাপনের প্রস্তুতি, অনেকে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত। আবার অনেকে ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে যাওয়ার জন্য অধীর অপেক্ষায় আছেন।

প্রাক্‌–মৌসুমি বায়ুর এই সময়ে সাময়িকভাবে ঝড়বৃষ্টি হয়। এটাই কালবৈশাখীর সময়। এসময় হঠাৎ কোনো এলাকায় সৃষ্টি হওয়া মেঘের কারণে এসব ঝড়বৃষ্টি হয়। তা দীর্ঘস্থায়ী হয় না।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, ‘ইতোমধ্যে কালবৈশাখী শুরু হয়ে গেছে দেশের বিভিন্ন স্থানে। বুধবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এটা চলতে পারে। তবে, তা বিচ্ছিন্নভাবে হতে পারে। আসলে এ সময়ের এটাই বৈশিষ্ট্য। বিচ্ছিন্নভাবে ঝড়বৃষ্টি হয়। স্থানীয়ভাবে মেঘ সৃষ্টি হওয়ার ফলেই ঝড়বৃষ্টি হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, শনিবার (১৪ মার্চ) রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ-চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

রোববার (১৫ মার্চ) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ-চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সোম, মঙ্গল ও বুধবারও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বুধবারের পরের পাঁচদিনেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এই সময়ে ঝড়বৃষ্টি হলে কেনাকাটা থেকে শুরু করে মানুষের ঈদযাত্রায়ও বিঘ্ন ঘটতে পারে। আবার অতিরিক্ত গরম পড়লেও ভোগান্তি তৈরি হতে পারে। ঈদের আগে আগে বা ঈদের দিন বৃষ্টি হলে খোলা মাঠে ঈদের জামাত আয়োজনেও সমস্য হতে পারে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় সিলেটে ৮৩ মিলিমিটার। এ ছাড়া নেত্রকোনায় ৪৭, মৌলভীবাজারে ৩৬, দিনাজপুরে ১৮, বগুড়া ও নওগাঁয় ১২ মিলিমিটার, পঞ্চগড়ে ১১, ফেনীতে ৯, রংপুরে ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

এদিকে, দেশের বিভিন্ন স্থানে দিন দিন তাপমাত্রা বেড়ে যাচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে, ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।


img

নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশিত :  ০৭:২৬, ০২ মে ২০২৬

নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আজ শনিবার (২ মে) সকাল সাড়ে ৭টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের ইলাশপুর এলাকায় ফায়ার সার্ভিস অফিসের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার দক্ষিণ কালডোয়ার গ্রামের আয়নাল হক (৫৭) ও অজ্ঞাতনামা আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী ‘আল্লাহর দান’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা আরও এক ব্যক্তির মৃত্যু হয়।

এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সারা তাবাসসুম উর্মি, স্থানীয় বাসিন্দা মোল্লা মিয়া এবং ময়মনসিংহের ফুলপুরের মনির হোসেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর বাস ও সিএনজি চালক পালিয়ে গেছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।


বাংলাদেশ এর আরও খবর